ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রোনালদো এগিয়ে, ব্যালন ডি’অর ভোটিং পদ্ধতি নিয়ে বিতর্ক


রোনালদো এগিয়ে, ব্যালন ডি’অর ভোটিং পদ্ধতি নিয়ে বিতর্ক

ব্যালন ডি’অরের ‘বোট’ ভোটে ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে লিওনেল মেসির তুলনায় অনেক এগিয়ে রয়েছে। তবে, এই ভোটের প্রক্রিয়া নিয়ে বিতর্কও শুরু হয়েছে। কারণ, এখানে টাকা দিয়ে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ফলাফল কি সত্যিকার অর্থে ন্যায্য?

‘বোট’ বলতে বোঝানো হচ্ছে ‘ব্যালন ডি’অর অব অল টাইম’। ফরাসি ব্যালন ডি’অর পুরস্কারের উদ্যোক্তারা এই ধারণাটি চালু করেছেন। এখানে কোনো খেলোয়াড়ের পুরো ক্যারিয়ারকে বিচার করা হচ্ছে না, বরং তাদের সেরা মৌসুমের উপর ভিত্তি করে বিচার করা হচ্ছে। তালিকায় শুধুমাত্র সেইসব খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ব্যালন ডি’অর অন্তত দুইবার জিতেছেন।

তালিকায় রয়েছে অনেক বিশিষ্ট নাম। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলের রোনালদো সহ রয়েছেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাউয়ার এবং আলফ্রেডো দি স্তেফানো। ভোটাররা ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে থেকে নিজেদের পছন্দের সেরাটি নির্বাচন করবেন।

আরও পড়ুন: আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখলেন ওয়াসিম আকরাম

এই ভোটের মূল আলোচনা কেবল তারকাদের লড়াই নিয়ে নয়, বরং ভোট দেওয়ার নিয়ম নিয়েও। প্রতিটি ভোটের জন্য এক ইউরো দিতে হয়। কেউ চাইলে একাধিকবার ভোট দিতে পারেন, তবে শর্ত হলো, প্রতিবার টাকা দিতে হবে।

আয়োজকরা জানাচ্ছেন, এই টাকা একটি অনুদান হিসেবে গণ্য হয়। এর বিনিময়ে ভোটাররা কিছু সুবিধা পেয়ে থাকেন। তারা বিখ্যাত ছবি নামাতে পারেন, ব্যালন ডি’অর কমিউনিটির সদস্য হতে পারেন এবং ২০২৭ সালের অনুষ্ঠানের টিকিট লটারিতে অংশগ্রহণের সুযোগ পান।

তবে, এই নিয়ম নিয়ে কিছু সমর্থক আপত্তি তুলেছেন। তাদের বক্তব্য হলো, একজন ব্যক্তি টাকা দিলেই নিজের পছন্দের খেলোয়াড়কে অসংখ্যবার ভোট দিতে পারেন। ভোটের সংখ্যায় কোনো সীমা না থাকলে, ফলাফল দেখাতে পারে কার টাকা বেশি। কার সমর্থন বেশি, তা বোঝা নাও যেতে পারে।

বর্তমানে রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেয়েছে ৬২ শতাংশ ভোট। অন্যদিকে, মেসির ২০২৩ সালের মৌসুম পেয়েছে ১০ শতাংশ। এই বিশাল ব্যবধান নিয়ে তুমুল বিতর্ক চলছে। তবে, কতজন ভোটার অংশ নিয়েছেন, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য নেই। মোট ভোটের সংখ্যা সম্পর্কেও জানা নেই। তাই এই হার দেখে বলা সম্ভব নয় যে রোনালদো মেসির ছয় গুণ সমর্থন পেয়েছেন।

আরও পড়ুন: আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

এই ভোট ১৯৮৯ সালের ‘সুপার ব্যালন ডি’অর’ থেকে আলাদা। সে বছর পুরস্কারটি পেয়েছিলেন আলফ্রেডো দি স্তেফানো। তখন ভোট দিয়েছিলেন পাঠকেরা, আগের ব্যালন ডি’অর বিজয়ীরা এবং বিশেষজ্ঞ পরিষদ। এবারের ভোটে টাকা দিয়ে বহু ভোট দেওয়ার সুযোগ থাকায়, ফলের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্যারিস সময় ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে ভোট শেষ হবে। ফলাফল জানানো হবে ২৮ অক্টোবর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে দুই শিশুসহ ৭ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


গাজায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে দুই শিশুসহ ৭ নিহত

গাজার উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সামরিক হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (২০ অক্টোবর) ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা কবরস্থানের কাছে ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন এবং একজন আহত হন। এছাড়া ওয়াদি গাজা এলাকায় ইসরাইলি গুলিতে একটি শিশু নিহত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের আল-কুসাইস এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় আহত একজন ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাজা শহরের দক্ষিণ-পূর্ব দিকে জেইতুন এলাকায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাজা শহরের পশ্চিমাঞ্চলে আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক বাড়িতে ইসরাইলি অ্যাটাক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে একটি দম্পতি নিহত হয় এবং তিন নারীসহ আরও চারজন আহত হন।

দক্ষিণ গাজায়ও হতাহতের খবর পাওয়া গেছে। খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় ইসরাইলি গুলিবর্ষণে একটি শিশু নিহত হয়েছে। হামাদ সিটি ও দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে সামরিক বাহিনীর গুলিবর্ষণে এক নারী ও দুই শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত নিয়মিত ঘটনা হলেও গেলো কয়েকদিনে কূটনীতিকদের ওপর হামলা নিয়ে উত্তপ্ত অঞ্চলটি। শনিবার তাইবেহর কাছে মুখোশধারী ইসরাইলি বসতি স্থাপনকারীরা বেলজিয়াম, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিকদের ওপর হামলা চালায়। তাদের গাড়ি ভেঙে ফেলা হয়।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সহিংস ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তেল আবিবের নিরাপত্তা বাহিনী ১০ জনকে গ্রেফতার করেছে।

কূটনীতিকদের ওপর হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ক্ষোভ প্রকাশ করেছে। রোববার এই জোট এক বিবৃতিতে হামলার নিন্দা জানায়। কানাডাও আলাদা বিবৃতিতে নিন্দা জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এই অগ্রহণযোগ্য হামলাটিকে বসতি স্থাপনকারীদের সহিংসতার একটি বৃহত্তর ধারার অংশ হিসেবে উল্লেখ করেন, যা ফিলিস্তিনি জনবসতিগুলোর জন্য হুমকি সৃষ্টি করছে এবং শান্তির প্রচেষ্টাকে দুর্বল করে তুলছে।

অন্যদিকে, বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলার পর রোববার জেরুজালেমে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের বাইরে সাবেক কূটনীতিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ইহুদি সন্ত্রাসবাদের অবসান দাবি করেন।

চলমান উত্তেজনার মধ্যে পশ্চিম তীরের একটি খ্রিষ্টান অধ্যুষিত গ্রাম সফর করেছেন মার্কিন কূটনীতিকরা। এসময় তারা গির্জা পরিদর্শন করেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীরা আবোল-তাবোল বলছে: খোকন তালুকদার এমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


বিরোধীরা আবোল-তাবোল বলছে: খোকন তালুকদার এমপি

মাদারীপুর, ২১ অক্টোবর, ২০২৬ : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার মন্তব্য করেছেন, বিরোধী পক্ষ ক্ষমতায় আসতে ব্যর্থ হয়ে সরকারের কার্যক্রম নিয়ে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল-তাবোল কথা বলছে। তিনি এসময় এনসিপি ও জামায়াত ইস্যুতে বিএনপি’র মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা নিয়ে কথা বলেন।

গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, ‘বিরোধীরা সরকারের কার্যক্রম নিয়ে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় আসতে না পারায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা মিডিয়ার সামনে আবোল-তাবোল কথা বলছে। যারা শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেকেই মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে তাদের মাঠে দেখা যাচ্ছে না। তিনি মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলার কথা উল্লেখ করে বলেন, ‘কোথায় এখন জামায়াত? এখন তো আর জামায়াতকে দেখা যাচ্ছে না।’

এনসিপি ও জামায়াতের ভূমিকা সম্পর্কে বিএনপি’র এই নেতা বলেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিষয়টি নিয়ে এনসিপি ও জামায়াত বিশ্লেষণ শুরু করেছে। এই বিষয়কে কেন্দ্র করে বিএনপি’র মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে বিএনপি’র সংসদ সদস্য ও মন্ত্রীরা দলীয় সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেন।

জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গে খোকন তালুকদার বলেন, ‘জামায়াতের আমির বলেছিলেন, ‘রাখ তোদের ফ্যামিলি কার্ড’। অথচ এখন ফ্যামিলি কার্ড নেয়ার জন্য জামায়াতের প্রত্যেক সংসদ সদস্যের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। কার আগে কে ফ্যামিলি কার্ড নেবেন। যারা মানুষকে দেয়া কথা রাখতে পারে না, যাদের কথার সঙ্গে কাজের মিল নেই, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডাসার উপজেলার ৪১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, পুলিশ সুপার ফজলে এলাহী, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতায় ইসরায়েলের মূলধারার দলগুলোর ঐক্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতায় ইসরায়েলের মূলধারার দলগুলোর ঐক্য

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতায় ইসরায়েলের মূলধারার রাজনৈতিক দলগুলোর অবস্থান কট্টর ডানপন্থী দলগুলোর সঙ্গে সমান্তরাল দেখা যাচ্ছে। ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার, অধিকৃত ভূখণ্ড এবং গাজায় মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিভিন্ন ভোটাভুটির বিশ্লেষণে এ চিত্র প্রকাশিত হয়েছে।

আল জাজিরার একটি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ফিলিস্তিনিদের অধিকার এবং ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত ১০টি ভোটাভুটিতে ইসরায়েলের মূলধারার রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ কট্টর ডানপন্থীদের সঙ্গে একই অবস্থান গ্রহণ করেছে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলো এসব অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে ইসরায়েলের মন্ত্রিসভার এমন অবস্থানকে সমর্থন জানানো হয়, যেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করা হয়েছিল। ওই প্রস্তাবের পক্ষে ৯৯টি ভোট পড়ে, বিপক্ষে ১১টি। একই বছরের জুলাইয়ে আরেকটি প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। এতে পক্ষে ৬৮টি এবং বিপক্ষে ৯টি ভোট পড়ে।

বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের বিদায়ী নেসেটে আরব নেতৃত্বাধীন দলগুলোর পাশাপাশি ধারাবাহিকভাবে এসব অবস্থানের বিরোধিতা করেছে মাত্র চার আসনের দল ডেমোক্র্যাটস। দুই পক্ষ মিলিয়ে তাদের আসনসংখ্যা ১২০ সদস্যের পার্লামেন্টে ১৪টি।

২০২২ সালের নভেম্বরের নির্বাচনের পর বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠিত হয়। তাঁর লিকুদ পার্টি ৩২টি আসন পায় এবং কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। জোটে বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিজম এবং ইতামার বেন-গভিরের ওতজমা ইয়েহুদিতের মতো দলও অন্তর্ভুক্ত ছিল। পার্লামেন্ট ভেঙে দেওয়ার সময় জোটের আসনসংখ্যা কমে ৬০-এ দাঁড়ায়।

ইসরায়েলের আসন্ন নির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। গাজায় যুদ্ধ এবং লেবানন ও ইরানকে ঘিরে সংঘাতের প্রেক্ষাপটে এই নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্ব এবং নীতির ওপর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে জেরুজালেম নিউজ সিন্ডিকেটের সঙ্গে কথা বলা ইসরায়েলি রাজনীতিকদের কেউই তাঁদের দলের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনের কথা জানাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের বিরোধী দলগুলোর মধ্যে ইয়েশ আতিদ, ব্লু অ্যান্ড হোয়াইট, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস অন্তর্ভুক্ত রয়েছে। বিদায়ী নেসেটে লেবার পার্টিকে অন্তর্ভুক্ত করা ডেমোক্র্যাটসই ছিল একমাত্র ইহুদি রাজনৈতিক দল, যারা প্রকাশ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছিল। অন্যদিকে, রা’আম, হাদাশ-তাআল ও বালাদের মতো আরব নেতৃত্বাধীন দলগুলো দখলদারত্বের বিরুদ্ধে অবস্থান করে আসছে। তথ্যসূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু

দেশের সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ৯ মাসের মধ্যে সাত হাজার ৯৬৩ শিশু প্রাণ হারিয়েছে। মোট মৃত্যুর মধ্যে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে নিহত হয়েছে দুই হাজার ৯৫৮ শিশু, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ১৪ শতাংশ। পথচারী হিসেবে নিহত হয়েছে দুই হাজার ৮১২ শিশু। রোড সেফটি ফাউন্ডেশন এসব মৃত্যুর জন্য সড়ক ব্যবস্থাপনার অব্যবস্থাপনা, অসচেতনতা এবং শিশুবান্ধব পরিবহনব্যবস্থার অভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এই তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে। ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

আরো পড়ুন

ফুল প্রকৃতির এক অনন্য উপহার

প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী তিন হাজার ৫৪৭ জন, যা মোট মৃত্যুর ৪৪ দশমিক ৫৪ শতাংশ। এছাড়াও, ছয় থেকে ১২ বছর বয়সী দুই হাজার ৮৮৪ এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী এক হাজার ৫৩২ শিশু নিহত হয়েছে।

সড়কের ধরন অনুযায়ী, গ্রামীণ সড়কে সবচেয়ে বেশি দুই হাজার ৭১৩ শিশুর মৃত্যু ঘটেছে। আঞ্চলিক সড়কে দুই হাজার ৮২, মহাসড়কে এক হাজার ৯৭৪ এবং শহরের সড়কে এক হাজার ১৯৪ শিশু প্রাণ হারিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া গ্রামীণ সড়কে যান চলাচলে নিয়মের যথাযথ অনুসরণ ও নজরদারির অভাব শিশুদের ঝুঁকি বাড়াচ্ছে।

পথচারী হিসেবে নিহত শিশুদের মধ্যে এক হাজার ২৭১ জন থ্রি-হুইলারের ধাক্কা বা চাপায় মারা গেছে। বিকেল সময়ে সবচেয়ে বেশি দুই হাজার ৬৩৪ শিশুর মৃত্যু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে প্রাণ হারিয়েছে দুই হাজার ৫১৩ শিশু।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী খুলনা সফরে যাবেন কাল

শিশুদের সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমানোর জন্য ছয় দফা সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে শিশুবান্ধব সড়ক ও পরিবহনব্যবস্থা গড়ে তোলা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জেলা হাসপাতালে চিকিৎসাসেবা বাড়ানো, আহত শিশুদের চিকিৎসায় বিশেষ সরকারি তহবিল গঠন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করা।

প্রতিবেদনটি বলছে, সড়ক দুর্ঘটনায় শিশুদের মৃত্যু ও পঙ্গুত্ব জাতির জন্য অপূরণীয় ক্ষতি। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%