প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত শহর এডেন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রার কারণে চরম বিপর্যয়ের শঙ্কায় পড়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সমর্থিত বাহিনী।
গত রোববার ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ধুবাব বিমানবন্দর এবং তাদের নিয়ন্ত্রণে থাকা আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে, যাতে সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে রক্ষা করা যায়।
লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ হাসান জুনি মনে করেন, বর্তমানে চলমান লড়াইটি দক্ষিণ ইয়েমেনের একটি পার্বত্য ত্রিভুজাকার অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে, যা এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।
এই অঞ্চলটি একদিকে এডেনকে হুথিদের দ্বারা অবরুদ্ধ সরকার-নিয়ন্ত্রিত শহর তাইজের সঙ্গে যুক্ত করছে, অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেবের সঙ্গেও এর সংযোগ রয়েছে। জুনি বলেন, সামগ্রিকভাবে ইয়েমেন যুদ্ধের কৌশলগত কেন্দ্রবিন্দু এখন এই ত্রিভুজাকার এলাকা।
বিশ্লেষকরা মনে করেন, উপকূলীয় অঞ্চলে হুথিদের আসন্ন অবরোধ এড়াতে এবং এডেনের প্রতিরক্ষা জোরদার করতেই রোববার ধুবাব থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সরকারি বাহিনী হুথিদের কাছ থেকে এলাকাটি পুনর্দখল করেছিল। হাসান জুনি সতর্ক করে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথিদের এই অগ্রযাত্রা সরকারি বাহিনীর উপকূলীয় সরবরাহ পথগুলোকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি তৈরি করেছে।
যুদ্ধের পটভূমি ও সাম্প্রতিক উত্তেজনা ২০১৪ সালের সেপ্টেম্বরে ইরান-সমর্থিত জাইদি শিয়া গোষ্ঠী হুথিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেন যুদ্ধের সূচনা হয় এবং সরকার দক্ষিণের শহর এডেনে পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে ২০১৫ সালের মার্চে সরকারকে সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট হুথিদের বিরুদ্ধে হাজার হাজার বিমান হামলা শুরু করে।
কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাই মাসে একটি হুথি প্রতিনিধিদলের অবতরণ ঠেকাতে সরকারি বাহিনীর যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালালে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর সেপ্টেম্বরে হুথিদের পাল্টা অভিযানে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাসহ লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায় সরকার এবং তাইজ শহরটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।
তীব্র হচ্ছে পাল্টাপাল্টি হামলা
ধুবাব থেকে পিছু হটার বিষয়টিকে বৃহত্তর কৌশলগত পদক্ষেপ হিসেবে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় গণপ্রতিরোধ ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর বীরত্বপূর্ণ অবস্থানের অংশ হিসেবেই এই সেনা পুনর্বিন্যাস করা হয়েছে।
তবে সামরিক বিশেষজ্ঞ হাসান জুনি সরকারি বাহিনীর পরিস্থিতি বেশ নাজুক বলে মনে করছেন। তার মতে, হুথিরা ইতিমধ্যে এডেন থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে তোর আল-বাহা এলাকায় পৌঁছে গেছে, যা সরাসরি এডেনের প্রথম প্রতিরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত।
কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ আলি আল-দাহাবও সরকারের দাবির চেয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তার ভাষ্যমতে, এটি কোনো সেনা পুনর্বিন্যাস নয়, বরং স্পষ্ট পশ্চাদপসরণ—যার ফলে সৃষ্ট বিশাল শূন্যস্থান হুথিরা দ্রুত দখল করে নিচ্ছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে সরকারি বাহিনীর ‘অপারেশন ইয়েমেন ডন’-এর আওতায় ২৪ ঘণ্টার মধ্যে হুথিদের অবস্থানে ৯০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর জবাবে হুথিরাও সৌদি আরবের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ‘অবরোধের বদলে অবরোধ, বিমানবন্দরের বদলে বিমানবন্দর এবং উত্তেজনার বদলে উত্তেজনা’—এই নীতিতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
বিশেষজ্ঞ আলি আল-দাহাবের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সমুদ্র বাণিজ্যে বাব আল-মান্দেব প্রণালীর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এই উপকূলীয় অঞ্চল ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হুথিরা বড় ধরনের ভূ-রাজনৈতিক সুবিধা অর্জন করেছে, যা মূলত ইরানের স্বার্থকেই শক্তিশালী করবে। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন