শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৪ পি.এম
যশোরে মাস্টার শিমুল হোসেন নামে এক বিএনপি নেতার বাড়ির উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু এবং একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
শিমুল হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
তিনি জানান, সকালে ঘর থেকে বের হওয়ার পর তিনি উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। চিরকুটে গালিগালাজ করে লেখা ছিল, ‘বেশি বাড়াবাড়ি করলে পথে মারা যাবি।’
পরে তিনি বিষয়টি পুলিশ ও বিএনপি নেতাদের অবহিত করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এবং সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ উক্ত বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
যশোর ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তু দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।
এদিকে খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং রাজনৈতিক আলোচনা চলমান থাকায় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ বা ‘অপেক্ষা করার প্রবণতা’ রয়েছে কিনা, এ বিষয়ে জরুরি সচিব সভায় প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে দিনের নিয়মিত কর্মসূচি শুরু হওয়ার পর উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে দুপুর আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা আহ্বান করা হয়। বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলা সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবেরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব প্রশ্ন করেন—প্রশাসনের কোনো পর্যায়ে কেউ কি কাজে গতি ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন? তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব এবং সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) বিলম্ব না করে দ্রুত পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে চলমান শ্রমিক আন্দোলন এবং সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গৃহীত নানা উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অংশ নেওয়া একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে সভায় আলোচনা হয়েছে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্জনগুলোর তথ্য সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং দেশে-বিদেশে সরকারের প্রতি তৈরি হওয়া সমর্থন ধরে রাখতে প্রশাসনিক কর্মতৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
প্রশাসনের অভ্যন্তরে ‘ডিসেম্বর’ প্রসঙ্গটি মূলত সামনে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এরপর গত ৯ নভেম্বর তার আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করলে বিষয়টি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়।
তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও ক্রিমিনাল। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে? একজন ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’ তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্টের জন্য করা ওই আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আইনগতভাবে দণ্ডিত পলাতক আসামির এমন আবেদনের সুযোগ আছে কিনা, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে এরই মধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’ চালু করা হয়েছে। এই কার্ডের সাহায্যে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও মুসল্লিরা পুনরায় প্রবেশের সুযোগ পান।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি শুক্রবার মসজিদে নববিতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এক সময় মসজিদের ভেতরের নামাজের জায়গা পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ফলে, যারা আগে থেকেই ভেতরে অবস্থান করছেন, তারা যদি ওজু বা অন্য জরুরি প্রয়োজনে বাইরে যান, তাহলে পুনরায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তায় পড়েন।
এই পরিস্থিতি মোকাবেলার জন্য মুসল্লিদের ভোগান্তি কমাতে ‘তাসহিল কার্ড’ প্রদান করা হয়। মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লিরা সাময়িক প্রয়োজনে বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট স্থান থেকে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। পরে, প্রবেশপথে কার্ডটি প্রদর্শন করলে, সাধারণ প্রবেশ বন্ধ থাকলেও তাদের মসজিদের ভেতরে পুনরায় প্রবেশের সুযোগ দেওয়া হয়।
এই উদ্যোগের ফলে, ওজু বা অন্য জরুরি প্রয়োজনে বাইরে গেলেও মুসল্লিদের আগে থেকে নেওয়া নামাজের জায়গা হারানোর আশঙ্কা কমে যায়। জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের মধ্যে প্রবেশ ব্যবস্থাপনা সহজ করা এবং মুসল্লিদের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এক সময় সোনালী আঁশ কৃষকের জন্য বিপদের কারণ হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। শুধু সোনালী আঁশ নয়, গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাট চাষিরা এখন পাটকাঠিতে আশার আলো দেখছেন। পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করেও তারা লাভবান হচ্ছেন, ফলে তাদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে।
এক সময় পাটকাঠি মূলত গ্রামীণ অসচ্ছল পরিবারের ঘরের বেড়া তৈরিতে এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে পাটকাঠি এখন একটি অর্থকরী পণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। পানের বরজ, পার্টিকেল বোর্ড এবং চারকোল কারখানায় পাটকাঠির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গোদাগাড়ী উপজেলায় পাট ধোয়ার পর কৃষক-কৃষাণিরা পাটকাঠি শুকিয়ে আঁটি আঁটি করে রাখার কাজে ব্যস্ত রয়েছেন। গ্রামীণ সড়কের পাশে মাইলের পর মাইল জুড়ে চলছে পাটকাঠি শুকানোর কার্যক্রম।
পাটের তুলনায় পাটকাঠির কদর এখন অনেক বেড়ে গেছে। রান্নার জ্বালানি, ঘরের বেড়া, পানের বরজ, গৃহস্থালী সামগ্রী এবং বিভিন্ন সৌখিন পাটজাত পণ্য তৈরির ক্ষেত্রে পাটকাঠির ব্যবহার প্রচলিত। বর্তমানে বিভিন্ন কলকারখানায় পাটকাঠির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর মূল্যও ক্রমাগত বাড়ছে। এক সময় পাটকাঠি শুধুমাত্র জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো, এখন এর বহুমুখী ব্যবহারের কারণে এর কদর অনেক গুণ বেড়েছে। কুমুরপুর, রাজবাড়ী, চরআষাড়িয়াদহ, কানাপাড়া, ভাটুপাড়া, বিদিরপুর, প্রেমতলী, বাসুদেবপুর প্রভৃতি এলাকায় ঘুরে দেখা যায়, রাস্তার দুপাশে পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। রান্নার জন্য জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে ভোরে বিভিন্ন এলাকার মহিলারা পাটচাষিদের কাছ থেকে পাট সংগ্রহ করে আঁশ ছাড়াতে সহায়তা করছেন এবং বিনিময়ে পাটকাঠি নিচ্ছেন।
পাট চাষী আব্দুল মতিন জানান, "দূর-দূান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। এক আঁটি পাটকাঠি ১০০/১২০ টাকা করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।"
এদিকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে স্বল্প মূল্যে পাটকাঠি ক্রয় করে ভ্যানযোগে পার্শ্ববর্তী শহরে নিয়ে বিক্রি করছেন উচ্চ মূল্যে। প্রতিদিন তারা কিছু টাকা আয় করছেন। পাটকাঠি ব্যবসায়ী জালাল শেখ বলেন, "এখন পাটকাঠি বিক্রির মৌসুম। তাই আমরা পাটচাষিদের কাছ থেকে ২০/৩০ টাকা মুঠোপ্রতি কিনে শহরে গিয়ে ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করছি। এতে ভ্যানপ্রতি আমাদের ১৫০০ থেকে ২০০০ টাকা আয় হচ্ছে।"
উপজেলা কৃষি অফিসার মরিয়ন আহম্মেদ জানান, "চলতি বছর গোদাগাড়ীতে পাটের বাম্পার ফলন হলেও জাগ দেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, এবং বাজারে পাটের দামও ভালো। হাট-বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ১০০ টাকায়। বাড়তি আয় হিসেবে পাটের উপজাত এই পাটখড়ি বা পাটকাঠি দিয়ে পানের বরজ, কার্বন ফ্যাক্টরি সহ বিভিন্ন কাজে ব্যবহার হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণে ভালো দামে পাটকাঠি বিক্রি করে এ অঞ্চলের কৃষকেরাও লাভবান হচ্ছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের ওপারে দুটি বাঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সীমান্তের নিকটবর্তী অঞ্চলে বাঘ দুটির অবাধ বিচরণ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে, বাঘগুলো যেকোনো সময় নদী পার করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৫ নম্বর পিলার সংলগ্ন নাগর নদীর ওপারে বাঘ দুটিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা বাঘগুলোর ছবি ধারণ করতে সক্ষম হন।
স্থানীয়দের মতে, বাঘ দুটি প্রথমে নাগর নদীর ওপারে অবস্থান করছিল। পরে সেগুলো পাশের একটি চা-বাগানে প্রবেশ করে। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকায় বাঘের অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে, নদী পার হয়ে লোকালয়ে চলে আসার আশঙ্কায় সীমান্ত এলাকার বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্থানীয়রা আরও জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের বন্য প্রাণীর উপস্থিতি তাদের জন্য উদ্বেগের বিষয়। যদি বাঘ দুটি নদী পেরিয়ে লোকালয়ে প্রবেশ করে, তাহলে মানুষের পাশাপাশি গবাদিপশুর জন্যও ঝুঁকি সৃষ্টি হতে পারে। এ কারণে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিজিবি সদস্যরা বাঘ দুটি যাতে লোকালয়ে প্রবেশ করে মানুষের ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ