ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা পরিস্থিতিকে জটিল করছে: বিপ্লবী কমিউনিস্ট লীগ


আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা পরিস্থিতিকে জটিল করছে: বিপ্লবী কমিউনিস্ট লীগ

বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ শুক্রবার (১৯ ডিসেম্বর) পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

একইসাথে তিনি খুনী সন্ত্রাসীদের গ্রেফতারে সরকারের অস্বচ্ছ ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে সন্ত্রাসীরা মাথায় গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদির মৃত্যুর দায় সরকার কোনভাবেই অস্বীকার করতে পারে না। বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই অন্তর্বর্তী সরকার সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বরং বিপরীত দিকে হেঁটে দেশকে অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

বিবৃতিতে তিনি গতকাল রাতে নির্ভীক সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের উপর হামলা এবং প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভবন সহ দেশব্যাপী বিভিন্ন স্থাপনায় ভাংচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

বিবৃতিতে তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্বহীন বক্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে ব্যর্থতার কারণে বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে পদত্যাগের দাবি উঠলেও তিনি পদত্যাগ করেননি। সরকারও এব্যাপারে নির্বিকার- যা প্রশ্নবিদ্ধ। কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, '২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা ভোটাধিকারসহ জনগণের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করতে চায়, দেশি-বিদেশি স্বার্থান্বেষী সেই মহল হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।'

ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনকেও তারা বাধাগ্রস্থ করতে চায়। বিবৃতিতে তিনি বর্তমান অবস্থায় দেশে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার সাথে জড়িতদের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষসহ গণতান্ত্রিক ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ শরীফ ওসমান হাদির জানাজা আজ জাতীয় সংসদ ভবনে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


শহীদ শরীফ ওসমান হাদির জানাজা আজ জাতীয় সংসদ ভবনে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণকারী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরে এসেছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে উক্ত ফ্লাইটটি অবতরণ করে। এর আগে, বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি বের করা হয়।

হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। কফিন বহনকারী গাড়িটি বের হওয়ার সময় সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে তার বড় ভাই আবু বকর এসেছেন। কফিন বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, “হাদির মরদেহ এখানে রাখার বিষয়ে আমাদের জানানো হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ রাখার সিদ্ধান্তের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার আয়োজন করা হয়েছে। এ কারণে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কর্মসূচি পরিবর্তন করে শনিবার নেওয়া হবে। সংগঠনটি আরও জানিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের জন্য কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হাদির মৃত্যুতে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ সৈকত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ সৈকত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা-ডাকাতিসহ ২৩ মামলার আসামি হিসেবে পরিচিত সৈকতকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সৈকত লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। তার সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকত গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের পুত্র। গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে জহিরুল ইসলাম জয় (২৬) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। সৈকত ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এবং ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, সৈকত পূর্বে গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা, মান্নান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা এবং একাধিক গুরুতর অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর, র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন হোগলাকান্দিতে তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত সৈকতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পথে বড় একটি পদক্ষেপ নিয়েছেন প্রায় ১৮ বছর পর। বাংলাদেশ হাইকমিশন, লন্ডন থেকে ট্রাভেল পাস গ্রহণের মাধ্যমে তার দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।” এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়।

বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন তারেক রহমান। পরদিনই তার আবেদন নিষ্পত্তি করে তাকে ট্রাভেল পাস প্রদান করা হয়। রাজনৈতিক কারণে দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করায় মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর বাংলাদেশি পাসপোর্ট পাননি। বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরার জন্য ট্রাভেল পাসই ছিল একমাত্র উপায়।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান মেয়ে জাইমাকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তার বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে তাকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যর্থনার স্থান নির্ধারণের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

সম্ভাব্য জনসমাগম সম্পর্কে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তিনি জানান, নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভের আবেদন করা হয়েছে।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। এরপর ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে চলে যান। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এবার দেশে ফেরার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রবল আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে।

এদিকে, একই দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আশাব্যঞ্জক তথ্য দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এক মাসের চিকিৎসার পর এখন উনার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল।” তিনি জানান, ওইদিন খালেদা জিয়ার একটি ছোট প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও শরিফ ওসমান হাদির মাগফিরাতের জন্য দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও শরিফ ওসমান হাদির মাগফিরাতের জন্য দোয়া

বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার কড়িহাতার মাটিকাটা ও তরগাঁও ইউনিয়নের সরসপুর বেপারী বাড়ির আঙ্গিনায় এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান।

কড়িহাতা ইউনিয়নের মাটিকাটা ৮ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম কাজল। এ সময় উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুতফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এবং কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, অ্যাডভোকেট আলমাস উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, গিয়াসউদ্দিন মেম্বার প্রমুখ।

উপজেলার তরগাঁও ইউনিয়নের সরসপুর বেপারী বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান মতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। গাজীপুর জেলা জজ আদালতের আইনজীবী মোঃ আবু তাহের নয়নের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল আমিন তুহিন, ডাঃ নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ সারোয়ার, অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এবং কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ।

এ সময় বিগত আওয়ামী দুঃশাসনে কারা নির্যাতনের শিকার শরিফ, মাসুদ, শাহজাহান এবং নাজমুল ইসলাম হৃদয়কে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দোয়া অনুষ্ঠানে বৃহত্তর সরসপুর গ্রামের বেপারী বাড়ির বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আচরণবিধি মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য শাহ রিয়াজুল হান্নান আহ্বান জানান। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে সহনশীল ও সহাবস্থান বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, "আমার পরিবার বংশ পরম্পরায় কাপাসিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমার দাদা প্রাক্তন মন্ত্রী প্রয়াত ফকির আব্দুল মান্নান, পিতা সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার হান্নান শাহ্ আপনাদের সাথে নিয়েই কাপাসিয়ার সার্বিক উন্নয়নে আজীবন চেষ্টা করেছেন। পিতার স্বপ্নের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ গুলো যেন আপনাদের পরামর্শ অনুযায়ী সমাপ্ত করতে পারি, এরজন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।"

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ব্যাপারী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%