ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি


নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি, যানবাহন পরীক্ষা, নজরদারি এবং নিরাপত্তা টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এই নির্দেশনা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে হবে। বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার পথে যাত্রী এবং সংশ্লিষ্টদের তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনের তল্লাশি বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপি এমপির সুপারিশের অভিযোগ

বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল ও নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে। অর্থাৎ, রাতে বিমান চলাচল বন্ধ থাকলেও নিরাপত্তা কার্যক্রমে কোনো বিরতি রাখা যাবে না।

নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি, ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে চায় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাবি প্রশাসন ভবনের সামনে আম্মারের তাস খেলার আসর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ওই রায়কে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার হিসেবে চিহ্নিত করে বলেন, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়া লজ্জাজনক।

প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময়। শুনানির প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তা নিয়েও আপিল বিভাগের বিচারপতিরা প্রশ্ন তুলেছেন।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে তিনজনই আপিল করেছেন এবং তাঁরা বর্তমানে কারাগারে অবস্থান করছেন।

আপিল শুনানির সময় আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে উঠে আসে যে, তাঁর বয়স মাত্র ১৩ বছর ছিল। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে সর্বোচ্চ আদালত প্রশ্ন উত্থাপন করে।

এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং পরে মামলার বিচার শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


লালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট, ১৯ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী উপহার প্রদান করেছেন।

আজ সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে, তিনি লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ তিনি দিনব্যাপী সফরে লালমনিরহাটে উপস্থিত হয়েছেন। সকাল সাড়ে ১০টায়, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

এ সফরের অংশ হিসেবে, প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।

দুপুরে, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সময়, তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর, লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে, কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে, সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হচ্ছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারটি করা হয়েছে। নাহিদের বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা অন্তর্ভুক্ত। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁদের আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার পুলিশ উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় নেওয়া হয়।

অন্যদিকে, রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টারে অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকেও পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদি সাংবাদিকদের বলেন, "নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।" তিনি আরও জানান, সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে এবং দুজনকেই আদালতে হাজির করা হবে।

নিয়াজ মেহেদি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চলমান রয়েছে। এসব অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। গ্রুপের আলোচনায় শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট প্রকাশের পর তিনি বিতর্কের মুখে পড়েন। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সহকর্মীদের প্রতিবাদের মুখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যালয় ছাড়তে বাধ্য হন তিনি। পরে ১ অক্টোবর একাডেমির পরিচালক পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

জুলাই আন্দোলন ঘিরে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় মামলা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও রয়েছে বলে একটি সূত্রে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, নুরুল ইসলাম নাহিদ ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে ঢাকাসহ সিলেটের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক সহিংসতা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলের সাগর-নদী উত্তাল, সমুদ্রে ৩ নম্বর বিপদ সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলের সাগর-নদী উত্তাল, সমুদ্রে ৩ নম্বর বিপদ সংকেত

আল-আমিন শাহরিয়ার

ভোলা (উপকূল), ১৯ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা ভোলা এবং আশেপাশের জেলাগুলোতে গুমোট আবহাওয়া এখনও বিরাজমান রয়েছে।

গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দিনভর মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

কিছু স্থানে আকাশ মেঘাচ্ছন্ন, আবার কোথাও বাতাসের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে উপকূলীয় নদী ও সাগর উত্তাল হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে দেশের ৪টি সমুদ্রবন্দরকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী বিপদ সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোলা জেলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান আজ সকাল ১০ টায় বাসসকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১শ’ ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (২০ নভেম্বর) শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল এ ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১শ’ ১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এছাড়া, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, দক্ষিণ-পূর্ব এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বিরাজ করছে।

এ অবস্থায় উপকূলীয় জেলা ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এবং নদীগামী জেলেদের ১ নম্বর হুঁশিয়ারী সংকেত জানিয়ে তাদেরকে উপকূলের তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।

ভোলার জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছেন। দুর্যোগে ক্ষতি মেটাতে এখানকার প্রশাসনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে।

আজ সকাল সাড়ে ৭ টায় ভোলার ইলিশা এলাকার মেঘনা নদী পাড় ঘুরে দেখা গেছে- গতকাল বুধবারের তুলনায় আজ নদী খুবই উত্তাল রয়েছে। পানির প্রবল ঢেউ নদীর সর্বত্র আছড়ে পড়ছে। পানি আর বাতাসের শক্তির খেলায় মেঘনার বুকে ভয়ানক বিকট শব্দ এখন আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে। নিজেদের রক্ষায় জাল, নৌকা আর ট্রলার নিয়ে জেলেরা বর্তমানে জেলার মূল ভূ-খন্ডে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

আবহাওয়ার এমন প্রতিকূল অবস্থায় উপকূলের পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের উপকূলীয় ১০টি জেলার প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় স্ব-স্ব এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%