মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৩ পি.এম
পিরোজপুরের জিয়ানগরে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র আশরাফুল নিহত হয়েছেন।
মঙ্গলবার (নভেম্বর) দুপুরে উপজেলার জিয়ানগর-চণ্ডীপুর সড়কের মধ্য ইন্দুরকানী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল জিয়ানগর এফ করিম আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সেউতিবাড়িয়া গ্রামের মোহাম্মদ রাজীব ও নাজমা দম্পতির সন্তান।
আশরাফুলের নানা মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল আশরাফুল। মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে খেলার সময় হঠাৎ করে সে সড়কে উঠে যায়। এ সময় ঘোষেরহাটের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়, ফলে সে গুরুতর আহত হয়।
পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটে।
জিয়ানগর (ইন্দুরকানী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গবেষকেরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা তুলে ধরছেন। ‘ডারাশোনরাসিভ’ নামের একটি পরীক্ষামূলক ওষুধের প্রাথমিক গবেষণায় আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। ট্যাবলেট আকারের এই ওষুধটি ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং টিউমারের আকার কমাতে কার্যকর হতে পারে, এমনটাই দাবি করেছেন গবেষকেরা। তবে, সব রোগীর ক্ষেত্রে ওষুধটির কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেভোলিউশন মেডিসিন্স এই ওষুধটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ থেকে নিঃসৃত বিশেষ ধরনের প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করতে সক্ষম হবে ওষুধটি। এই প্রোটিনের সঙ্গে ক্যানসার কোষের বৃদ্ধি ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সম্পর্ক রয়েছে। রোগের পর্যায় অনুযায়ী ওষুধটির মাত্রা নির্ধারণ করা হবে।
অগ্ন্যাশয়ের ক্যানসারকে প্রাণঘাতী ক্যানসারগুলোর মধ্যে অন্যতম হিসেবে ধরা হয়। প্রাথমিক পর্যায়ে অনেক সময় রোগের লক্ষণ স্পষ্ট হয় না, ফলে রোগ শনাক্ত হওয়ার সময় অনেক রোগীর ক্যানসার তৃতীয় বা চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। এই কারণে চিকিৎসা জটিল হয়ে পড়ে এবং রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও কমে যায়।
গবেষণাসংশ্লিষ্টদের দাবি, অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে ‘আরএএস’ নামের জিনগত পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন ক্যানসার কোষের দ্রুত বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে। নতুন ওষুধটি এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে ৬১ জন অগ্ন্যাশয়ের ক্যানসার রোগীর ওপর ওষুধটির প্রয়োগ পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে অনেকের ক্যানসার লিভার ও ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। গবেষকদের পর্যবেক্ষণে দেখা যায়, ওষুধটি প্রয়োগের পর প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে রোগীদের শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি টিউমারের আকারও ছোট হতে শুরু করেছে। কয়েক মাসের মধ্যে বেশির ভাগ রোগীর টিউমার নির্মূল হয়েছে বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওষুধটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে। তবে পরীক্ষামূলক প্রয়োগের ফল আশাব্যঞ্জক হলেও এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আরও পর্যবেক্ষণ চলছে। সব রোগীর শরীরে ওষুধটি একইভাবে কাজ করবে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।
গবেষণার পরবর্তী ফল সন্তোষজনক হলে, সংশ্লিষ্টরা জানিয়েছেন যে ওষুধটি দ্রুত বাজারে আনার পরিকল্পনা রয়েছে। তবে প্রাথমিক গবেষণার ফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার সম্পূর্ণ নিরাময়ের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
একটি মসৃণ পাথরের উপরে সামান্য মাটি জমে থাকে, যা দেখে মনে হতে পারে সেখানে চারা গজাবে। কিন্তু যখন একটি ভারী বৃষ্টি আসে, তখন মুহূর্তের মধ্যে সব মাটি ধুয়ে যায় এবং পাথর আবার আগের মতো খালি ও মসৃণ হয়ে থাকে। লোকদেখানো দানের অবস্থাও একই—বাহ্যিকভাবে এটি বিশাল মনে হলেও আখেরাতে এর কোনো সওয়াব অবশিষ্ট থাকে না। আল্লাহ তাআলা বলেন—
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُبۡطِلُوۡا صَدَقٰتِكُمۡ بِالۡمَنِّ وَ الۡاَذٰی ۙ كَالَّذِیۡ یُنۡفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَ لَا یُؤۡمِنُ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَیۡهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلۡدًا ؕ لَا یَقۡدِرُوۡنَ عَلٰی شَیۡءٍ مِّمَّا كَسَبُوۡا ؕ وَ اللّٰهُ لَا یَهۡدِی الۡقَوۡمَ الۡكٰفِرِیۡنَ
‘হে মুমিনরা! তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান-সদকাকে নষ্ট কর না। ওই ব্যক্তির মতো হয়ো না, যে লোক দেখানোর জন্য নিজের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে না। তার দৃষ্টান্ত হলো এমন একটি মসৃণ পাথরের মতো, যার ওপর কিছু মাটি ছিল। পরে প্রবল বৃষ্টিপাত সেটিকে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিল। তারা যা উপার্জন করেছে, তার কিছুই তাদের হাতে থাকবে না।’ (সুরা বাকারা: আয়াত ২৬৪)
লোকদেখানো কাজের পাশাপাশি, লোককে শুনিয়ে বা জাহির করে আমল করার বিষয়েও রাসুলুল্লাহ (স.) সতর্ক করেছেন—
مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ‘
যে ব্যক্তি লোক-শোনানো ইবাদত করে, আল্লাহ তার লোক-শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন। আর যে ব্যক্তি লোক-দেখানো ইবাদত করবে, আল্লাহ তার লোক দেখানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন।’ (বুখারি ৬৪৯৯)
রাসুলুল্লাহ (স.) রিয়া কতটা ভয়ংকর, তা বোঝাতে এটিকে ‘ছোট শিরক’ বলেছেন—
إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ
‘আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি, তা হলো ছোট শিরক।’ সাহাবিরা জানতে চাইলে তিনি বলেন, الرِّيَاءُ — ‘রিয়া।’ (মুসনাদে আহমাদ ২৩৬৩০)
কেয়ামতের দিন কী হবে লোকদেখানো আমলের?
মুসলিম শরিফের একটি দীর্ঘ ও মর্মস্পর্শী হাদিসে কেয়ামতের দিন প্রথম বিচারের দৃশ্য তুলে ধরা হয়েছে। সেদিন যাদের বিচার দিয়ে শুরু হবে, তাদের মধ্যে একজন শহীদ, একজন আলিম ও কুরআনের পাঠক এবং একজন দানশীল ব্যক্তি থাকবেন। প্রত্যেকে নিজেদের ত্যাগ, জ্ঞানচর্চা ও দানের কথা তুলে ধরবেন। কিন্তু আল্লাহ বলবেন, তোমরা এসব করেছিলে মানুষের প্রশংসা কুড়ানোর জন্য—‘বীর’, ‘জ্ঞানী’ বা ‘দানবীর’ উপাধি পাওয়ার আশায়। দুনিয়াতে মানুষ তোমাদের সেই প্রশংসা দিয়ে দিয়েছে। এরপর তাদের উপুড় করে টেনেহিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। (মুসলিম ১৯০৫)
এটি একটি বড় সতর্কবার্তা! বাহ্যিকভাবে পাহাড়সম আমল দেখা গেলেও, যদি নিয়তের খাঁটিত্ব না থাকে, তবে আখেরাতে তা শূন্য হয়ে যেতে পারে।
অনলাইনের ‘ভালো মানুষ’ ও বাস্তব জীবনের ফারাক
ডিজিটাল দুনিয়ায় নিজের একটি সুন্দর ও পবিত্র ভাবমূর্তি তৈরি করা খুব সহজ। কেউ হয়তো ফেসবুকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছবি দিচ্ছেন, অথচ ঘরের ভেতর মা-বাবা, স্ত্রী-সন্তান বা প্রতিবেশীর সঙ্গে রুক্ষ আচরণ করেন। কেউ হয়তো প্রতিদিন দারুণ দারুণ দ্বীনি কথা শেয়ার করছেন, অথচ কারও হক বা অধিকার নষ্ট করতে দ্বিধা করেন না। এভাবে পর্দার ওপারের পরিচয় এবং বাস্তব চরিত্রের মধ্যে গভীর খাদ তৈরি হয়।
মিথ্যা বা ভান করে নিজের এমন গুণ জাহির করা সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি যা পায়নি বা তার কাছে নেই, তা পেয়েছে বা আছে বলে দাবি করে, সে যেন প্রতারণার জন্য দুপ্রস্থ মিথ্যার পোশাক পরেছে। (বুখারি ৫২১৯)
নিজেকে বড় বা পবিত্র দাবি করতে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন—
فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ
‘অতএব তোমরা আত্মপ্রশংসা কর না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে।’ (সুরা নাজম: আয়াত ৩২)
ভালো কাজ কি তবে গোপনেই রাখতে হবে?
সব ভালো কাজ যে লুকিয়ে করতে হবে, বিষয়টি তা নয়। অনেক সময় প্রকাশ্যে ভালো কাজ করলে অন্যরাও অনুপ্রাণিত হয়। কুরআনে বলা হয়েছে—
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ
‘যদি তোমরা প্রকাশ্যে দান কর, তবে তা ভালো। আর যদি তা গোপন রাখো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো।’ (সুরা বাকারা: আয়াত ২৭১)
এখানে দুটি পথই খোলা রাখা হয়েছে, তবে গোপন দানকে বেশি উত্তম বলা হয়েছে— কারণ গোপনীয়তায় লোকদেখানোর প্রলোভন কম থাকে।
আবার ধরুন, আপনি একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করলেন, আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রশংসা করল। এতে কোনো দোষ নেই। হজরত আবু জার (রা.) এ বিষয়ে জানতে চাইলে রাসুলুল্লাহ (স.) বলেন: ‘এটি মুমিনের নগদ সুসংবাদ।’ (মুসলিম ২৬৪২)
অর্থাৎ প্রশংসা যদি কাজের ফল হিসেবে আপনাআপনি আসে, তবে তা রিয়া নয়; রিয়া তখনই হয়, যখন প্রশংসার লোভই কাজটির পেছনের চালিকাশক্তি হয়।
আমল নষ্ট হওয়ার আশঙ্কা কখন তৈরি হয়?
আলেমদের মতে, লোকদেখানোর প্রবণতা থেকে আমলের সওয়াব ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকটি ধাপ রয়েছে—
পোস্ট করার আগে নিজেকে একটু যাচাই করুন
ফেসবুকে কোনো ভালো কাজ বা ধর্মীয় কথা প্রকাশ করার আগে নিজেকে কয়েকটি সহজ প্রশ্ন করে দেখতে পারেন—
নিজেকে এই প্রশ্নগুলো করলে মনের আয়নায় নিজের নিয়তটা পরিষ্কার হয়ে উঠবে। আর সবচেয়ে সুন্দর অভ্যাস হলো— কিছু আমল একদম গোপন রাখা। এমন কিছু দান, দোয়া বা সৎকাজ থাকা উচিত, যার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
কেয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে সাত শ্রেণির মানুষ আশ্রয় পাবেন, তাঁদের একজন হলেন সেই ব্যক্তি—
وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ
‘যিনি এত গোপনে দান করেন যে তার ডান হাত কী ব্যয় করেছে, বাম হাত তা জানতে পারে না।’ (বুখারি ১৪২৩)
টাইমলাইনের চেয়ে অন্তরের খবরই আসল
ফেসবুকের ওয়ালে হাজারো প্রশংসার ঝড় ওঠা খুব আনন্দের হতে পারে, কিন্তু সেই প্রশংসার আয়ু বড় ক্ষণস্থায়ী। আসল সার্থকতা হলো বাস্তব জীবনে একজন সৎ, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ হয়ে ওঠা এবং আল্লাহর দরবারে আমল কবুল হওয়া। পর্দার সামনে মানুষ কী দেখছে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো— নিভৃতে আল্লাহ আপনার অন্তরের কোন গোপন কোণে কী দেখছেন। তাই প্রশংসার পেছনে না ছুটে, কাজের ভেতর লুকিয়ে রাখুন নির্ভেজাল ইখলাস— যাতে দুনিয়া ও আখেরাত, দুই জায়গাতেই আপনার আমল থাকে অটুট ও প্রাণবন্ত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাল্যবিবাহ কেবল কন্যাশিশুর জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি দারিদ্র্য ও অসমতার চক্রকে দীর্ঘস্থায়ী করে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার বিশেষ বিধানটি বাল্যবিবাহ প্রতিরোধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ আয়োজিত ‘বাল্যবিবাহ আইন সংস্কার’ শীর্ষক গণমাধ্যম সংলাপে এসব কথা বলেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ উল্লেখ করেন, বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে মা-বাবার সম্মতি এবং আদালতের নির্দেশে ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রাখা হয়েছে। এই বিধানটি বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এর অপব্যবহার হচ্ছে এবং বাল্যবিবাহের হার বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, বিগত শাসনামলে বাল্যবিবাহের হার নিয়ে তথ্য গোপন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া তথ্যের যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে। জন্ম ও মৃত্যুহারের তথ্যেও অসংগতি ছিল। ২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করা হয়েছিল, সেই তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। এখনো দেশের প্রকৃত জনসংখ্যা ও বাল্যবিবাহের হার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
সংলাপে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারে ৩০০ শতাংশ পার্থক্য দেখানো হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। তবে দেশে বাল্যবিবাহের ঘটনা ঘটছে, এটি বাস্তবতা। বাল্যবিবাহ প্রতিরোধে সিলেট বিভাগের অভিজ্ঞতা রাজশাহী ও খুলনার মতো পিছিয়ে থাকা অঞ্চলে কাজে লাগানো যেতে পারে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের দোষী করার বিধান বাতিল করা উচিত। একই সঙ্গে বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধন করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। এ ছাড়া বক্তব্য দেন সংস্থাটির যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ এবং আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরাক ও মিশরের নাগরিকদের জন্য দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ভিসার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন উভয় দেশের নেতারা। সোমবার (২৩ নভেম্বর) ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি এই ঘোষণা দেন।
তবে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সময় এবং বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কায়রোতে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আল-জাইদি বলেন, “ইরাক ও মিশরের মধ্যে ভিসার বাধ্যবাধকতা তুলে নিতে প্রেসিডেন্ট সিসির সঙ্গে আমরা একমত হয়েছি।”
এর আগে কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সহযোগিতার পরিধি বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি আল-জাইদির প্রথম মিশর সফর।
তার এই সফরের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে মিশর-ইরাক যৌথ উচ্চপর্যায়ের কমিটির চতুর্থ অধিবেশন। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ