ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেনজেনে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন


শেনজেনে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন

চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার এপেক সম্মেলনের সময় একটি অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন দুই রাষ্ট্রপ্রধান।

বৈঠকের শুরুতে ট্রাম্প মন্তব্য করেন, ‘বহু বছর ধরে আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক। আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে চিনি। আমার মনে হয়, এই বৈঠক থেকে অনেক ইতিবাচক কিছু আসতে পারে, অন্তত নতুন কিছুর সূচনা হতে পারে।’

আরও পড়ুন: আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ

হোয়াইট হাউসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতেও দেখা যায়।

এছাড়া, হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্সের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’

এদিকে, চীনের শেনঝেনে অনুষ্ঠিত ট্রাম্প-শি-পুতিন বৈঠক নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ দেখা দিয়েছে। বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে তিন দেশের নেতাদের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, এপেক সম্মেলনের প্রথম দিনে পশ্চিমাদের সমালোচনায় মুখর হন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট শি এবং পুতিন।

এপেকের ব্যবসায়ী সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান গ্রহণ করেন। তিনি পশ্চিমাদের বাণিজ্যনীতি সুরক্ষাবাদ এবং একতরফা পদক্ষেপের বিরুদ্ধে চীন দাঁড়াবে বলেও জানান।

আরও পড়ুন: জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্যের অভাব নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় ৭ জনকে কারাগারে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় ৭ জনকে কারাগারে প্রেরণ

কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) থানার আইনি কার্যক্রম শেষে দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের মো. সুরুজ মিয়া (৭০), একই ইউনিয়নের নৈরপাড় গ্রামের আমির হোসেন (৫৪), উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের মাঈন উদ্দিন (৩৮), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিনই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়াকুব (২০), জামাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯), কোমারডোগা গ্রামের মোবারক আলীর ছেলে রবিউল হোসেন (১৯) এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে জিহাদ হোসেন (২৬)।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারকৃতদের বিষয়ে নিশ্চিত করে বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

লাকসাম, কুমিল্লা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ মাসের মধ্যে ডলারের দাম সর্বোচ্চ, বাজারে উদ্বেগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


১৯ মাসের মধ্যে ডলারের দাম সর্বোচ্চ, বাজারে উদ্বেগ বাড়ছে

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে বৃহস্পতিবার মার্কিন ডলার শক্তিশালী অবস্থানে রয়েছে। এশিয়ার বাজারে ডলারের সূচক প্রায় ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে, কর্মসংস্থানের দুর্বল পরিসংখ্যান প্রকাশের পর অস্ট্রেলীয় ডলারের দাম ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বৃহস্পতিবার অস্ট্রেলীয় ডলারের দাম ০.৬৬৯২ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা গত জানুয়ারির পর সর্বনিম্ন। দেশটিতে অক্টোবরে টানা দ্বিতীয় মাসের মতো কর্মসংস্থান কমেছে। একই সময়ে বেকারত্বের হার বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ধারণা তৈরি হয়েছে যে, অস্ট্রেলিয়ায় সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া আপাতত শেষ হয়ে যেতে পারে।

শক্তিশালী ডলারের প্রভাবে ইউরোর দামও ২০২৫ সালের এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সর্বশেষ প্রতি ইউরোর বিনিময়মূল্য ছিল ১.০৯৭৭ ডলার। ব্রিটিশ পাউন্ডের দামও এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, প্রতি পাউন্ডের দাম ১.৩১৫২ ডলার। অন্যদিকে, জাপানি ইয়েনের দাম খুব একটা পরিবর্তিত হয়নি। প্রতি ডলারের বিপরীতে ইয়েনের বিনিময়মূল্য ছিল ১৫৯.৩৯, যা বহুল আলোচিত ১৬০-এর স্তরের কাছাকাছি।

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের পেছনে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত মূল ভূমিকা পালন করছে। বুধবার প্রকাশিত ফেডের ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে দেখা যায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলে কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তবে আপাতত সুদের হার অপরিবর্তিত রাখার বিষয়ে তারা একমত হয়েছিলেন।

ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারও সুদের হার বৃদ্ধির পক্ষে অবস্থান জানিয়েছেন। তার মতে, ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের উচিত সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো অথবা ২০২৭ সালে আরও দ্রুত হারে সুদের হার বাড়ানোর সংকেত দেওয়া।

প্রযুক্তি খাতের শেয়ারবাজারে দুর্বলতা দেখা দিলেও ফেডের কঠোর অবস্থানের কারণে ডলারের শক্তি বজায় রয়েছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম রাতারাতি কমেছে। যদিও প্রতিষ্ঠানটি আয় ও ভবিষ্যৎ ব্যবসায়িক পূর্বাভাসে ভালো ফল দেখিয়েছে। তবে সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের আকস্মিক প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘটনায় তৈরি অনিশ্চয়তা প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তিনি পদ ছাড়েন।

ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকেরা বলেছেন, ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রযুক্তি খাতের শেয়ারবাজারের দুর্বলতাকে এখন পর্যন্ত ছাপিয়ে গেছে। এতে ডলারের দাম সমর্থন পাচ্ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মূলধনি ব্যয়ের প্রত্যাশা আরও কমে গেলে ডলারের এই শক্ত অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের প্রকৃত সুদের হার কমার পাশাপাশি শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের প্রবাহও দুর্বল হতে পারে।

বুধবার যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের দাম বেড়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি বন্ডের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে ২০ বছর মেয়াদি বন্ডের সফল নিলাম। এর ফলে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার প্রায় ৪ ভিত্তি পয়েন্ট কমে ৫.০৬ শতাংশে নেমেছে। বৃহস্পতিবার এশিয়ার শুরুর লেনদেনে সুদের হারে তেমন পরিবর্তন দেখা যায়নি। উল্লেখ্য, বন্ডের দাম বাড়লে সাধারণত এর সুদের হার কমে।

পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ দিলিন উ বলেন, তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে কিছুটা উদ্বেগ কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের দুর্বলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে সরকারি বন্ডের দিকে ঝুঁকতে পারেন।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশটিতে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি কমে লেনদেন শেষ হয়েছে। এতে বাজারে সরবরাহ উদ্বৃত্ত থাকার আশঙ্কা জোরালো হয়েছে।

এদিকে, ফেডের সুদের হার বৃদ্ধির ইঙ্গিতের পর রাতারাতি বড় দরপতনের মুখে পড়লেও স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪৩ ডলারে।

বৃহস্পতিবার এশিয়ার লেনদেনের শুরুর দিকে ডলারের সূচক প্রায় অপরিবর্তিত থেকে ১০৩.৮১ পয়েন্টে অবস্থান করছিল। এটি ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।

বিনিয়োগকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রবেশের দিকেও নজর রাখছেন। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের অবস্থা বোঝার চেষ্টা করা হবে। পাশাপাশি বৃহস্পতিবার বিশ্বনেতাদের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকও পর্যবেক্ষণ করছেন তারা।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের খেলোয়াড়দের ৩৫ শতাংশ জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের খেলোয়াড়দের ৩৫ শতাংশ জরিমানা

ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে জয় অর্জন করে সিরিজটি নিজেদের করে নিয়েছে। কিন্তু মাঠের সাফল্যের পাশাপাশি স্লো ওভার রেটের কারণে শাস্তির সম্মুখীন হয়েছে দলটি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে।

রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ভারত ও নিউ জিল্যান্ড মুখোমুখি হয়। ভারত নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি। সময়ের ছাড় হিসাব করার পরেও তারা নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৭ ওভার পিছিয়ে ছিল।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের তুলনায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সর্বোচ্চ জরিমানার পরিমাণ ম্যাচ ফির ৫০ শতাংশ। ৭ ওভার পিছিয়ে থাকার কারণে ভারতের খেলোয়াড়দের মোট ৩৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।

এই জরিমানা আরোপ করেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। ভারতে ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তবে মাঠের লড়াইয়ে জয় দিয়ে সিরিজ শেষ করেছে ভারত। শেষ ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০৯ রান সংগ্রহ করে। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ইশান কিষান ও অক্ষর প্যাটেলের ৪৬ রানের দুটি ইনিংসে দলটি ঘুরে দাঁড়ায়।

ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ড ১৮৭ রানেই অলআউট হয়ে যায়। ফলে ২২ রানের জয় নিয়ে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ভারত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

রাজধানীর রায়ের বাজারে কাঁচাবাজারের পাশে গড়ে ওঠা ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের হাজারীবাগ ও মোহাম্মদপুর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রায়ের বাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনের বসতঘর ও বাজারে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ফলে কাঁচাবাজারের পাশাপাশি আশপাশের টিনের বসতঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে আগুনে কী পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রায়েরবাজারে আগুন লাগার খবর পান তারা। কাঁচাবাজার ও এর পাশে থাকা ছোট ছোট টিনের বসতঘরে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%