ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাশরাফি নিয়মিত আ.লীগ-ছাত্রলীগ নেতাদের টাকা পাঠান: রাশেদ খাঁন


মাশরাফি নিয়মিত আ.লীগ-ছাত্রলীগ নেতাদের টাকা পাঠান: রাশেদ খাঁন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের জন্য নিয়মিত অর্থ পাঠান, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

তিনি শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্যটি করেন।

রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, নড়াইলে দুই বিএনপি নেতার হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় মাশরাফি বিন মর্তুজার ইন্ধন ছিল।

আরও পড়ুন: বিএনপিতে ফিরছেন কিনা, জানালেন রুমিন ফারাহানা

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী উল্লেখ করেন, মাশরাফি বিন মর্তুজা নিয়মিতভাবে নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের টাকা পাঠান। তিনি বলেন, সন্ত্রাসীদের মাধ্যমে সর্বশেষ যে তাণ্ডব চালানো হয়েছে, সেটিও মাশরাফির নির্দেশে হয়েছে।

তিনি যোগ করেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুরের ক্ষোভ আজও তার মনে রয়েছে। এই ক্ষোভের প্রতিশোধ নিতে মাশরাফি বেপরোয়া হয়ে উঠেছে এবং এজন্য সে বিপুল অর্থ ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছে।

রাশেদ খাঁন লেখেন, মাশরাফির চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে যে, মাশরাফি নাকি বিএনপির দুজন নেতাকে হত্যার নির্দেশ দেননি! তাহলে কেন মাশরাফি বলছে না যে, "আমি নিরপরাধ, আমি বিএনপির ২ নেতাকে হত্যার নির্দেশনা দিইনি"? মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিল।

তিনি আরও উল্লেখ করেন, মাশরাফি বিন মর্তুজা মনে করেন ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসবে, সেই আশায় ২ বছর গ্যাপ দিয়ে এবছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন। যে ব্যক্তি গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?

আরও পড়ুন: ‘হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’—রাশেদ খান

সবশেষে রাশেদ খাঁন লেখেন, যদি মাশরাফির কোনো মনুষ্যত্ব থাকতো, তাহলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতেন, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতেন। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসবে, আপা তাকে মন্ত্রী বানাবে, এই আশায় বুক বেঁধে আছে...!

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশের চাটাইয়ের সিলিংয়ে কালো ব্যাগে লুকানো ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


বাঁশের চাটাইয়ের সিলিংয়ে কালো ব্যাগে লুকানো ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা

চট্টগ্রামের ফটিকছড়ির পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ভূজপুর থানা পুলিশ ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) রাতে প্রধান আসামি জাবেদের বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর থেকে কালো ব্যাগে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে প্রধান আসামি জাবেদের কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। বাকি দুই লাখ টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের কাছে থাকা চা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পরপরই চা শ্রমিকদের সহযোগিতায় অভিযান চালিয়ে পুলিশ মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পঞ্চবটি চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি জাবেদকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে (২২) গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, ছিনতাইয়ের টাকা থেকে জাবেদ তাঁকে ১০ হাজার টাকা দিয়েছিলেন। বাকি টাকা জাবেদের স্ত্রী লিলু আক্তারের কাছে রয়েছে।

সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জাবেদের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর থেকে একটি কালো ব্যাগে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় লিলু আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এ পর্যন্ত গ্রেপ্তার সাতজন হলেন- মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২২), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাঁদের মধ্যে আবু ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভূজপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় ১৬ অক্টোবর ভূজপুর থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়েছে। ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় অগ্নিকাণ্ডে ৩ নিহত, ৩৬ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় অগ্নিকাণ্ডে ৩ নিহত, ৩৬ নিখোঁজ

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ফলে তিনজনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, এই ঘটনায় ৩৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রোববার, উদ্ধার ও অনুসন্ধান সংস্থার স্থানীয় কর্মকর্তা রিজকি দিউয়ান্তো জানিয়েছেন, শনিবার কারখানাটিতে আগুন লাগার পর চারজনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যে যুবলীগ নেত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যে যুবলীগ নেত্রী গ্রেফতার

নড়াইল জেলা যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেছেন, "সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাবে।" এই স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান রোববার (২২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বর থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নাশকতার সঙ্গে জড়িত। টুঙ্গিপাড়া নাশকতাকারীদের সঙ্গে তার যোগাযোগের সত্যতা পাওয়া গেছে।

গ্রেফতারের দিনও পাপিয়া সুলতানা তার ফেসবুকে লিখেছেন, "আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০% পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে।" এছাড়া তার ফেসবুকে "আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন" সহ বিভিন্ন পোস্টও রয়েছে।

ওসি হাফিজ জানিয়েছেন, এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠকে গঙ্গার পানিবণ্টন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠকে গঙ্গার পানিবণ্টন নিয়ে আলোচনা

ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ এবং ভারত, গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বে। দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠকে গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ, বণ্টন এবং চুক্তি বাস্তবায়নের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী এই বৈঠক শুরু হয়েছে। উভয় দেশের প্রতিনিধিরা পানিপ্রবাহের তথ্য-উপাত্ত বিনিময় এবং বিদ্যমান পানিবণ্টন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।

বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অপরদিকে, ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হবে। তবে, চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি। কমিটির মূল দায়িত্ব হলো বিদ্যমান চুক্তির বাস্তবায়নের পরিস্থিতি পর্যালোচনা করা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে, গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে বর্তমানে কার্যকর দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য নতুন চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা এবং কার্যকর শর্ত যুক্ত করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানিবণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ বা পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করার বিধান অন্তর্ভুক্ত করতে চায় ঢাকা। বিশেষ করে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্ট দিয়ে বাংলাদেশের জন্য নির্দিষ্ট পরিমাণ পানি নিশ্চিত করা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলা বাংলাদেশের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে, ভারতের সংসদে গত ফেব্রুয়ারিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ১৯৯৬ সালের চুক্তির নবায়ন নিয়ে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা তখনো শুরু হয়নি। ফলে নির্ধারিত সময়ের আগে নতুন চুক্তি বা মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা না হলে গঙ্গার পানিবণ্টন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%