প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় মো. আলম (৪০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ এই তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী এলাকার মৃত আ. রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার রহিম মার্কেটে ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আদালত সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির পশ্চিম পাশের ২ নম্বর কক্ষে ভাড়াটিয়া আলম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আসার খবর পেয়ে আসামি আলম পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।
এই ঘটনায় এসআই (নিরস্ত্র) নাসির আহম্মেদ বাদী হয়ে ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ জুন আসামি আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক আসামি মো. আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন