শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪২ পি.এম
নির্বাচনের ফলাফল ঘোষণার পর অনেক সময় রাজনৈতিক নেতারা পোলিং এজেন্টদের খোঁজ নেন না। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের জন্য একটি মতবিনিময় সভার আয়োজন করেছেন। এই সভা শুধু মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, প্রায় দুই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়েছে। গরু জবাই করে পোলাও-মাংস রান্না করা হয় এবং কয়েক দফায় খাবার পরিবেশন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টরা অংশ নেন। সভা শেষে পোলিং এজেন্টদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমার নির্বাচনে ভোটের দিন যাদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তারা হচ্ছেন আপনারা। আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি চিন্তা করেছি, যারা ভোটের দিন আমার জন্য দায়িত্ব পালন করেছেন, তাদের সঙ্গে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, মতবিনিময় হবে না—এটা হতে পারে না। সেজন্য উদ্যোগ নিয়ে এ আয়োজন করেছি।’
পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ আপনাদের কথা বিশ্বাস করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেই প্রত্যাশা আমি পূরণ করব, ইনশাআল্লাহ। আপনাদের ফোন নম্বর আমি ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি। আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে, কথা বলব। আপনারাই হচ্ছেন বিএনপির মূল প্রাণ।’
দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে। দলের মাধ্যমে আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখব, ইনশাআল্লাহ। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। টাঙ্গাইলে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব, যাতে আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইল দেশের মধ্যে এক নম্বরে থাকে।’
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
এর আগে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা একে একে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাদের বক্তব্য শোনেন প্রতিমন্ত্রী। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৬ : সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ একজন অভিযুক্ত চোরাকারবারিকে গ্রেফতার করেছে আকবরশাহ থানার পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।
আজ আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত পুলিশ চেকপোস্টের সামনে থেকে সুধীর কুমার ধর (৪১)-কে আটক করা হয়।
গ্রেফতার হওয়া সুধীর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ইউনিয়নের দক্ষিণ বণিকপাড়া এলাকার গোপাল বাড়ির বাসিন্দা।
ওসি জানান, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আকবরশাহ থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে পুলিশ চেকপোস্টের বক্সের সামনের পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি ১২৯.৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্যমতে গ্রেফতার হওয়া সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি সংবাদকর্মীদের জানিয়ে নিশ্চিত করেছেন। মামলাটি দায়ের করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটের প্রেক্ষাপটে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর চালান।
সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে ধর্মঘটের সমর্থকরা লগি-বৈঠা, ঢাল-সড়কি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেন। এছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল বিতরণ ও ২ হাজর ৫০০ জন কৃষকের মাঝে সার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের সেবা করার যে দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় সরকার এবং আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করছি যত দ্রুত ও যত বেশি সম্ভব মানুষের পাশে সাহায্য-সহযোগিতা এবং সুযোগ-সুবিধা নিয়ে দাঁড়াতে।
‘এরই ধারাবাহিকতায়, আজ আমরা তাদের পাশে দাঁড়িয়েছি—যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কষ্ট পাচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, তাদের সেলাই মেশিন বা অন্যান্য কাজের উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যেসব শিশু অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে’, তিনি যোগ করেন।
মন্ত্রী আরও বলেন, তাদের আবাসন সমস্যার সমাধানে ঘরবাড়ি তৈরি করে দেয়ার ব্যবস্থাও করা হচ্ছে। আপনাদের চাহিদা অনেক থাকলেও আমাদের এবং সরকারের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সেই কারণে আপনাদের সব চাহিদা একসঙ্গে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তবে খেয়াল করে দেখবেন, আমরা প্রতি মাসেই কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসময় সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষাটি শুরু হওয়ার মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। গত রাতে এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ সকালে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন কেন্দ্রের দায়িত্বে থাকা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানাতে না পারায় তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।
কালাই ডিগ্রি কলেজের সূত্র অনুযায়ী, হিসাব সহকারী পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে তাদের মধ্যে ছয়জন পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও।
তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও তিনি পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। তিনি দাবি করেন, কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।
পরীক্ষা স্থগিতের বিষয়ে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে তিনি কেন্দ্রে দেখতে পাননি। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।
এ বিষয়ে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিক জানান, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে। নিয়োগে আর্থিক লেনদেনের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা তার জানা নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ