ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সময় টিভির প্রতিবেদনের পর সেন্টমার্টিনে চার নতুন শিক্ষক পদায়ন


সময় টিভির প্রতিবেদনের পর সেন্টমার্টিনে চার নতুন শিক্ষক পদায়ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের সমাধানের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস উদ্যোগ গ্রহণ করেছে। নতুন চার শিক্ষক যোগ দেওয়ার ফলে বর্তমানে বিদ্যালয়ে ছয়টি পদের বিপরীতে ছয়জন শিক্ষক কর্মরত আছেন। গত শনিবার (২৪ অক্টোবর) সময় টিভিতে ‘সেন্টমার্টিনে শিক্ষায় ধস, স্বাস্থ্যসেবায় হাহাকার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হওয়ার পরদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) নতুন চার শিক্ষক বিদ্যালয়ে যোগদান করে পাঠদান কার্যক্রম শুরু করেছেন।

টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, নতুন পদায়ন করা শিক্ষকরা হলেন শফিকুর রহমান, আবদুল মালেক, মো. ইব্রাহিম ও মোহাম্মদ ইমরান। তাদের যোগদানের ফলে বিদ্যালয়টির দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকটা কাটিয়ে উঠেছে।

আরও পড়ুন: মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বিএনপি সরকার: সমাজকল্যাণমন্ত্রী

কক্সবাজারের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার জানান, সেন্টমার্টিনের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ছিল। সেই সংকট দূরীকরণের জন্য চারজন সহকারী শিক্ষক পদায়ন করা হয়েছে। তারা সোমবার বিদ্যালয়ে যোগ দিয়েছেন। বর্তমানে বিদ্যালয়ে ছয়টি শিক্ষক পদের বিপরীতে ছয়জন শিক্ষক কাজ করছেন।

প্রধান শিক্ষক পদে নতুন কাউকে পদায়ন করা সম্ভব হচ্ছে না জানিয়ে গুলশান আক্তার বলেন, সারা দেশে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নিয়ে জটিলতা বিদ্যমান। বিদ্যালয়ে বর্তমানে একজন শিক্ষক সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাই আপাতত প্রধান শিক্ষক পদে নতুন করে পদায়নের মতো শূন্য পদ নেই।

জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিদ্যালয়ে বর্তমানে ২১৫ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

এর আগে সময় টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেন্টমার্টিন দ্বীপে শিক্ষার পরিবেশ বিভিন্ন সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষক স্বল্পতা, দারিদ্র্য ও পর্যটননির্ভর জীবিকার কারণে অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। পরিবারের আর্থিক চাপে কিছু শিশু পড়াশোনার পরিবর্তে মাছ ধরা, ডাব বিক্রি কিংবা পর্যটকদের বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে।

আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন দুই যুবক, প্রতিমন্ত্রী টুকুরের সহযোগিতা

প্রতিবেদনে দ্বীপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট, শিক্ষার্থীদের ঝরে পড়ার ঝুঁকি এবং দুর্বল স্বাস্থ্যসেবার চিত্রও তুলে ধরা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক, নার্স ও কারিগরি জনবলের অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার আশা প্রকাশ করেন, পর্যাপ্ত শিক্ষক থাকায় জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষক সংকট দূর হওয়ার ফলে শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন: কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগ ও যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাসাস নেতার মায়ের মৃত্যুতে রিজভীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ এম


জাসাস নেতার মায়ের মৃত্যুতে রিজভীর শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসিরের মা মরিয়ম বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ‘মরহুমা মরিয়ম বেগম একজন ধর্মপ্রাণ মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি— মহান রাব্বুল আলামিন যেন মরহুমা মরিয়ম বেগমকে বেহেশত নসিব এবং গভীর শোকে ম্রিয়মাণ পরিবারের সদস্যদের এই বিশাল শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

শোকবার্তায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরিয়ম বেগম আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়া থেকে দেশে ফিরলেন দুই যুবক, প্রতিমন্ত্রী টুকুরের সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৮ এম


লিবিয়া থেকে দেশে ফিরলেন দুই যুবক, প্রতিমন্ত্রী টুকুরের সহযোগিতা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন টাঙ্গাইলের দুই যুবক, যারা লিবিয়া থেকে ফিরে আসেন। তাদের অবস্থান শনাক্ত করতে এবং দেশে ফিরিয়ে আনতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতা ছিল। এ কাজে স্বজনদেরও সাহায্য ছিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই দুই যুবক।

যুবক দুটি হলেন টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের কাকুয়া গ্রামের ফজলু হকের ছেলে সবুজ আলী (২২) এবং আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৩)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে ইতালিতে কাজ দেওয়ার আশ্বাসে বিদেশে যান সবুজ ও মেহেদী। তাদের সৌদি আরব ও মিসরসহ কয়েকটি দেশ ঘুরিয়ে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বিভিন্ন অজুহাতে তাদের পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মোট ৩২ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। প্রায় সাত মাস পর লিবিয়ার পুলিশ তাদের আটক করে। পরে তাদের ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে রাখা হয়।

পরিবারের অভিযোগ, তাদের বিদেশে পাঠানোর কাজে টাঙ্গাইল শহরের ঘারিন্দা এলাকার কাইয়ুম ও এলেঙ্গা এলাকার আমিন জড়িত। কাইয়ুম পেশায় সিএনজিচালিত অটোচালক। স্বজনদের দাবি, কাইয়ুমের আত্মীয় আমিনও এ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন না করে এক পর্যায়ে দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মেহেদী হাসানের পরিবারের সদস্যরা জানান, গত ২৬ আগস্ট পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল। এরপর যোগাযোগ বন্ধ হয়ে গেলে তার অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়। দীর্ঘদিন চেষ্টা করেও তার খোঁজ পাননি স্বজনেরা।

এ অবস্থায়, প্রায় দুই মাস আগে সবুজ আলীর বড় ভাই মালয়েশিয়াপ্রবাসী রিপন আহমেদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে যোগাযোগ করেন। তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ পাঠান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দুই যুবকের অবস্থান শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। এক পর্যায়ে তাদের লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকার তথ্য জানতে পারেন পরিবারের সদস্যরা।

মালয়েশিয়া থেকে মুঠোফোনে রিপন আহমেদ জানান, আগস্টের শেষে ভাইয়ের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর আমি নিরুপায় হয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। তিনি আমার কথা শুনেছেন এবং সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। তার সহায়তা না পেলে ভাই কোথায় আছে, সেটিও হয়তো জানতে পারতাম না। তার প্রতি আমরা কৃতজ্ঞ।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে প্রায় দুই মাস আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রয়োজনীয় তথ্য যাচাই করে দুই যুবকের পরিচয় শনাক্ত এবং তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। পরে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মানবিক প্রত্যাবাসনের আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবুজের বড় ভাই রিপন আহমেদ আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। বিষয়টি জানার পর দুই যুবকের অবস্থান শনাক্ত করে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তাদের দেশে ফিরিয়ে আনতে পেরে আমরা স্বস্তি বোধ করছি। একই সঙ্গে সবাইকে বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে।

এদিকে, বাংলাদেশ দূতাবাস, লিবিয়া ও আইওএমের সহযোগিতায় একই দিনে ১৭৪ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে সাগর থেকে উদ্ধারের পর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩৬ জন এবং লিবিয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফেরা ১৩৮ জন রয়েছেন। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিমিয়ার ব্যাংকে লোকবল নিয়োগ, বেতন আলোচনা সাপেক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৮ এম


প্রিমিয়ার ব্যাংকে লোকবল নিয়োগ, বেতন আলোচনা সাপেক্ষে

প্রিমিয়ার ব্যাংক পিএলসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি ইভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি

পদের নাম: ইভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, আইন, ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন সংক্রান্ত বিষয়াবলি, রেগুলেটরি কমপ্লায়েন্স, এএমএল/সিএফটি (AML/CFT) কমপ্লায়েন্স, গভর্ন্যান্স এবং রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৪৩ থেকে ৫৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

২৬ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ০৭ নভেম্বর পর্যন্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৯ এম


ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপন করার সময় মাটির গভীর থেকে আগুনের ‘কুন্ডলি’ বের হতে দেখা গেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া উড়তে থাকায় ধারণা করা হচ্ছে, মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রীজ সংলগ্ন এলাকায় নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সকাল ১০টা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "খবর পেয়ে আমরা এখানে এসেছি, এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটির নিচে গ্যাস থাকার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"

আগুনের প্রবাহ বেশি থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত যুবক আলামিন জানিয়েছেন, "যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।"

অন্যদিকে, আগুন জ্বলতে থাকার কারণে বৈদ্যুতিক খুঁটির তারে তা লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%