ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেশের ৬ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঢাকায় আর্দ্রতা ৯৩ শতাংশ


দেশের ৬ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঢাকায় আর্দ্রতা ৯৩ শতাংশ

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের ছয়টি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গতকাল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাছাড়া, আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে, যার মধ্যে মোংলায় সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে হবে।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক ছাত্রদল নেতা আসামি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক ছাত্রদল নেতা আসামি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং তার পিতাকে আসামি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ করা হয়েছে, দুই বলয়ের মধ্যে বিরোধের ফলস্বরূপ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে ছাত্রলীগের সদস্য এবং তার বাবা আলতাফ সরদারকে আওয়ামী লীগ নেতা হিসেবে চিহ্নিত করে মামলায় ৫ ও ৬ নম্বর আসামি করা হয়েছে। তাদের বসবাস ফতুল্লার রামারবাগ এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফতুল্লার লালঁখা এলাকায় অবস্থিত কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার পর শনিবার (২১ নভেম্বর) রাতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ৬৮ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেহেদী হাসান বলেছেন, "২০২২ সালের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। মূলত মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তিনি বিএনপির এক বলয়ের রাজনীতি করেন, আমরা আরেক বলয়ের রাজনীতি করি। এই কারণেই আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন।"

তিনি আরও বলেন, "মামলার বাদী ফারুক মাতবরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা ওপর থেকে আসছে। আমি শুধু বাদী হিসেবে সাইন করছি।"

মামলার বাদী ফারুক মাতবর জানিয়েছেন, "এটা সাংগঠনিক ব্যাপার। কোন খানে কার নাম দিয়েছে সেটা তো বুঝা যায় না। মিসটেকও হতে পারে দুই একটা। যারা মামলা দিয়েছে তারা হয়তো জানে না ছেলেটা বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।"

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, "মামলায় ছাত্রদলের কেউ আছে কি না, এটা বাদী বলতে পারবেন। আমরা তো কারো দলীয় পরিচয় দেখি না। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসেল ব্র্যান্ডের কারাবার্তা নিয়ে বিতর্কে স্ত্রী লরার ব্যাখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


রাসেল ব্র্যান্ডের কারাবার্তা নিয়ে বিতর্কে স্ত্রী লরার ব্যাখ্যা

কারাগারে বন্দী স্বামী রাসেল ব্র্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তা নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হন স্ত্রী লরা ব্র্যান্ড। যুক্তরাজ্য সরকারের তদন্ত শুরু হওয়ার পর তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। একইসাথে, কারা কর্তৃপক্ষের নিয়মাবলী মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) নিজেদের ইউটিউব চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ‘সানডে সার্ভিস’-এর নতুন পর্বে এ বিষয়ে মন্তব্য করেন লরা। তিনি জানান, আগের পর্বটি প্রকাশের পর ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারাগারের নিয়ম সম্পর্কে অবগত হওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলবেন।

এর আগে, গত সপ্তাহে অনুষ্ঠানের একটি পর্বে লরা স্বামী রাসেল ব্র্যান্ডের পাঠানো একটি বার্তা পড়ে শোনান। সেখানে ব্রিটিশ কৌতুক অভিনেতা দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে তিনি দোষী নন। কারাগারে থাকা অবস্থায় তাঁর এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়।

বিষয়টি নজরে আসার পর যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করে, যাতে দেখা যায় রাসেল ব্র্যান্ড কারাগারের নিয়ম ভঙ্গ করেছেন কি না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বলা হয়, বন্দীদের এমন বক্তব্য দেওয়া নিষিদ্ধ, যা অপরাধের শিকার ব্যক্তিদের মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। অন্য কাউকে দিয়ে বক্তব্য প্রকাশ করেও এই বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তবে বিতর্কের মধ্যেও লরা ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানটি করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে উৎসাহিত করছে। স্ত্রী ও মা হিসেবে নিজের পরিচয় নিয়ে গর্বিত বলেও জানান তিনি। গণমাধ্যমে তাঁর উপস্থাপনাকে কেন্দ্র করে পরিবারকে আগলে রাখতে চান লরা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে ৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ড দোষী সাব্যস্ত হন। এ ঘটনায় তাঁকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ক্যামব্রিজশায়ারের এইচএমপি লিটলহে কারাগারে সাজা ভোগ করছেন।

স্বামীর কারাবাসের পর থেকে ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানটি একাই পরিচালনা করছেন লরা। কিন্তু কারাগার থেকে স্বামীর বার্তা প্রকাশের ঘটনায় যুক্তরাজ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুদ্রাক্ষের মালার রহস্য প্রকাশ করলেন সাই পল্লবী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


রুদ্রাক্ষের মালার রহস্য প্রকাশ করলেন সাই পল্লবী

দীর্ঘ সময় ধরে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রায়শই তার হাতে মালাটি দেখা যায়। এমনকি সিনেমার শুটিংয়ের সময়ও এটি পরিধান করতে দেখা গেছে তাকে। এতদিন ধরে এ নিয়ে নানা আলোচনা চললেও এবার অভিনেত্রী নিজেই মালাটির রহস্য প্রকাশ করেছেন।

সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘বিহাইন্ডউডস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, তার হাতে থাকা মালাটি রুদ্রাক্ষের। তিরুচিপল্লীর শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথস্বামী মন্দির থেকে তার এক কাজিন মালাটি নিয়ে এসেছিলেন। পরবর্তীতে অভিনেত্রীর দাদার হাত ঘুরে সেটি তার কাছে আসে।

তবে সাই পল্লবীর মালাটির সঙ্গে সম্পর্ক কেবল স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার চিকিৎসাবিদ্যার পরীক্ষার একটি বিশেষ অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করার পর ভারতে ফিরে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন (এফএমজিই) পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের মালাটি হাতে নিয়ে প্রার্থনা শুরু করেছিলেন সাই পল্লবী। তার বিশ্বাস, এই মালা তাকে মানসিক শক্তি জুগিয়েছিল এবং পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করেছিল। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের এই মালা হাতে নিয়ে প্রার্থনা করতাম। আমার মনে হয়, এর ফলে পরীক্ষায় আমি ভালো ফলও করেছিলাম।”

পরীক্ষার আগে শুরু হওয়া সেই অভ্যাস একসময় নিয়মিত জীবনের অংশ হয়ে যায়। সাই পল্লবীর ভাষায়, “এরপর এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। এমনকি, শুটিংয়ে যাওয়ার সময়ও মালাটি পরে থাকি।”

উল্লেখ্য, ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন। পরে ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘ফিদা’-তে অভিনয় করে দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।

বর্তমানে সাই পল্লবীর হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ও. এম.’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ধানুশ, মাম্মুত্তি, শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহসহ আরও অনেকে। ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটেন কি আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরছে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


ব্রিটেন কি আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরছে?

ব্রেক্সিট গণভোটের দশ বছর পর লন্ডন নতুন সমঝোতা করেছে ব্রাসেলসের সঙ্গে। জনমতের পরিবর্তনের ইঙ্গিতও দেখা যাচ্ছে। তবে সদস্যপদে ফেরার সিদ্ধান্ত নিতে হলে ব্রিটেনকে সুবিধার পাশাপাশি শর্তের হিসাবও দিতে হবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সংসদীয় আসন মেকারফিল্ড। ২০১৬ সালের গণভোটে সেখানে প্রায় দুই-তৃতীয়াংশ ভোট ইইউ ছাড়ার পক্ষে পড়েছিল বলে ধারণা করা হয়। দশ বছর পর গার্ডিয়ানে প্রকাশিত এক জরিপ বিশ্লেষণ অনুযায়ী, চিত্রটি বদলেছে। ফোর্টিয়াস গ্লোবালের মডেল অনুযায়ী, গ্রেট ব্রিটেনের ৬৩২টি সংসদীয় আসনের মধ্যে ৫১২টিতে এখন ইইউতে ফেরার পক্ষে সমর্থন বৃদ্ধি পেয়েছে। মেকারফিল্ডও সেই তালিকায় অন্তর্ভুক্ত। সাত হাজারের বেশি মানুষের উত্তর থেকে তৈরি এই আসনভিত্তিক অনুমান ভবিষ্যৎ গণভোটের ফলাফল নির্দেশ করে না। তবে ব্রেক্সিটের পক্ষে একসময় শক্ত সমর্থন ছিল এমন এলাকাতেও ফেরার আলোচনা চলছে, যা উল্লেখযোগ্য।

এদিকে, শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে খাদ্যবাণিজ্য, কার্বন বাজার ও তরুণদের যাতায়াত নিয়ে যুক্তরাজ্য ও ইইউ নতুন সমঝোতায় পৌঁছেছে। বার্নহাম জানিয়েছেন, দীর্ঘমেয়াদি সম্পর্কের বিকল্পগুলোর মধ্যে পূর্ণ সদস্যপদও আলোচনা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও বলেছেন, সরকার বিভিন্ন বিকল্পের সুবিধা ও খরচ বিবেচনা করবে। তবে ২২ নভেম্বর পর্যন্ত সদস্যপদের আবেদন, আনুষ্ঠানিক আলোচনা বা নতুন গণভোটের কোনো ঘোষণা আসেনি। চলতি সংসদের মেয়াদে ইইউ, একক বাজার ও শুল্ক ইউনিয়নে ফেরা এবং অবাধ চলাচল পুনর্বহাল সরকারের নীতির বাইরে রয়েছে। ফলে ব্রিটেন আপাতত ইউরোপের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে। সদস্যপদে ফেরার প্রশ্নটি সামনে এসেছে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে।

‘নিয়ন্ত্রণ ফিরিয়ে নাও’- দশ বছর পর সেই হিসাব। ২০১৬ সালের ২৩ জুন গণভোটে ৫১ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছিল ইইউ ছাড়ার পক্ষে, ৪৮ দশমিক ১ শতাংশ থাকার পক্ষে। যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে বের হয় ২০২০ সালের ৩১ জানুয়ারি। ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার কারণ সবার এক ছিল না। কেউ চেয়েছিলেন সীমান্ত ও অভিবাসন নিয়ে সিদ্ধান্ত আরও বেশি ব্রিটেনের হাতে থাকুক। কেউ ইউরোপীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শিল্পাঞ্চলের অনেক ভোটারের ক্ষোভ ছিল আরও কাছের বিষয় নিয়ে। তাদের এলাকায় ভালো চাকরি কমছিল, বিনিয়োগ আসছিল না, আর ওয়েস্টমিনস্টার তাদের কথা শুনছে বলে তারা মনে করতেন না। মেকারফিল্ডের ভোট নিয়ে কথা বলতে গিয়ে বার্নহাম নিজেও সেই অভিজ্ঞতার কথা তুলেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%