প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুদ্ধবিরতির প্রায় ১৩ মাস পর গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নতুনভাবে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বুধবার (১৮ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকায় সামরিক অভিযান চলছে। নুসেইরাত শরণার্থীশিবিরের পূর্বদিকে ইসরায়েলি ট্যাংক অবস্থান নিতে দেখেছেন বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক।
বুধবার মধ্য গাজার নুসেইরাত ও বুরেইজ শরণার্থীশিবিরের আশপাশে এ অভিযান শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েলো লাইনের পশ্চিমে একটি সুড়ঙ্গ ধ্বংস করতে সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তাদের দাবি, সুড়ঙ্গটি ইসরায়েলি সেনাদের জন্য তাৎক্ষণিক এবং সরাসরি হুমকি তৈরি করেছিল।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় হামাসের অবকাঠামো বিদ্যমান। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত ইয়েলো লাইন ইসরায়েলি ও হামাস-নিয়ন্ত্রিত এলাকার মধ্যে সীমারেখা হিসেবে কাজ করছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, তারা গাজার ৬০ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে।
গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। দুপুর থেকে ওই এলাকায় গোলাগুলি এবং বিমান হামলার পাশাপাশি সামরিক যান চলাচলও দেখা গেছে। অভিযান চলাকালে গাজার প্রধান উত্তর-দক্ষিণ সড়ক সালাহ আল-দিন সড়কের সংশ্লিষ্ট অংশ বন্ধ রাখার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বেসামরিক নাগরিকদের ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে বুধবার গাজায় ইসরায়েলি ড্রোনের পৃথক তিনটি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। নিহতদের একজন নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে, একজন গাজা সিটিতে এবং অন্যজন দেইর আল-বালাহর একটি পুলিশ স্টেশনের বাইরে নিহত হন। এসব হামলার সঙ্গে স্থল অভিযানের সরাসরি সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, প্রথম দুটি হামলায় তারা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্যবস্তু করেছিল। তৃতীয় হামলার বিষয়ে তাদের জানা নেই।
অভিযানের কারণে নুসেইরাত ও বুরেইজ এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি হয়েছে। বুরেইজ শরণার্থীশিবিরের একজন বাসিন্দা এএফপিকে বলেন, গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আরেক বাসিন্দা আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি বড় ধরনের অভিযানের সূচনা হতে পারে এবং তাঁদের আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে হতে পারে।
হামাস ইসরায়েলের এ অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, ইসরায়েল চুক্তির শর্ত মানছে না। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই তারা অভিযান চালাচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। দুই বছর ধরে চলা যুদ্ধের সময় উপত্যকাটির ২১ লাখ বাসিন্দার অধিকাংশই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে প্রাণহানি ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন