প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পথে বড় একটি পদক্ষেপ নিয়েছেন প্রায় ১৮ বছর পর। বাংলাদেশ হাইকমিশন, লন্ডন থেকে ট্রাভেল পাস গ্রহণের মাধ্যমে তার দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।” এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়।
বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন তারেক রহমান। পরদিনই তার আবেদন নিষ্পত্তি করে তাকে ট্রাভেল পাস প্রদান করা হয়। রাজনৈতিক কারণে দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করায় মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর বাংলাদেশি পাসপোর্ট পাননি। বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরার জন্য ট্রাভেল পাসই ছিল একমাত্র উপায়।
বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান মেয়ে জাইমাকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তার বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে তাকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যর্থনার স্থান নির্ধারণের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
সম্ভাব্য জনসমাগম সম্পর্কে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তিনি জানান, নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভের আবেদন করা হয়েছে।
২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। এরপর ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে চলে যান। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এবার দেশে ফেরার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রবল আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে।
এদিকে, একই দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আশাব্যঞ্জক তথ্য দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এক মাসের চিকিৎসার পর এখন উনার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল।” তিনি জানান, ওইদিন খালেদা জিয়ার একটি ছোট প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন