প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কারাগারে বন্দী স্বামী রাসেল ব্র্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তা নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হন স্ত্রী লরা ব্র্যান্ড। যুক্তরাজ্য সরকারের তদন্ত শুরু হওয়ার পর তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। একইসাথে, কারা কর্তৃপক্ষের নিয়মাবলী মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) নিজেদের ইউটিউব চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ‘সানডে সার্ভিস’-এর নতুন পর্বে এ বিষয়ে মন্তব্য করেন লরা। তিনি জানান, আগের পর্বটি প্রকাশের পর ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারাগারের নিয়ম সম্পর্কে অবগত হওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলবেন।
এর আগে, গত সপ্তাহে অনুষ্ঠানের একটি পর্বে লরা স্বামী রাসেল ব্র্যান্ডের পাঠানো একটি বার্তা পড়ে শোনান। সেখানে ব্রিটিশ কৌতুক অভিনেতা দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে তিনি দোষী নন। কারাগারে থাকা অবস্থায় তাঁর এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়।
বিষয়টি নজরে আসার পর যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করে, যাতে দেখা যায় রাসেল ব্র্যান্ড কারাগারের নিয়ম ভঙ্গ করেছেন কি না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বলা হয়, বন্দীদের এমন বক্তব্য দেওয়া নিষিদ্ধ, যা অপরাধের শিকার ব্যক্তিদের মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। অন্য কাউকে দিয়ে বক্তব্য প্রকাশ করেও এই বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তবে বিতর্কের মধ্যেও লরা ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানটি করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে উৎসাহিত করছে। স্ত্রী ও মা হিসেবে নিজের পরিচয় নিয়ে গর্বিত বলেও জানান তিনি। গণমাধ্যমে তাঁর উপস্থাপনাকে কেন্দ্র করে পরিবারকে আগলে রাখতে চান লরা।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে ৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ড দোষী সাব্যস্ত হন। এ ঘটনায় তাঁকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ক্যামব্রিজশায়ারের এইচএমপি লিটলহে কারাগারে সাজা ভোগ করছেন।
স্বামীর কারাবাসের পর থেকে ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানটি একাই পরিচালনা করছেন লরা। কিন্তু কারাগার থেকে স্বামীর বার্তা প্রকাশের ঘটনায় যুক্তরাজ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন