প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং তার পিতাকে আসামি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ করা হয়েছে, দুই বলয়ের মধ্যে বিরোধের ফলস্বরূপ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে ছাত্রলীগের সদস্য এবং তার বাবা আলতাফ সরদারকে আওয়ামী লীগ নেতা হিসেবে চিহ্নিত করে মামলায় ৫ ও ৬ নম্বর আসামি করা হয়েছে। তাদের বসবাস ফতুল্লার রামারবাগ এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফতুল্লার লালঁখা এলাকায় অবস্থিত কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার পর শনিবার (২১ নভেম্বর) রাতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ৬৮ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেহেদী হাসান বলেছেন, "২০২২ সালের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। মূলত মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তিনি বিএনপির এক বলয়ের রাজনীতি করেন, আমরা আরেক বলয়ের রাজনীতি করি। এই কারণেই আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন।"
তিনি আরও বলেন, "মামলার বাদী ফারুক মাতবরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা ওপর থেকে আসছে। আমি শুধু বাদী হিসেবে সাইন করছি।"
মামলার বাদী ফারুক মাতবর জানিয়েছেন, "এটা সাংগঠনিক ব্যাপার। কোন খানে কার নাম দিয়েছে সেটা তো বুঝা যায় না। মিসটেকও হতে পারে দুই একটা। যারা মামলা দিয়েছে তারা হয়তো জানে না ছেলেটা বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।"
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, "মামলায় ছাত্রদলের কেউ আছে কি না, এটা বাদী বলতে পারবেন। আমরা তো কারো দলীয় পরিচয় দেখি না। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন