প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী শিশু তাইবা ইলহাম নুহার মৃত্যু স্বাভাবিকভাবে ঘটেনি, বরং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। তবে, ঘটনার আট দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এ পর্যন্ত এর সঙ্গে জড়িত কাউকেও শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে নিহত শিশুটির পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুরে একটি নির্মাণাধীন ঘরের পাশে শিশু নুহার লাশ উদ্ধার করা হয়। তার আগে, বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে যাওয়ার সময় সে নিখোঁজ হয়ে যায়। লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা যায়, যা স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের কন্যা। সে মহতাপুর গ্রামের মহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ পায়। চিকিৎসকদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধের মাধ্যমে নুহাকে হত্যা করা হয়েছে।
নিহত নুহার চাচা সুজন জানান, ঘটনার আট দিন পরেও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলেছি এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি হত্যাকাণ্ড। আমরা সেদিনই থানায় হত্যা মামলা দায়ের করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ সেদিন এটিকে অপমৃত্যু মামলা হিসেবে নিয়েছে। আজ আমাদের নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলেছে।’
নুহার মা নাসরিন আক্তার মৌসুমি বলেন, ‘লাশ উদ্ধারের পর নুহার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। গলার, ঠোঁটের, মুখের এবং পিঠে ফোলা দাগ দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী যতবারই আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা সব তথ্য দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ময়নাতদন্তকারী এক চিকিৎসক জানান, নুহার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমরা ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে গলায় শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে।
এর আগে গত ১১ নভেম্বর (বুধবার) বিকেলে ছয়ানী উন্নয়ন ফোরামের আয়োজনে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু নুহা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন