প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে মতবিরোধের কারণে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে।
সম্মেলনটি নির্ধারিত সময়ের চেয়ে দুই দিন বেশি আলোচনা চলার পর রোববার বিশৃঙ্খল পরিস্থিতিতে শেষ হয়। জলবায়ু আন্দোলনকর্মীরা সোমবার এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
এবারের সম্মেলনের ব্যর্থতা আন্তর্জাতিক কূটনীতির সীমাবদ্ধতা আরও স্পষ্ট করে দিয়েছে, যা ক্রমেই বিভক্ত হয়ে পড়া বিশ্বকে প্রতিফলিত করে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনে জোরালো বক্তব্যে দেশগুলোকে জীবাশ্ম জ্বালানিকে ‘ডাইনোসরের যুগে পাঠিয়ে দেওয়ার’ আহ্বান জানান। কিন্তু কোনো চুক্তি না হওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।
বিদায়ী জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় সরকারগুলো যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সবাই আশা করেছিল, তা না হওয়ায় তাদের গভীর হতাশার সঙ্গে আমিও একমত।’
প্রায় ২০০টি দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করেও কপ৩১ সম্মেলনের আলোচনা-সমন্বয়ক ক্রিস বোয়েন ব্যর্থ হন। তিনি স্বীকার করেন, বিভিন্ন দেশের অবস্থান ও শর্ত ছিল, যার মধ্যে সমঝোতার কোনো সুযোগ ছিল না।
অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী বোয়েন সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্র নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। এটি হতাশাজনক। সত্যিই অত্যন্ত হতাশাজনক।’
সম্মেলন শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৪৯ ঘণ্টারও বেশি সময় পর কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম হাতুড়ি ঠুকে দীর্ঘ আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সংস্কারের দাবি জোরালো
বোয়েন বলেন, ‘আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে জটিল ও উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে’ এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বিভিন্ন দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলেছে।
সম্মেলনের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও আলোচনা ব্যর্থতার জন্য ‘কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতিকে’ দায়ী করেছেন।
ইউরোপ থেকে নেপাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত একের পর এক দুর্যোগের মধ্যে সম্মেলন থেকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখানোর চাপ ছিল। এ পরিস্থিতিতে বোয়েন এমন একটি সামগ্রিক চূড়ান্ত ঘোষণাপত্র তৈরির চেষ্টা করেছিলেন, যার মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলোর ঐক্য ধরে রাখার বিষয়টি প্রমাণ করা যায়।
কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের সময়সীমা নিয়ে পুরোনো মতবিরোধ আবারও সামনে আসায় তাঁর উদ্যোগ ভেস্তে যায়। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার গতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সৌদি আরবের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।
তেল উৎপাদনকারী দেশগুলো চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়টি উল্লেখ করতে বাধা দিলে আলোচনা কার্যত থমকে যায়।
ইইউর আবর্তনশীল সভাপতিত্বের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, ‘আমরা এমন কোনো চূড়ান্ত ঘোষণাপত্র সমর্থন করব না, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথাই উল্লেখ থাকবে না।’
তিনি আরও বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকেও আমরা মেনে নেব না।’
পানামা, ভানুয়াতু ও মার্শাল দ্বীপপুঞ্জও প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে। শেষ পর্যন্ত চুক্তির উদ্যোগ ভেস্তে যাওয়ায় কপ৩১ ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জলবায়ু আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আল গোর বলেন, ‘মুষ্টিমেয় কয়েকটি তেলসমৃদ্ধ দেশের জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ উল্লেখ করার ক্ষেত্রেও ভেটো দেওয়ার ক্ষমতা থাকা অত্যন্ত আপত্তিকর।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি আরও বলেন, অধিকাংশ দেশ আন্তরিকভাবে এগিয়ে যেতে চাইলেও কপ সম্মেলনের পুরো প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার প্রয়োজন।
প্রত্যাশা পূরণে ব্যর্থ সম্মেলন
সম্মেলনের ব্যর্থতা ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের ব্যর্থতার স্মৃতি ফিরিয়ে এনেছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বলেন, ‘আজকের সম্মেলন প্রত্যাশা পূরণে অবশ্যই ব্যর্থ হয়েছে।’
তিনি সতর্ক করে বলেন, ‘বিশ্ব আরেকটি এমন ব্যর্থতার পুনরাবৃত্তি সহ্য করতে পারবে না।’
সম্মেলনের ধীরগতির ও অকার্যকর আলোচনায় হতাশ হয়ে কয়েকটি দেশ এখন কপ সম্মেলনের বাইরে থেকেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে উদ্যোগ নিচ্ছে।
গত এপ্রিল মাসে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে প্রথমবারের মতো আয়োজিত একটি সম্মেলনে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। কপ৩১ সম্মেলনেও কয়েকটি দেশ কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধে নিজস্ব পরিকল্পনা তুলে ধরে।
সমঝোতার শেষ চেষ্টা হিসেবে সম্মেলনের সহ-আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া চূড়ান্ত ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানির বিষয়ে পরোক্ষভাবে একটি উল্লেখ রাখার চেষ্টা করে। তবে চূড়ান্ত প্রস্তাবে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি।
অন্যদিকে, কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান চূড়ান্ত চুক্তিতে বহাল থাকায় সমালোচনার মুখে পড়ে প্রস্তাবটি। এই প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ করা হয়। তবে এটি ব্যয়বহুল প্রযুক্তি এবং জীবাশ্ম জ্বালানি শিল্পের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এর ব্যবহার সম্প্রসারণের পক্ষে প্রচার চালানো হচ্ছে।
সৌদি আরবের জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, ‘আমরা মনে করি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব ধরনের সমাধানের পথই খোলা রাখা প্রয়োজন।’
জীবাশ্ম জ্বালানির বিষয়টি চূড়ান্ত চুক্তিতে স্পষ্টভাবে না থাকায় সমালোচনার মুখে পড়ে তুরস্ক ও অস্ট্রেলিয়া বিশ্ব অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের একটি লক্ষ্য নির্ধারণে সমর্থন আদায়ের চেষ্টা করে।
তাদের যুক্তি ছিল, অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ালে তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো সম্ভব হবে এবং জ্বালানি নিরাপত্তাও শক্তিশালী হবে। তবে শেষ পর্যন্ত প্রস্তাবিত ‘আন্তালিয়া চুক্তি’র সঙ্গে এ উদ্যোগও ভেস্তে যায়।
প্যারিস চুক্তির লক্ষ্য নিয়েও হতাশা
বিভিন্ন দেশ বলেছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্যারিস চুক্তির লক্ষ্যকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে।
বিজ্ঞানীদের আশঙ্কা, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণে দেশগুলো ব্যর্থ হওয়ায় আগামী কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
সম্মেলনে জলবায়ুবিষয়ক বৈজ্ঞানিক তথ্যের গুরুত্ব নিয়েও মতবিরোধ দেখা দেয়। বিশেষ করে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল (আইপিসিসি)-এর কাজ ও প্রতিবেদন নিয়ে বিতর্ক আলোচনায় ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক আলোচক কেট হিউজ বলেন, ‘চূড়ান্ত ঘোষণাপত্রের বিষয়বস্তুতে আমরা গভীরভাবে হতাশ।’
তিনি আরও বলেন, ‘এটি বৈজ্ঞানিক অগ্রগতির পরিবর্তে আমাদের পেছনের দিকে নিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যেখানে সাহসী ও সম্মিলিত উদ্যোগের কথা তুলে ধরা উচিত ছিল, সেখানে সর্বনিম্ন গ্রহণযোগ্য অবস্থানকে ভিত্তি করে প্রস্তাব তৈরি করা হয়েছে।’
বরাবরের মতো এবারের সম্মেলনেও জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বৃহৎ শিল্পোন্নত ও দূষণকারী দেশগুলোর সঙ্গে এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার ছোট ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে।
উন্নয়নশীল দেশগুলো জলবায়ু মোকাবিলায় ১২০ বিলিয়ন ডলারের অর্থায়নের একটি লক্ষ্য নির্ধারণের দাবি জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হওয়া চুক্তি থেকে সেই অর্থায়নের প্রস্তাবও বাদ পড়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন