০১:৪২ পি.এম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কর্তৃক কারণ দর্শানোর নোটিশের জবাব জমা দেওয়ার পর দলটি জানিয়েছে, তা সন্তোষজনক নয়। এর ফলে বিএনপি তার সব ধরনের পদ ও সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৪ আগস্ট, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সম্পর্কে ‘বিতর্কিত ও বিভ্রান্তিকর’ মন্তব্যের অভিযোগে ফজলুর রহমানকে নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তার অনুরোধে সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফজলুর রহমান চার পৃষ্ঠার লিখিত জবাব দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে জমা দেন। জবাবে তিনি দাবি করেন, তিনি কখনো দলের ক্ষতি হয় এমন কোনো বক্তব্য বা কাজ করেননি। বরং মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সব সময় জামায়াত-শিবিরকে ‘কালো শক্তি’ হিসেবে চিহ্নিত করে এসেছেন। তার বক্তব্য ছিল, “আমার প্রিয় দল বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ আমি করিনি এবং করবও না। দলের নেতৃত্বের বিচারের প্রতি আমার আস্থা আছে।”
আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
ফজলুর রহমান তার জবাবে ১১ দফা ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ছিল বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তির গণআন্দোলন, কিন্তু জামায়াত-শিবির ষড়যন্ত্রের মাধ্যমে সেটির ফসল কুক্ষিগত করেছে। এজন্য তিনি তাদের বিরুদ্ধে বারবার কথা বলেছেন। তার দাবি, যদি কোনো বক্তব্য ভুল হয়ে থাকে তবে সেটি অনিচ্ছাকৃত।
তবে বিএনপি কেন্দ্রীয় দফতরের একাধিক নেতা জানান, ফজলুর রহমানের ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি। যদিও তার বক্তব্যে দলের প্রতি অনুগত থাকার প্রতিশ্রুতি ছিল, বিতর্কিত মন্তব্যের যথাযথ জবাব পাওয়া যায়নি। এ কারণে তার সদস্যপদসহ সব পদ আপাতত স্থগিত করা হয়েছে।
রাজনৈতিক মহলে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকের মতে, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল, ফজলুর রহমানের বক্তব্য সেটিকে আরও স্পষ্ট করেছে।
আরও পড়ুন: ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন