প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষাটি শুরু হওয়ার মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। গত রাতে এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ সকালে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন কেন্দ্রের দায়িত্বে থাকা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানাতে না পারায় তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।
কালাই ডিগ্রি কলেজের সূত্র অনুযায়ী, হিসাব সহকারী পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে তাদের মধ্যে ছয়জন পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও।
তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও তিনি পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। তিনি দাবি করেন, কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।
পরীক্ষা স্থগিতের বিষয়ে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে তিনি কেন্দ্রে দেখতে পাননি। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।
এ বিষয়ে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিক জানান, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে। নিয়োগে আর্থিক লেনদেনের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা তার জানা নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন