মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৩ পি.এম
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহমালিক জুহি চাওলা এপ্রিল-মে মাসের প্রচণ্ড গরমে নয়, বরং বছরের অপেক্ষাকৃত শীতল সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, টুর্নামেন্টটি বর্তমানে বিশ্ব ক্রিকেটে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে, তাই আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে খাপ খাইয়ে চলার পরিবর্তে আইপিএলের উপযোগী করেই সূচি পুনর্বিবেচনা করা উচিত। এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদিও।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জুহি লেখেন, "বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি কেন বছরের সবচেয়ে বেশি গরমের সময়ে আয়োজন করতে হবে? সূচি যদি নতুন করে বিবেচনা করা হয়, তাহলে এপ্রিল-মের পরিবর্তে জানুয়ারিতে আয়োজনের কথা ভাবা যায় না কেন? এতে খেলার পরিবেশ ভালো হবে, ক্রিকেটের মান বাড়বে এবং সবার অভিজ্ঞতাও উন্নত হবে।"
জুহির মতে, আইপিএল এখন আর আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে নিজের জায়গা খুঁজে নেওয়ার পর্যায়ে নেই। বরং, টুর্নামেন্টটি বিশ্ব ক্রিকেটের সূচিতে প্রভাব বিস্তারের সক্ষমতা অর্জন করেছে।
ললিত মোদি তাঁর প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আইপিএল আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে আলাদা কোনো সময়সীমা বা অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মালিকানাধীন ও পরিচালিত ঘরোয়া টুর্নামেন্ট। তাই কবে আয়োজন করা হবে, সে সিদ্ধান্ত বিসিসিআই নিতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও খেলোয়াড়দের ছাড়পত্রের বিষয়গুলো সমন্বয় করতে হবে।
আইপিএলের সাবেক এই চেয়ারম্যানের মতে, বিশ্ব ক্রিকেটে টুর্নামেন্টটির অবস্থান এখন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মতো। ফুটবলে ইপিএল যেমন বিশ্বজুড়ে বাণিজ্যিক ও ক্রীড়া প্রভাব তৈরি করেছে, ক্রিকেটে আইপিএলও তেমন অবস্থানে পৌঁছেছে। তিনি উল্লেখ করেছেন যে, খেলোয়াড়দের জন্য আইপিএলের চুক্তি তাঁদের বার্ষিক আয়ের বড় অংশ হতে পারে।
আইপিএল সাধারণত মার্চ থেকে মে, কখনো জুনের শুরু পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সূচিতে পরিবর্তন আনতে হয়েছিল। এবার প্রচণ্ড গরমের বিষয়টি সামনে এনে জানুয়ারিতে আয়োজনের পাশাপাশি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত একটি পরিকল্পিত সূচির প্রস্তাব দিয়েছেন মোদি।
তাঁর মতে, সূচি পরিবর্তনের লক্ষ্য হওয়া উচিত বাণিজ্যিকভাবে টেকসই সম্প্রসারণ, খেলোয়াড়দের জন্য উন্নত পরিবেশ, সম্প্রচারস্বত্বের মূল্য বৃদ্ধি এবং ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদি আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডেরও আইপিএলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সহযোগিতামূলক অবস্থান নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
তবে আইপিএলের সূচি জানুয়ারিতে সরিয়ে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্তের কথা জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন। তিনি ব্যাংকের সমসাময়িক ব্যবসায়িক অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ব্যাংকের ভিশন ও মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, আমানত সংগ্রহ বৃদ্ধি, মানসম্মত ঋণ বিতরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির এবং এফসিএসসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সব শাখা ও উপশাখা ব্যবস্থাপকরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিও বিশ্লেষণ করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
ডিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছড়িয়ে পড়া অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে যে, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে, আমির হামজা এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই কারণে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। তিনি পোস্টে উল্লেখ করেন যে, ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।
ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে (আমির হামজার কণ্ঠ) ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
অডিওতে আরও বলতে শোনা যায়, ‘একদম হুলুস্থুল করে ফেললো বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেলো। আমি আপনাদেরকে এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে এখন কি, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই।...আপনাদের ওপর আমার কোনো রাগ ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
এদিকে, ৬ নভেম্বর বগুড়ার একটি ওয়াজ মাহফিলে আমির হামজা অভিযোগ করেন যে, তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। পরে, তার বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরাইলের রাজনীতিতে একটি নতুন মোড় এসেছে। দেশের ২৬তম নেসেটের (সংসদ) শপথগ্রহণ অনুষ্ঠান এবং সরকার গঠনের প্রক্রিয়ার প্রেক্ষাপটে গ্যাডি আইজেনকোটের (Gadi Eisenkot) নেতৃত্বাধীন রাজনৈতিক জোট গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।
জোটের সিদ্ধান্ত অনুসারে, সাবেক মন্ত্রী ও আইনপ্রণেতা মতান কাহানাধিকে (Matan Kahana) নেসেট স্পিকার পদে মনোনীত করা হয়েছে। অপরদিকে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান (Avigdor Liberman) দেশটির প্রভাবশালী বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
ইসরাইলের ২৬তম নেসেটের শপথ গ্রহণের পূর্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা ও দেনদরবারের পর এই সমঝোতা সম্পন্ন হয়েছে। আইজেনকোটের চার দলের জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৪৮টিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গত রবিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে গ্যাডি আইজেনকোটকে দায়িত্ব প্রদান করেন। আইজেনকোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পান, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বেনিয়ামিন নেতানিয়াহু ৪৬টি সমর্থন পান। বর্তমানে আইজেনকোটের সামনে সরকার গঠনের জন্য ২৮ দিনের সময়সীমা রয়েছে, যা প্রয়োজন হলে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
নতুন এই সমঝোতার অংশ হিসেবে নেসেটের অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোর জন্যও প্রার্থীরা চূড়ান্ত হয়েছেন। ট্যাহেল বা 'ইয়েশার' (Yashar) জোটের পক্ষ থেকে লিরান অভিশার বেন-হোরিনকে (Liran Avishar Ben-Horin) অর্থ কমিটির প্রধান এবং রয় ফোকম্যানকে নেসেট অ্যারেঞ্জমেন্টস কমিটির প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
বিরোধী দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির বর্তমান স্পিকার আমির ওহানাকে সরানোর চেষ্টা করছে। তবে আমির ওহানা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা আনুষ্ঠানিকভাবে দাবি জানালে তিনি উত্তরসূরি নির্বাচনের বিষয়ে এক সপ্তাহের মধ্যে বিতর্ক আহ্বান করবেন। পার্লামেন্টারি কমিটিগুলোর গঠন চূড়ান্ত করে এই সপ্তাহেই অনুমোদনের জন্য নেসেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে। সরকারি ফি জমা দেওয়ার পরেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, অতিরিক্ত অর্থ দাবি এবং গ্রাহক হয়রানির অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে, দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে অভিযানটি অনুষ্ঠিত হয়।
অভিযানের সময়, দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা বিভিন্ন নথিপত্র এবং সেবা কার্যক্রমের পর্যালোচনা করেন। সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকেও অভিযোগ শোনা হয়।
গ্রাহকদের অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। এছাড়া উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান অভিযোগগুলো অস্বীকার করে বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও সেবা কার্যক্রম চালানো হচ্ছে। অফিসের ভেতরে অতিরিক্ত অর্থ আদায় বা গ্রাহক হয়রানির সুযোগ নেই। তবে, যদি কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ