ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ


পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা কার্যক্রম নিষিদ্ধ।

এই ঘটনা ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায়। এতে ভবনের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত কাজি আলমগীরের বাড়িতে হামলা চালায়, যা কার্যক্রম নিষিদ্ধ।

আরও পড়ুন: আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

এ সময় তারা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যে আগুন ও হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই ভবনে কেউ বসবাস করতেন না। কাজি আলমগীরের এক নিকটাত্মীয় জানিয়েছেন, বাসাটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকত।

এ ঘটনায় কারা জড়িত, কী কারণে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


পঞ্চগড়ে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমাগত কমছে। শীতের দাপট বাড়ছে। উত্তর সীমান্তের এই জেলায় ভোর ও রাতের বেলা তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল হলেই ঘাসের ওপর শিশির জমছে এবং বইছে হিমেল বাতাস। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলায় রোদের উপস্থিতি থাকলেও সন্ধ্যা নামার পর শীতের অনুভূতি বাড়তে থাকে। তাপমাত্রা কমতে থাকায় স্থানীয়রা আগাম শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন। আলমারি থেকে বের হচ্ছে দীর্ঘদিন তুলে রাখা সোয়েটার, জ্যাকেটসহ শীতের গরম কাপড়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি কমেছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবারে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর আবহাওয়া বদলে যাচ্ছে। রাতের বেলা লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ভোরে বাইরে বের হলে শীত অনুভূত হচ্ছে।

গলেহাহাট এলাকার বাসিন্দা রমিস উদ্দিন বলেন, "দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠাণ্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।"

আরেক বাসিন্দা বলেন, "কয়েক দিন আগেও রাতে এত ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলে শীত লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।"

আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এই সময়ে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান থাকায় দিনের বেলায় তুলনামূলক উষ্ণতা থাকলেও ভোর ও রাতে শীত বেশি অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, "আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল রূপ নিয়েছে, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল রূপ নিয়েছে, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এখন আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে এবং বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য প্রকাশ করেছে। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত বাড়িয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই থাকতে পারে।

বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে পরবর্তী দিনগুলোতে বৃষ্টির বিস্তৃতি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। শুক্রবারও দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমলেও অন্যান্য এলাকায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী সময়ে বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। এ সময় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রামগতিতে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে কক্সবাজারে ৬ মিলিমিটার এবং কুতুবদিয়ায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় যুদ্ধবিরতির পর নতুন স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


গাজায় যুদ্ধবিরতির পর নতুন স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

যুদ্ধবিরতির প্রায় ১৩ মাস পর গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নতুনভাবে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বুধবার (১৮ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকায় সামরিক অভিযান চলছে। নুসেইরাত শরণার্থীশিবিরের পূর্বদিকে ইসরায়েলি ট্যাংক অবস্থান নিতে দেখেছেন বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক।

বুধবার মধ্য গাজার নুসেইরাত ও বুরেইজ শরণার্থীশিবিরের আশপাশে এ অভিযান শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েলো লাইনের পশ্চিমে একটি সুড়ঙ্গ ধ্বংস করতে সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তাদের দাবি, সুড়ঙ্গটি ইসরায়েলি সেনাদের জন্য তাৎক্ষণিক এবং সরাসরি হুমকি তৈরি করেছিল।

ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় হামাসের অবকাঠামো বিদ্যমান। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত ইয়েলো লাইন ইসরায়েলি ও হামাস-নিয়ন্ত্রিত এলাকার মধ্যে সীমারেখা হিসেবে কাজ করছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, তারা গাজার ৬০ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে।

গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। দুপুর থেকে ওই এলাকায় গোলাগুলি এবং বিমান হামলার পাশাপাশি সামরিক যান চলাচলও দেখা গেছে। অভিযান চলাকালে গাজার প্রধান উত্তর-দক্ষিণ সড়ক সালাহ আল-দিন সড়কের সংশ্লিষ্ট অংশ বন্ধ রাখার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বেসামরিক নাগরিকদের ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে বুধবার গাজায় ইসরায়েলি ড্রোনের পৃথক তিনটি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। নিহতদের একজন নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে, একজন গাজা সিটিতে এবং অন্যজন দেইর আল-বালাহর একটি পুলিশ স্টেশনের বাইরে নিহত হন। এসব হামলার সঙ্গে স্থল অভিযানের সরাসরি সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, প্রথম দুটি হামলায় তারা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্যবস্তু করেছিল। তৃতীয় হামলার বিষয়ে তাদের জানা নেই।

অভিযানের কারণে নুসেইরাত ও বুরেইজ এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি হয়েছে। বুরেইজ শরণার্থীশিবিরের একজন বাসিন্দা এএফপিকে বলেন, গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আরেক বাসিন্দা আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি বড় ধরনের অভিযানের সূচনা হতে পারে এবং তাঁদের আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে হতে পারে।

হামাস ইসরায়েলের এ অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, ইসরায়েল চুক্তির শর্ত মানছে না। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই তারা অভিযান চালাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। দুই বছর ধরে চলা যুদ্ধের সময় উপত্যকাটির ২১ লাখ বাসিন্দার অধিকাংশই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে প্রাণহানি ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে প্রফেসর ইউনূসের বাড়িতে নিষিদ্ধ লীগ সন্ত্রাসীদের পেট্রল বোমা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


চট্টগ্রামে প্রফেসর ইউনূসের বাড়িতে নিষিদ্ধ লীগ সন্ত্রাসীদের পেট্রল বোমা নিক্ষেপ

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় সন্ত্রাসী হামলার পর, এবার চট্টগ্রাম নগরীর পারিবারিক বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা। ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের বাড়িটি পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত। বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বাড়ির সামনে থাকা আবর্জনায় আগুন ধরে যায়, যা পরে টহল পুলিশের সদস্যরাই নিভিয়ে ফেলে।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, চারতলা বাড়িটির পূর্বপাশের নিচতলার ওই অংশে গত ১০-১৫ বছর ধরে কেউ বসবাস করেন না। বাড়ির লোকজনও সেখানে যান না। রাতে সেখানে জমে থাকা পুরনো ফার্নিচার ও কাপড় চোপড়ে কীভাবে আগুন লেগে যায়, তা তদন্ত করা হচ্ছে। টহল দলের পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে গিয়ে তা নিভিয়ে ফেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলায় পিছনের দিকের অংশে আগুন জ্বলছে। একটি রিকশার যাত্রী ভিডিওটি ধারণ করেন। নিচতলায় আগুন জ্বলার সময় সামনের ফুটপাতে দাঁড়িয়ে তা দেখছিলেন তিনি, এবং তখন বৃষ্টি হচ্ছিল। স্থানীয়রা জানান, গত শতকের ষাটের দশকে মুহাম্মদ ইউনূসের বাবা বাড়িটি নির্মাণ করেছিলেন।

বাড়ির পূর্ব পাশের নিচতলার ওই অংশটি পরিত্যক্ত। পুরো বাড়ির চারপাশে সীমানা দেয়াল থাকলেও, এই অংশটি টিন দিয়ে ঘেরা। সেখানে বাড়ির সামনের খালি জায়গায় ঝোপঝাড় হয়ে আছে। সন্ত্রাসীরা ওই অংশ দিয়ে বোমা ছুড়ে মারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%