মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২৩ পি.এম
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত শহর এডেন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রার কারণে চরম বিপর্যয়ের শঙ্কায় পড়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সমর্থিত বাহিনী।
গত রোববার ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ধুবাব বিমানবন্দর এবং তাদের নিয়ন্ত্রণে থাকা আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে, যাতে সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে রক্ষা করা যায়।
লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ হাসান জুনি মনে করেন, বর্তমানে চলমান লড়াইটি দক্ষিণ ইয়েমেনের একটি পার্বত্য ত্রিভুজাকার অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে, যা এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।
এই অঞ্চলটি একদিকে এডেনকে হুথিদের দ্বারা অবরুদ্ধ সরকার-নিয়ন্ত্রিত শহর তাইজের সঙ্গে যুক্ত করছে, অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেবের সঙ্গেও এর সংযোগ রয়েছে। জুনি বলেন, সামগ্রিকভাবে ইয়েমেন যুদ্ধের কৌশলগত কেন্দ্রবিন্দু এখন এই ত্রিভুজাকার এলাকা।
বিশ্লেষকরা মনে করেন, উপকূলীয় অঞ্চলে হুথিদের আসন্ন অবরোধ এড়াতে এবং এডেনের প্রতিরক্ষা জোরদার করতেই রোববার ধুবাব থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সরকারি বাহিনী হুথিদের কাছ থেকে এলাকাটি পুনর্দখল করেছিল। হাসান জুনি সতর্ক করে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথিদের এই অগ্রযাত্রা সরকারি বাহিনীর উপকূলীয় সরবরাহ পথগুলোকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি তৈরি করেছে।
যুদ্ধের পটভূমি ও সাম্প্রতিক উত্তেজনা ২০১৪ সালের সেপ্টেম্বরে ইরান-সমর্থিত জাইদি শিয়া গোষ্ঠী হুথিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেন যুদ্ধের সূচনা হয় এবং সরকার দক্ষিণের শহর এডেনে পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে ২০১৫ সালের মার্চে সরকারকে সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট হুথিদের বিরুদ্ধে হাজার হাজার বিমান হামলা শুরু করে।
কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাই মাসে একটি হুথি প্রতিনিধিদলের অবতরণ ঠেকাতে সরকারি বাহিনীর যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালালে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর সেপ্টেম্বরে হুথিদের পাল্টা অভিযানে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাসহ লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায় সরকার এবং তাইজ শহরটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।
তীব্র হচ্ছে পাল্টাপাল্টি হামলা
ধুবাব থেকে পিছু হটার বিষয়টিকে বৃহত্তর কৌশলগত পদক্ষেপ হিসেবে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় গণপ্রতিরোধ ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর বীরত্বপূর্ণ অবস্থানের অংশ হিসেবেই এই সেনা পুনর্বিন্যাস করা হয়েছে।
তবে সামরিক বিশেষজ্ঞ হাসান জুনি সরকারি বাহিনীর পরিস্থিতি বেশ নাজুক বলে মনে করছেন। তার মতে, হুথিরা ইতিমধ্যে এডেন থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে তোর আল-বাহা এলাকায় পৌঁছে গেছে, যা সরাসরি এডেনের প্রথম প্রতিরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত।
কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ আলি আল-দাহাবও সরকারের দাবির চেয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তার ভাষ্যমতে, এটি কোনো সেনা পুনর্বিন্যাস নয়, বরং স্পষ্ট পশ্চাদপসরণ—যার ফলে সৃষ্ট বিশাল শূন্যস্থান হুথিরা দ্রুত দখল করে নিচ্ছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে সরকারি বাহিনীর ‘অপারেশন ইয়েমেন ডন’-এর আওতায় ২৪ ঘণ্টার মধ্যে হুথিদের অবস্থানে ৯০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর জবাবে হুথিরাও সৌদি আরবের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ‘অবরোধের বদলে অবরোধ, বিমানবন্দরের বদলে বিমানবন্দর এবং উত্তেজনার বদলে উত্তেজনা’—এই নীতিতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
বিশেষজ্ঞ আলি আল-দাহাবের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সমুদ্র বাণিজ্যে বাব আল-মান্দেব প্রণালীর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এই উপকূলীয় অঞ্চল ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হুথিরা বড় ধরনের ভূ-রাজনৈতিক সুবিধা অর্জন করেছে, যা মূলত ইরানের স্বার্থকেই শক্তিশালী করবে। সূত্র: আল জাজিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘন্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। কারিগরি সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত সকল কাজ সম্পন্ন হলে, পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়ার পর বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে (Trial Operation) জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রশান ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী ১০ মাসের Trial Operation সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বানিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে প্রথম ইউনিট রাশান ঠিকাদারের নিকট থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে Provisional Takeover করা হবে। পরবর্তীতে, সরকারের গেজেট নোটিফিকেশন/প্রজ্ঞাপনের মাধ্যমে Operating organisation হিসেবে এনপিসিবিএল এর কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য এবং দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে, দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগও রয়েছে।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে হাইকমিশনার জানান, ফিজির জনসংখ্যা প্রায় ৯ লাখ ৩০ হাজার, যেখানে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা পূরণের জন্য দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। এ কারণে ফলমূল ও শাক-সবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের সুযোগ পাওয়া যেতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও রয়েছে।
এ ছাড়া, প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা:
বৈঠকে ফিজিতে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। হাইকমিশনার জানান, দেশটিতে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। উন্নত আয়ের আশায় ফিজির অনেক দক্ষ কর্মী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় এ চাহিদা তৈরি হয়েছে।
বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও ফিজিতে বসবাসের সুযোগ দেওয়ার বিষয়ে দেশটির ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।
এ ছাড়া, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে বিদ্যুৎ সরবরাহের এই কার্যক্রম শুরু হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হবে। পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। এসব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত সব কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেয়া হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে প্রথম ইউনিট রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রোভিশনাল টেকওভার করবে। পরবর্তীতে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী একটি মামলায় ফাহিম আহমেদ নামের ছাত্রলীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ নভেম্বর) রাতের দিকে উপজেলার বেলীব্রিজ এলাকায় তার নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কাউনিয়া থানার ওসি ফাহিম আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কাউনিয়া কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, ফাহিম আহমেদ বেলীব্রিজ এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফজলুল হক। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার কারণে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরে সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ তাকে কাউনিয়া থানায় নিয়ে যায়।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মণ্ডল জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ফাহিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ