শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৮ পি.এম
পটুয়াখালীর বাউফল উপজেলার হাসপাতাল রোড এলাকার বাসিন্দা জসীম উদ্দীনের ছেলে মো. জোবায়ের হোসেন বর্তমানে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কমিশন বাণিজ্য, অনিবন্ধিত প্রতিষ্ঠানের নামে বরাদ্দ প্রদান এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, মো. জোবায়ের হোসেনের পিতার নাম জসীম উদ্দীন এবং মাতার নাম নাসিমা বেগম। তাঁর জন্ম ১ জানুয়ারি ১৯৮৫। তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রজীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
### প্রকল্পের নামে অর্থ উত্তোলন, বাস্তবে কাজের অস্তিত্ব নেই!
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর কাঁঠালিয়া উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় প্রকল্পের নামে বরাদ্দ নিয়ে অর্থ উত্তোলন করা হলেও কিছু প্রকল্পের ক্ষেত্রে সরেজমিনে গিয়ে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায় না।
এ ছাড়া প্রতিটি প্রকল্পের কাজের বিপরীতে কমিশন গ্রহণের অভিযোগও উঠেছে পিআইও জোবায়ের হোসেনের বিরুদ্ধে। বিভিন্ন প্রকল্পের নামে মোটা অঙ্কের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও করেছেন স্থানীয়রা।
### অনিবন্ধিত প্রতিষ্ঠানের নামে প্রকল্প বরাদ্দের অভিযোগ
কাঁঠালিয়ার সাংবাদিক বাদল হাওলাদারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন প্রকল্প বরাদ্দ দেওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় নিবন্ধন ও সরকারি বিধিবিধান যথাযথভাবে যাচাই না করেই কিছু প্রতিষ্ঠানের নামে প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কি না এবং প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
### রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ
জোবায়ের হোসেনের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও নানা আলোচনা রয়েছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিজেকে বিএনপিপন্থী পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও উঠেছে।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেদওয়ান ইসলামের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এমনকি মহাপরিচালককে দুর্নীতির অর্থ দেওয়ার কথা তিনি প্রকাশ্যে বলে বেড়ান বলেও অভিযোগ করেছেন কয়েকজন ব্যক্তি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
### গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও বহাল দায়িত্বে
কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও জোবায়ের হোসেনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাঁকে নলছিটি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে তথ্য জানতে চাইলে জোবায়ের হোসেন সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মিতু ও সংসদ সদস্য রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
সূত্রে আরও জানা যায়, গণমাধ্যমকর্মীদের ধারাবাহিক লেখালেখির পরিপ্রেক্ষিতে বর্তমানে তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
### নিরপেক্ষ তদন্তের দাবি
কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, অর্থ উত্তোলন, প্রকল্প বাস্তবায়ন, বিল-ভাউচার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তাঁদের দাবি, তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা উদ্ঘাটন করে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত পিআইও মো. জোবায়ের হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্যথাজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে কাজ করছেন হাকিম মাওলানা আব্দুল হান্নান। রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা, আন্তরিক আচরণ এবং যত্নসহকারে পরামর্শ দেওয়ার মাধ্যমে তিনি তাঁর সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি ঘাড়ব্যথা, কোমরব্যথা, কাঁধব্যথা, হাঁটুব্যথা, পায়ের গোড়ালির ব্যথাসহ শরীরের বিভিন্ন স্থানের ব্যথাজনিত সমস্যায় হোমিওপ্যাথিক ও ইউনানি পদ্ধতিতে পরামর্শ ও সেবা দিয়ে থাকেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা, হাড় ও জয়েন্টের সমস্যায় ভোগা ব্যক্তিরা তাঁর কাছে পরামর্শের জন্য যোগাযোগ করেন। রোগীর শারীরিক অবস্থা, উপসর্গ ও সমস্যার ধরন বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
হাকিম মাওলানা আব্দুল হান্নানের সেবামূলক কার্যক্রম ঢাকা, বরিশাল, বরগুনা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিস্তৃত। এসব এলাকার সাধারণ মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন।
চিকিৎসাসেবার পাশাপাশি নিজের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে আন্তরিক, দায়িত্বশীল ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
চেম্বার: বরগুনা সদর, বরিশাল বিভাগ।
হটলাইন: 01335965809
বিশেষ দ্রষ্টব্য: শারীরিক ব্যথা বা দীর্ঘস্থায়ী কোনো সমস্যায় সঠিক রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে একটি নতুন মাইলফলক অর্জিত হয়েছে। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সমন্বয়ের পর প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এই সময়ে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
এই অর্জন শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের পরিসংখ্যান নয়; এটি বাংলাদেশের জ্বালানি ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। আধুনিক পারমাণবিক প্রযুক্তির বাস্তব প্রয়োগের পাশাপাশি দেশের নিজস্ব কর্মকর্তা, প্রকৌশলী ও পরিচালনাকারীদের দক্ষতা ও সক্ষমতারও প্রমাণ মিলেছে। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে তারা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নতুন অভিজ্ঞতা অর্জন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আরশাদ মোমেন এই অর্জনকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, "রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।" দীর্ঘদিনের অপেক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর এই সাফল্য বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আধুনিক পারমাণবিক প্রযুক্তি, নতুন সক্ষমতা ও অভিজ্ঞতা যুক্ত করেছে।
তিনি আরও বলেন, "দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।" এতে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং কমার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন বাড়বে এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ কমবে।
দেশের অর্থনৈতিক বাস্তবতা ও ভবিষ্যতের জ্বালানি চাহিদা বিবেচনায় পারমাণবিক বিদ্যুতকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ড. আরশাদ মোমেন বলেন, "ছোট আয়তনের দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কিছু সীমাবদ্ধতা রয়েছে।" তাই বিকল্প জ্বালানি উৎস হিসেবে পারমাণবিক বিদ্যুৎ আমাদের জন্য উপযোগী। তবে এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও অপারেটররা যে অভিজ্ঞতা অর্জন করছেন, তা ভবিষ্যতে নিজস্ব জনবলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতা গড়ে তুলতে সহায়ক হবে। এজন্য দক্ষ জনশক্তি তৈরিতে এখন থেকেই বিনিয়োগ ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি উত্তর ও পশ্চিমের দেশগুলোর ওপর নির্ভর না করে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, "দেশে বিদ্যুৎ সংকটের এই মুহূর্তে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া অত্যন্ত আনন্দের এবং স্বস্তির বিষয়।" বিদ্যুতের ঘাটতির কারণে সরকার ইতোমধ্যে কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি।
তিনি আশা প্রকাশ করেন, প্রথম ইউনিটের উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে বাড়বে। পাশাপাশি দ্বিতীয় ইউনিট চালুর প্রচেষ্টাও চলছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। বিশেষ করে শিল্পকারখানায় উৎপাদন বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরতা কমবে।
এ সাফল্যের পেছনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনাকারীদের অবদানেরও প্রশংসা করেন অধ্যাপক ড. আখতার হোসেন। তিনি বলেন, রুশ পরিচালনাকারী সংস্থা সিআরইএ-এর বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশি জনবল পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছেন। দেশের নিজস্ব পারমাণবিক জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি বলেন, "পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা অত্যন্ত সংবেদনশীল ও জটিল কারিগরি প্রক্রিয়া।" জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় এবং স্থিতিশীলভাবে বিদ্যুৎ উৎপাদন বজায় রাখতে প্রতিটি পর্যায়ে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব প্রয়োজন। বাংলাদেশি পরিচালনাকারীরা রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে এসব দায়িত্ব পালন করে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন।
ড. জাহেদুল হাসানের মতে, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীরা শুধু বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় অংশ নিচ্ছেন না, বরং ভবিষ্যতে নিজস্ব দক্ষ জনবলের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার ভিত্তিও গড়ে তুলছেন। তাদের পেশাগত উৎকর্ষ ও দায়িত্ববোধ দেশের পারমাণবিক বিদ্যুৎ খাতকে আরও এগিয়ে নেবে।
এনপিসিবিএলের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত বলেন, রূপপুরের এই সাফল্যের পেছনে বিশেষভাবে প্রশংসার দাবিদার এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনাকারীরা। রুশ পরিচালনাকারী সংস্থা সিআরইএ-এর বিশেষজ্ঞদের সঙ্গে মিলেমিশে তারা পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও সমন্বিত কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশি জনবল পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় বা গ্রিড সিনক্রোনাইজেশনের মতো জটিল কারিগরি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। এই অর্জন ভবিষ্যতে নিজস্ব জনবলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, এক সময় বাংলাদেশের কাছে পারমাণবিক প্রযুক্তি ছিল সম্পূর্ণ নতুন ও চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে এখন দেশের প্রকৌশলী ও পরিচালনাকারীরা এই প্রযুক্তির বাস্তব পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করছেন। তাদের এই অভিজ্ঞতা দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের পথ সুগম করছে।
সব মিলিয়ে রূপপুরের প্রথম ইউনিটের ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের সাফল্য কেবল প্রযুক্তিগত অর্জন নয়; এটি পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় বাংলাদেশের নিজস্ব জনশক্তির দক্ষতা, আত্মবিশ্বাস ও সক্ষমতা অর্জনেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জেলার মুহুরীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাজ্জাদ আকিব, যিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা, পুলিশ দ্বারা গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার ভোররাতে, জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ আকিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্যও রয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বাসসকে জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় বিএনপি নেতা সুলতান মুহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে দায়েরকৃত মামলায় আকিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে হাজির করা হবে।
ওসি (তদন্ত) মো. ইসমাঈল বাসসকে জানান, গ্রেফতার রাকিবের বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মরহুমা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় এজাহারনামীয় ৯৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড এবং গোড়াই ফ্লাইওভারের নিচে পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার গোড়াই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোড়াই হাইওয়ে থানার আনুমানিক দুই শ গজ দূরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও গোড়াই ফ্লাইওভারের নিচে পেট্রল বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান (২০), ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) এবং সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাকি অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তারা মির্জাপুর উপজেলার বাসিন্দা না হলেও পার্শ্ববর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশে এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গোড়াই এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ