মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩৮ পি.এম
অস্ট্রেলিয়ার ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন অভিযোগ উন্মোচিত হয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেপটাউনের সেই বিতর্কিত ঘটনার ছয় মাস পর, ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বলের অবস্থা পরিবর্তনের আরেকটি প্রচেষ্টা নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে আলোচনা হয়েছিল।
ক্রীড়া সম্প্রচারক জেরার্ড হোয়াটলির অনুসন্ধানী প্রতিবেদন, যা এসইএন প্রকাশ করেছে, তাতে দাবি করা হয়েছে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বলের অবস্থা পরিবর্তনের জন্য মিন্টস (মিষ্টি বা মিন্টজাতীয় ক্যান্ডি) ব্যবহারের চেষ্টা থেকে খেলোয়াড়দের বিরত রাখতে তৎকালীন অধিনায়ক টিম পেইন ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার হস্তক্ষেপ করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রথম ইনিংসে বল থেকে কাঙ্ক্ষিত সুইং বা মুভমেন্ট আদায় করতে ব্যর্থ হওয়ার সময় খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। এক খেলোয়াড়কে কথার ছলে বলতে শোনা যায়, 'মিন্টস কার কাছে আছে? আজ বলের কাজ কে করছে?'
তবে দলের নতুন একজন সদস্য এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেপটাউনের ঘটনার পর অস্ট্রেলিয়া দলের সিদ্ধান্ত ছিল, খেলোয়াড়রা মাঠে আর কোনো ললিপপ বা ক্যান্ডি নিয়ে যেতে পারবেন না। পেইনও সাপোর্ট স্টাফদের আশ্বস্ত করেছিলেন যে তার অধিনায়কত্বের সময় খেলোয়াড়দের বলের ওপর এসব ব্যবহার করতে তিনি অনুমতি দেবেন না।
হোয়াটলির অনুসন্ধানী প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দুবাইয়ের ওই ঘটনাই ছিল ম্যাচ চলাকালে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের শেষ আলোচনা।
কেপটাউনের বিতর্কের পর অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে তৈরি হওয়া উত্তেজনার বিষয়েও নতুন তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, দলের হোটেলে মিচেল মার্শ ডেভিড ওয়ার্নারের মুখোমুখি হয়েছিলেন। তিনি ওয়ার্নারকে বল টেম্পারিংয়ের পরিকল্পনায় নিজের ভূমিকার দায়িত্ব নিতে বলেছিলেন, যাতে ক্যামেরন ব্যানক্রফটকে একা দোষ বহন করতে না হয়।
এছাড়াও, ঘটনার জন্য পুরো দল সম্মিলিতভাবে দায় স্বীকার করবে কি না, তা নিয়ে খেলোয়াড়দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু খেলোয়াড় এই ধারণার বিরোধিতা করেছিলেন, যা দলের অভ্যন্তরীণ বিভাজন প্রকাশ করে।
নতুন অভিযোগ সামনে আসায় ২০১৮ সালের বিতর্ক আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে, বিশেষ করে ওই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন খেলোয়াড়ের সাম্প্রতিক মন্তব্যের পর।
কী ঘটেছিল ২০১৮ সালের কেপটাউনে?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে তৃতীয় টেস্ট চলাকালে ক্যামেরায় স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তন করতে দেখা যায় ক্যামেরন ব্যানক্রফটকে। ওই ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় বিতর্কে পরিণত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকালে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়া সফর শেষে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। তবে, মঙ্গলবারই দেশে ফিরছেন তিনি, মালয়েশিয়া সফর স্থগিত করার কারণে। ইতোমধ্যে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, "অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন। বাংলাদেশকে তারা গভীর আন্তরিকতায় ধারণ করেন। বাংলাদেশকে নিয়ে তারা স্বপ্ন দেখেন। বাংলাদেশের জন্য তারা অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো, তাদের এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান প্রদান করা।"
সফর সংক্ষিপ্ত করার বিষয়ে ডা. শফিকুর রহমান আরও লেখেন, "একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় একদিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।"
এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, জামায়াত আমিরের দেশে ফেরার পেছনে অন্যতম কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ। দল তার দেশে ফেরার প্রয়োজন অনুভব করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ৩৩ বিজিবি, সাতক্ষীরা ব্যাটালিয়ন। গোয়েন্দা নজরদারি চলছে দিনরাত, সীমান্ত এলাকা জুড়ে। টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির দায়িত্বে থাকা ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের তল্লাশি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে যাতে অবৈধভাবে কোনো গমনাগমন বা অনুপ্রবেশ ঘটতে না পারে। এছাড়াও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট, থার্মাল ড্রোন ব্যবহার করে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য বিওপিসহ ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বয়স মাত্র ১৫ বছর। কিন্তু বৈভব সূর্যবংশী যে ব্যাট হাতে যা প্রদর্শন করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ভারতের এই বিস্ময়বালক একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন ব্যাটিং তাণ্ডবে।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়ে এমন চমকপ্রদ ইনিংস খেলেন সূর্যবংশী। ৫০ ওভারের ম্যাচে আরব আমিরাত আগে ব্যাট করে ২৫০ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন।
প্রতিপক্ষের বোলারদের তিনি কোনো সুযোগ দেননি। মাত্র ২৮ বলে শতক পূর্ণ করার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন সূর্যবংশী। ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। তার ইনিংসে একাধিক রেকর্ড ভেঙে যায়।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের দখলে ছিল। ২০২৩ সালে দ্য মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তিনি মাত্র ২৯ বলে শতক পূর্ণ করেছিলেন। এবার ২৮ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড নিজের করে নিলেন বৈভব সূর্যবংশী।
দ্রুততম দেড়শ রানের রেকর্ডও আগে ছিল সূর্যবংশীর দখলে। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড়শ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে আরও উন্নত করে মাত্র ৪০ বলেই দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন ১৫ বছর বয়সি এই ব্যাটার।
তবে সবচেয়ে অবিশ্বাস্য কীর্তিটি গড়েছেন ডাবল সেঞ্চুরিতে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম দ্বিশতকের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। তিনি ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙে মাত্র ৫২ বলেই পৌঁছে গেছেন দুইশ রানে।
সূর্যবংশীর এমন ব্যাটিংয়ে লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত রীতিমতো উড়ে যায়। মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারতীয় ‘এ’ দল। ১৫ বছর বয়সেই এমন কীর্তি গড়ে ক্রিকেটবিশ্বকে আবারও নিজের প্রতিভার জানান দিলেন সূর্যবংশী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের জিয়ানগরে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র আশরাফুল নিহত হয়েছেন।
মঙ্গলবার (নভেম্বর) দুপুরে উপজেলার জিয়ানগর-চণ্ডীপুর সড়কের মধ্য ইন্দুরকানী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল জিয়ানগর এফ করিম আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সেউতিবাড়িয়া গ্রামের মোহাম্মদ রাজীব ও নাজমা দম্পতির সন্তান।
আশরাফুলের নানা মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল আশরাফুল। মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে খেলার সময় হঠাৎ করে সে সড়কে উঠে যায়। এ সময় ঘোষেরহাটের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়, ফলে সে গুরুতর আহত হয়।
পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটে।
জিয়ানগর (ইন্দুরকানী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ