প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৫১ বস্তা টাকা গণনার প্রক্রিয়া চলছে। মধ্যাহ্নবিরতি পর্যন্ত দানবক্সের টাকা গণনার ফলাফলে ১০ কোটি টাকা পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী এই তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে পাগলা মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে দিনব্যাপী চলবে টাকা গণনার কাজ। রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, এবং পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী এই গণনার কাজে অংশগ্রহণ করেছেন।
সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পাগলা মসজিদের দানবাক্সগুলো সাধারণত প্রতি তিন মাস পরপর খোলার পরিকল্পনা থাকে। তবে, অনিবার্য কারণে প্রায়ই এই সময়সূচিতে ব্যত্যয় ঘটে। এবার ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে এসব দানবাক্স। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।
এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেবার দানবাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যালঙ্কারও উদ্ধার করা হয়েছিল।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন