প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্যালন ডি’অরের ‘বোট’ ভোটে ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে লিওনেল মেসির তুলনায় অনেক এগিয়ে রয়েছে। তবে, এই ভোটের প্রক্রিয়া নিয়ে বিতর্কও শুরু হয়েছে। কারণ, এখানে টাকা দিয়ে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ফলাফল কি সত্যিকার অর্থে ন্যায্য?
‘বোট’ বলতে বোঝানো হচ্ছে ‘ব্যালন ডি’অর অব অল টাইম’। ফরাসি ব্যালন ডি’অর পুরস্কারের উদ্যোক্তারা এই ধারণাটি চালু করেছেন। এখানে কোনো খেলোয়াড়ের পুরো ক্যারিয়ারকে বিচার করা হচ্ছে না, বরং তাদের সেরা মৌসুমের উপর ভিত্তি করে বিচার করা হচ্ছে। তালিকায় শুধুমাত্র সেইসব খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ব্যালন ডি’অর অন্তত দুইবার জিতেছেন।
তালিকায় রয়েছে অনেক বিশিষ্ট নাম। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলের রোনালদো সহ রয়েছেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাউয়ার এবং আলফ্রেডো দি স্তেফানো। ভোটাররা ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে থেকে নিজেদের পছন্দের সেরাটি নির্বাচন করবেন।
এই ভোটের মূল আলোচনা কেবল তারকাদের লড়াই নিয়ে নয়, বরং ভোট দেওয়ার নিয়ম নিয়েও। প্রতিটি ভোটের জন্য এক ইউরো দিতে হয়। কেউ চাইলে একাধিকবার ভোট দিতে পারেন, তবে শর্ত হলো, প্রতিবার টাকা দিতে হবে।
আয়োজকরা জানাচ্ছেন, এই টাকা একটি অনুদান হিসেবে গণ্য হয়। এর বিনিময়ে ভোটাররা কিছু সুবিধা পেয়ে থাকেন। তারা বিখ্যাত ছবি নামাতে পারেন, ব্যালন ডি’অর কমিউনিটির সদস্য হতে পারেন এবং ২০২৭ সালের অনুষ্ঠানের টিকিট লটারিতে অংশগ্রহণের সুযোগ পান।
তবে, এই নিয়ম নিয়ে কিছু সমর্থক আপত্তি তুলেছেন। তাদের বক্তব্য হলো, একজন ব্যক্তি টাকা দিলেই নিজের পছন্দের খেলোয়াড়কে অসংখ্যবার ভোট দিতে পারেন। ভোটের সংখ্যায় কোনো সীমা না থাকলে, ফলাফল দেখাতে পারে কার টাকা বেশি। কার সমর্থন বেশি, তা বোঝা নাও যেতে পারে।
বর্তমানে রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেয়েছে ৬২ শতাংশ ভোট। অন্যদিকে, মেসির ২০২৩ সালের মৌসুম পেয়েছে ১০ শতাংশ। এই বিশাল ব্যবধান নিয়ে তুমুল বিতর্ক চলছে। তবে, কতজন ভোটার অংশ নিয়েছেন, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য নেই। মোট ভোটের সংখ্যা সম্পর্কেও জানা নেই। তাই এই হার দেখে বলা সম্ভব নয় যে রোনালদো মেসির ছয় গুণ সমর্থন পেয়েছেন।
এই ভোট ১৯৮৯ সালের ‘সুপার ব্যালন ডি’অর’ থেকে আলাদা। সে বছর পুরস্কারটি পেয়েছিলেন আলফ্রেডো দি স্তেফানো। তখন ভোট দিয়েছিলেন পাঠকেরা, আগের ব্যালন ডি’অর বিজয়ীরা এবং বিশেষজ্ঞ পরিষদ। এবারের ভোটে টাকা দিয়ে বহু ভোট দেওয়ার সুযোগ থাকায়, ফলের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্যারিস সময় ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে ভোট শেষ হবে। ফলাফল জানানো হবে ২৮ অক্টোবর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন