শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৩ পি.এম
চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৬ : সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ একজন অভিযুক্ত চোরাকারবারিকে গ্রেফতার করেছে আকবরশাহ থানার পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।
আজ আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত পুলিশ চেকপোস্টের সামনে থেকে সুধীর কুমার ধর (৪১)-কে আটক করা হয়।
গ্রেফতার হওয়া সুধীর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ইউনিয়নের দক্ষিণ বণিকপাড়া এলাকার গোপাল বাড়ির বাসিন্দা।
ওসি জানান, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আকবরশাহ থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে পুলিশ চেকপোস্টের বক্সের সামনের পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি ১২৯.৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্যমতে গ্রেফতার হওয়া সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি সংবাদকর্মীদের জানিয়ে নিশ্চিত করেছেন। মামলাটি দায়ের করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটের প্রেক্ষাপটে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর চালান।
সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে ধর্মঘটের সমর্থকরা লগি-বৈঠা, ঢাল-সড়কি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেন। এছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল বিতরণ ও ২ হাজর ৫০০ জন কৃষকের মাঝে সার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের সেবা করার যে দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় সরকার এবং আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করছি যত দ্রুত ও যত বেশি সম্ভব মানুষের পাশে সাহায্য-সহযোগিতা এবং সুযোগ-সুবিধা নিয়ে দাঁড়াতে।
‘এরই ধারাবাহিকতায়, আজ আমরা তাদের পাশে দাঁড়িয়েছি—যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কষ্ট পাচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, তাদের সেলাই মেশিন বা অন্যান্য কাজের উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যেসব শিশু অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে’, তিনি যোগ করেন।
মন্ত্রী আরও বলেন, তাদের আবাসন সমস্যার সমাধানে ঘরবাড়ি তৈরি করে দেয়ার ব্যবস্থাও করা হচ্ছে। আপনাদের চাহিদা অনেক থাকলেও আমাদের এবং সরকারের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সেই কারণে আপনাদের সব চাহিদা একসঙ্গে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তবে খেয়াল করে দেখবেন, আমরা প্রতি মাসেই কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসময় সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষাটি শুরু হওয়ার মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। গত রাতে এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ সকালে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন কেন্দ্রের দায়িত্বে থাকা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানাতে না পারায় তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।
কালাই ডিগ্রি কলেজের সূত্র অনুযায়ী, হিসাব সহকারী পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে তাদের মধ্যে ছয়জন পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও।
তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও তিনি পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। তিনি দাবি করেন, কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।
পরীক্ষা স্থগিতের বিষয়ে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে তিনি কেন্দ্রে দেখতে পাননি। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।
এ বিষয়ে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিক জানান, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে। নিয়োগে আর্থিক লেনদেনের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা তার জানা নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পবিত্র জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায়ের কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র জুমার নামাজে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের জানান, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের অবশিষ্ট কাজগুলোও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। সব কাজ শেষ হলে শাহ মখদুম দরগাহ শরীফ দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে।
এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহŸায়ক ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম ও শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা বিএনপি এবং মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া মসজিদের মুসলিরা উপস্থিত ছিলেন।
উলেখ্য, মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ চলমান থাকায় এতদিন দরগাহ শরীফের পূর্বপ্রান্তে টিনশেডের অস্থায়ী মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রাসিক মাহফুজুর রহমান রিটন শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসলিদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশনা প্রদান করেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করে নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। নবনির্মিত মসজিদে এখন থেকে নিয়মিত নামাজ আদায় করা হবে। অন্যদিকে, অস্থায়ী মসজিদের স্থানে দরগাহ মসজিদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে।
রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পের আওতায় দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা বিশিষ্ট মসজিদ নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে মাজার শরীফ, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন, ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পবিত্র এ স্থানের ঐতিহাসিক গুরুত্ব ও আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ন রাখার পাশাপাশি এর সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ