ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কিউবায় জ্বালানি সরবরাহে শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি


কিউবায় জ্বালানি সরবরাহে শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিউবায় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া খনিজ কোম্পানি শেরিটকে দ্বীপরাষ্ট্রটিতে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের অনুমতি দিয়েছে ওয়াশিংটন। এ তথ্য মঙ্গলবার কানাডাভিত্তিক কোম্পানিটি প্রকাশ করেছে।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

শেরিট ১৯৯০-এর দশক থেকে কিউবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেনারেল নিকেল কোম্পানি এসএর সঙ্গে যৌথ উদ্যোগে দেশটিতে নিকেল ও কোবাল্ট উত্তোলন করে আসছে।

আরও পড়ুন: সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ২

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে গত মে মাসের শুরুতে কোম্পানিটি কিউবা থেকে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। মঙ্গলবারের ঘোষণার উদ্দেশ্য হলো— দেশটির মোয়া এলাকার খনিতে ভবিষ্যতে আবার কার্যক্রম শুরুর পথ তৈরি করা।

কিন্তু কিউবা থেকে সরে যাওয়ার পরপরই নিজেদের সম্পদ বিক্রি করে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে শেরিট সরে আসে। একই সঙ্গে কোম্পানিটির ৫৫ শতাংশ শেয়ার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গিলন ক্যাপিটালের কাছে বিক্রির ব্যাপারে আলোচনা শুরু করে। চুক্তি সম্পন্ন হলে গিলন ক্যাপিটাল শেরিটের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হয়ে যাবে।

গিলন ক্যাপিটালের মালিক রে ওয়াশবার্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন অর্থায়নবিষয়ক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেরিট এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) থেকে পাওয়া ‘ফুয়েল লাইসেন্স’ বা জ্বালানি সরবরাহের অনুমতিপত্রের আওতায় মোয়া নিকেলের জন্য জ্বালানি, ফুয়েল অয়েল ও সালফার বিক্রি, পরিবহন, রপ্তানি ও সরবরাহ করা যাবে। এ-সংক্রান্ত অর্থ পরিশোধ এবং প্রয়োজনীয় অন্যান্য সেবাও এই অনুমতির আওতায় থাকবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কায় জরুরি সতর্কতা জারি

কিউবার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পরিচালনাকারী ওএফএসির সঙ্গে আলোচনাগুলো গিলন ক্যাপিটালের ঘনিষ্ঠ সমন্বয়ে হয়েছে বলেও মঙ্গলবারের বিবৃতিতে উল্লেখ করেছে শেরিট।

তবে কোম্পানিটি জানিয়েছে, মোয়া নিকেলের কার্যক্রম বাস্তবে পুনরায় চালু করার জন্য ওএফএসির কাছ থেকে দ্বিতীয় একটি জরুরি অনুমতিপত্র পেতে হবে।

গত জানুয়ারিতে কিউবার ওপর জ্বালানি অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই ব্যবস্থার আওতায় কেবল যুক্তরাষ্ট্র থেকে কিউবার বেসরকারি খাতের জন্য পাঠানো জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। তার দাবি, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

আরও পড়ুন: হঠাৎ ইসরাইলে পিট হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন এবং অর্থনৈতিক সম্ভাবনা পর্যবেক্ষণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পরিদর্শন করবেন এবং মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলও দেখবেন।

এটি প্রধানমন্ত্রীর নির্বাচনের পর প্রথম খুলনা ও মোংলা সফর। স্থানীয়দের মধ্যে তার সফর নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার হেলিকপ্টারে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শনের পর দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। এরপর তিনি কোস্টগার্ডের দ্রুতগতির নৌযানে আকরাম পয়েন্ট হয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দেবেন।

নলিয়ানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি চলছে। স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিরা বিদ্যালয় মাঠ ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দারা তাকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন।

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নলিয়ান সফর সরকারি কর্মসূচির অংশ। সেখানে স্থানীয় কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তবে তার আগমন উপলক্ষে জনপ্রতিনিধি ও প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নলিয়ান থেকে নৌপথে আকরাম পয়েন্টের উদ্দেশ্যে রওনা হবেন। দাকোপে তার কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

মোংলায় পৌঁছে প্রধানমন্ত্রী নির্ধারিত সভায় অংশ নেবেন এবং বন্দরের জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। এসব স্থাপনা ঘিরে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

মোংলা বন্দরের গুরুত্ব অপরিসীম, এটি আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ সহজ হওয়ায় বন্দরটিকে ঘিরে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে নৌপথের নাব্যতা রক্ষা, জেটি ও পণ্য ওঠানো-নামানোর সুবিধা বৃদ্ধি এবং আধুনিক বন্দরসেবা নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে, মোংলাসংলগ্ন প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে নতুন শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সুন্দরবনকেন্দ্রিক পর্যটনও এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে পরিবেশের ভারসাম্য এবং স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এদিকে, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী আবারও খুলনা সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেদিন তিনি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন।

সুন্দরবন, মোংলা বন্দর এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ আরও ত্বরান্বিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য চূড়ান্ত প্রস্তুতি এখন চলছে। ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সম্পর্কে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। সংশ্লিষ্ট বোর্ডের সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার পর ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের জন্য সারা দেশে দুই হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাফ্যাক্ট রাষ্ট্রপতির নামে বানোয়াট মন্তব্য ছড়ানো শনাক্ত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


বাংলাফ্যাক্ট রাষ্ট্রপতির নামে বানোয়াট মন্তব্য ছড়ানো শনাক্ত করেছে

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বানোয়াট ও অপপ্রচার শনাক্ত করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর "নবী-রাসূল নয়, দেব-দেবীরাই পৃথিবী থেকে অন্যায় দূর করেছেন" এমন মন্তব্য করেননি। তিনি এই ধরনের কোন কথা কোথাও বলেননি।

যাচাই করে বাংলাফ্যাক্ট দেখেছে, রাষ্ট্রপতির নামে বানোয়াট মন্তব্য ছড়ানো হচ্ছে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো এগিয়ে, ব্যালন ডি’অর ভোটিং পদ্ধতি নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


রোনালদো এগিয়ে, ব্যালন ডি’অর ভোটিং পদ্ধতি নিয়ে বিতর্ক

ব্যালন ডি’অরের ‘বোট’ ভোটে ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে লিওনেল মেসির তুলনায় অনেক এগিয়ে রয়েছে। তবে, এই ভোটের প্রক্রিয়া নিয়ে বিতর্কও শুরু হয়েছে। কারণ, এখানে টাকা দিয়ে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ফলাফল কি সত্যিকার অর্থে ন্যায্য?

‘বোট’ বলতে বোঝানো হচ্ছে ‘ব্যালন ডি’অর অব অল টাইম’। ফরাসি ব্যালন ডি’অর পুরস্কারের উদ্যোক্তারা এই ধারণাটি চালু করেছেন। এখানে কোনো খেলোয়াড়ের পুরো ক্যারিয়ারকে বিচার করা হচ্ছে না, বরং তাদের সেরা মৌসুমের উপর ভিত্তি করে বিচার করা হচ্ছে। তালিকায় শুধুমাত্র সেইসব খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ব্যালন ডি’অর অন্তত দুইবার জিতেছেন।

তালিকায় রয়েছে অনেক বিশিষ্ট নাম। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলের রোনালদো সহ রয়েছেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাউয়ার এবং আলফ্রেডো দি স্তেফানো। ভোটাররা ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে থেকে নিজেদের পছন্দের সেরাটি নির্বাচন করবেন।

এই ভোটের মূল আলোচনা কেবল তারকাদের লড়াই নিয়ে নয়, বরং ভোট দেওয়ার নিয়ম নিয়েও। প্রতিটি ভোটের জন্য এক ইউরো দিতে হয়। কেউ চাইলে একাধিকবার ভোট দিতে পারেন, তবে শর্ত হলো, প্রতিবার টাকা দিতে হবে।

আয়োজকরা জানাচ্ছেন, এই টাকা একটি অনুদান হিসেবে গণ্য হয়। এর বিনিময়ে ভোটাররা কিছু সুবিধা পেয়ে থাকেন। তারা বিখ্যাত ছবি নামাতে পারেন, ব্যালন ডি’অর কমিউনিটির সদস্য হতে পারেন এবং ২০২৭ সালের অনুষ্ঠানের টিকিট লটারিতে অংশগ্রহণের সুযোগ পান।

তবে, এই নিয়ম নিয়ে কিছু সমর্থক আপত্তি তুলেছেন। তাদের বক্তব্য হলো, একজন ব্যক্তি টাকা দিলেই নিজের পছন্দের খেলোয়াড়কে অসংখ্যবার ভোট দিতে পারেন। ভোটের সংখ্যায় কোনো সীমা না থাকলে, ফলাফল দেখাতে পারে কার টাকা বেশি। কার সমর্থন বেশি, তা বোঝা নাও যেতে পারে।

বর্তমানে রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেয়েছে ৬২ শতাংশ ভোট। অন্যদিকে, মেসির ২০২৩ সালের মৌসুম পেয়েছে ১০ শতাংশ। এই বিশাল ব্যবধান নিয়ে তুমুল বিতর্ক চলছে। তবে, কতজন ভোটার অংশ নিয়েছেন, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য নেই। মোট ভোটের সংখ্যা সম্পর্কেও জানা নেই। তাই এই হার দেখে বলা সম্ভব নয় যে রোনালদো মেসির ছয় গুণ সমর্থন পেয়েছেন।

এই ভোট ১৯৮৯ সালের ‘সুপার ব্যালন ডি’অর’ থেকে আলাদা। সে বছর পুরস্কারটি পেয়েছিলেন আলফ্রেডো দি স্তেফানো। তখন ভোট দিয়েছিলেন পাঠকেরা, আগের ব্যালন ডি’অর বিজয়ীরা এবং বিশেষজ্ঞ পরিষদ। এবারের ভোটে টাকা দিয়ে বহু ভোট দেওয়ার সুযোগ থাকায়, ফলের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্যারিস সময় ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে ভোট শেষ হবে। ফলাফল জানানো হবে ২৮ অক্টোবর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%