প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহমালিক জুহি চাওলা এপ্রিল-মে মাসের প্রচণ্ড গরমে নয়, বরং বছরের অপেক্ষাকৃত শীতল সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, টুর্নামেন্টটি বর্তমানে বিশ্ব ক্রিকেটে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে, তাই আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে খাপ খাইয়ে চলার পরিবর্তে আইপিএলের উপযোগী করেই সূচি পুনর্বিবেচনা করা উচিত। এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদিও।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জুহি লেখেন, "বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি কেন বছরের সবচেয়ে বেশি গরমের সময়ে আয়োজন করতে হবে? সূচি যদি নতুন করে বিবেচনা করা হয়, তাহলে এপ্রিল-মের পরিবর্তে জানুয়ারিতে আয়োজনের কথা ভাবা যায় না কেন? এতে খেলার পরিবেশ ভালো হবে, ক্রিকেটের মান বাড়বে এবং সবার অভিজ্ঞতাও উন্নত হবে।"
জুহির মতে, আইপিএল এখন আর আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে নিজের জায়গা খুঁজে নেওয়ার পর্যায়ে নেই। বরং, টুর্নামেন্টটি বিশ্ব ক্রিকেটের সূচিতে প্রভাব বিস্তারের সক্ষমতা অর্জন করেছে।
ললিত মোদি তাঁর প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আইপিএল আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে আলাদা কোনো সময়সীমা বা অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মালিকানাধীন ও পরিচালিত ঘরোয়া টুর্নামেন্ট। তাই কবে আয়োজন করা হবে, সে সিদ্ধান্ত বিসিসিআই নিতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও খেলোয়াড়দের ছাড়পত্রের বিষয়গুলো সমন্বয় করতে হবে।
আইপিএলের সাবেক এই চেয়ারম্যানের মতে, বিশ্ব ক্রিকেটে টুর্নামেন্টটির অবস্থান এখন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মতো। ফুটবলে ইপিএল যেমন বিশ্বজুড়ে বাণিজ্যিক ও ক্রীড়া প্রভাব তৈরি করেছে, ক্রিকেটে আইপিএলও তেমন অবস্থানে পৌঁছেছে। তিনি উল্লেখ করেছেন যে, খেলোয়াড়দের জন্য আইপিএলের চুক্তি তাঁদের বার্ষিক আয়ের বড় অংশ হতে পারে।
আইপিএল সাধারণত মার্চ থেকে মে, কখনো জুনের শুরু পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সূচিতে পরিবর্তন আনতে হয়েছিল। এবার প্রচণ্ড গরমের বিষয়টি সামনে এনে জানুয়ারিতে আয়োজনের পাশাপাশি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত একটি পরিকল্পিত সূচির প্রস্তাব দিয়েছেন মোদি।
তাঁর মতে, সূচি পরিবর্তনের লক্ষ্য হওয়া উচিত বাণিজ্যিকভাবে টেকসই সম্প্রসারণ, খেলোয়াড়দের জন্য উন্নত পরিবেশ, সম্প্রচারস্বত্বের মূল্য বৃদ্ধি এবং ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদি আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডেরও আইপিএলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সহযোগিতামূলক অবস্থান নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
তবে আইপিএলের সূচি জানুয়ারিতে সরিয়ে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্তের কথা জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন