মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৫ পি.এম
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : দুই দেশ বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়ে মতৈক্য গড়ে ওঠে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি সংক্রান্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বাংলাদেশে একটি বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন, যা জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে সহায়ক হবে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন, যাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত হয়। তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশকে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর আলোচনায় খন্দকার আব্দুল মুক্তাদির দেশটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।
রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাং এর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।
এরপর স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।
জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়াতে বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিয়েও আলোচনা হয়। তিনি স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন।
রাষ্ট্রদূত এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন। তিনি দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো মন্তব্য করেছেন যে, দেশটির সুপারমার্কেটগুলোর শত শত রেফ্রিজারেটরে সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্যারিস কোনো পদক্ষেপ বাদ দিচ্ছে না। ফ্রান্স গত অক্টোবরের ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার ফ্রান্সইনফো টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে বারো জানান, ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হবে। একই সঙ্গে, ফ্রান্স ইউরোপীয় পর্যায়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ গ্রহণ করবে।
বারো বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই, আমরা কোনো কিছুই বাদ দিচ্ছি না। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আমরা যেসব পদক্ষেপকে প্রয়োজনীয় বলে মনে করব, তার সবই নেওয়া হবে। এর মধ্যে এমন কিছু ব্যবস্থাও থাকতে পারে, যা আমরা প্রকাশ্যে জানাব না।’
বারোর এই বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে, সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও ফ্রান্স বিবেচনা করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন যে, সামরিক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয়। তাঁর মতে, যুদ্ধ বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে ‘সম্মানের ভাষা’ ব্যবহার করতে হবে এবং ইরানের শর্তগুলো মেনে নিতে হবে।
সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে রয়েছে। যুক্তরাষ্ট্রকে ওই প্রস্তাবের শর্তগুলো মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি।
আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। ভবিষ্যতেও পারবেন না—এ বিষয়টি ট্রাম্পের আরও আগেই উপলব্ধি করা উচিত ছিল।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির পরাজয়ের প্রসঙ্গ টেনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের জনগণ যে অবস্থান নিয়েছে, তা ট্রাম্পের বোঝা উচিত। ইসরায়েলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রকে বারবার যুদ্ধে জড়াতে দেখতে চান না দেশটির জনগণ।
আরাগচি আরও বলেন, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে নতিস্বীকার করানোর চেষ্টা ভুল কৌশল। ট্রাম্প শিগগিরই বুঝতে পারবেন, এ পথে এগিয়ে কোনো ফল পাওয়া সম্ভব নয়।
এর আগে ৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও ইরানের দুই দিনের প্রস্তাবের কথা জানান আরাগচি। তিনি বলেন, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধসহ ইরানের শর্তগুলো পূরণ করা হলে প্রস্তাবের বাস্তবায়ন সম্ভব। অন্যথায় যুদ্ধের পথ বেছে নিলে ইরানও তার জবাব দিতে প্রস্তুত। তথ্যসূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের এক দিন পর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের আকস্মিক পদত্যাগের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে শীর্ষ পদে থাকা নারীদের বিদায়ের তালিকা আরও দীর্ঘ হয়েছে। চলতি বছরের শুরু থেকে একের পর এক নারী গুরুত্বপূর্ণ পদ ছেড়ে গেছেন।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে গর্বের সঙ্গে বলেছিলেন, ‘আমাদের দেশের ইতিহাসে যেকোনো রিপাবলিকান প্রেসিডেন্টের মন্ত্রিসভার তুলনায় আমার মন্ত্রিসভায় বেশি নারী রয়েছেন। বিষয়টি জানাতে পেরে আমি আনন্দিত।’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তখন ২০টির বেশি শীর্ষ পদের মধ্যে আটটিতে নারী দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ১৮ মাস পর সেই সংখ্যা এখন কমে মাত্র তিনে দাঁড়িয়েছে। তারা হলেন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স, শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন এবং ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান কেলি লোফলার।
বসন্তে মাত্র তিন মাসের ব্যবধানে অর্ধেক নারী কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রথমে বিদায় নেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। তিনি ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের প্রধান মুখ হয়ে উঠেছিলেন।
এরপর বিদায় নেন ট্রাম্পের শীর্ষ ফেডারেল কৌঁসুলি পাম বন্ডি, শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডিরেমার এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। সবশেষে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের এক দিন পর পদ ছাড়ার ঘোষণা দেন ওয়াইলস।
দ্বৈত নীতি
গত বসন্তে পরবর্তী কে পদ হারাতে পারেন, এমন প্রশ্নের জবাবে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেন, ‘তাহলে কি তার দলে আর কোনো নারী নেই?’ তিনি আরও বলেন, ‘ট্রাম্পের মনে হয় শুধু নারী মন্ত্রীদেরই বরখাস্ত করার সামর্থ্য রয়েছে।’ তার ভাষায়, ‘ট্রাম্প প্রশাসনে পুরুষ হলে অসদাচরণের পরও পুরস্কৃত হওয়ার সুযোগ রয়েছে।’
সাবেক সুন্দরী প্রতিযোগিতার আয়োজক ট্রাম্পের কাছে নারীদের গুরুত্ব মূলত তাদের বাহ্যিক উপস্থিতির ওপর নির্ভর করে বলে মনে করেন কলোরাডো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারিন ভ্যাসবি অ্যান্ডারসন। তিনি এএফপিকে বলেন, ‘ট্রাম্প এমন নারীদের নিয়োগ দেন, যাদের মনে করেন তারা তার ভাবমূর্তি উজ্জ্বল করবেন। কিন্তু তারা তা করতে ব্যর্থ হলেই তাদের বিদায় নিতে হয়।’
অ্যান্ডারসন বলেন, ‘ইরান যুদ্ধ যে বিপর্যয়ে পরিণত হয়েছে, তা প্রায় সবাই স্বীকার করলেও তিনি (ট্রাম্প) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ট্রাম্প যেসব পুরুষ কর্মকর্তার পক্ষে সবচেয়ে জোরালোভাবে অবস্থান নেন, তাঁদের মধ্যে একটি বিশেষ ধরনের পুরুষতান্ত্রিক মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) মানসিকতা কাজ করে। এ ধরনের পুরুষদের পাশে থাকতেই ট্রাম্প স্বাচ্ছন্দ্যবোধ করেন।’
প্রশাসনের পুরুষ কর্মকর্তাদের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনা ও বিতর্ক থাকলেও ট্রাম্প তাদের পাশে দাড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন চিফ অব স্টাফ স্টিফেন মিলার। তিনি কঠোর অভিবাসননীতির পক্ষে প্রকাশ্যে জোরালো অবস্থান নিয়েছেন। এ ছাড়া এফবিআই পরিচালক কাশ প্যাটেলের বিরুদ্ধেও একাধিক বিতর্ক রয়েছে। তার বিরুদ্ধে করদাতাদের অর্থে গঠিত গোপন তহবিল থেকে অনুগতদের পুরস্কৃত করার অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনে অন্যান্য ভুল নিয়েও তিনি সমালোচনার মুখে রয়েছেন।
নারীদের স্থলাভিষিক্ত পুরুষেরা
ট্রাম্প প্রশাসনে একমাত্র যে পুরুষ কর্মকর্তা পদ হারিয়েছিলেন, তিনি মাইক ওয়াল্টজ। ২০২৫ সালের মে মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি আলোচনাগোষ্ঠীতে ভুলবশত এক সাংবাদিককে যুক্ত করার কারণে তাকে এ পদ ছাড়তে হয়।
তবে অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ান ওয়াল্টজ। কিছুদিন পর তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, যেসব নারী কর্মকর্তা পদ হারিয়েছেন, প্রত্যেকের জায়গায় নিয়োগ পেয়েছেন একজন পুরুষ। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করা টড ব্ল্যাঞ্চ বিচার বিভাগে পাম বন্ডির স্থলাভিষিক্ত হন। আর হোয়াইট হাউসের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের জায়গায় নিয়োগ পেয়েছেন কট্টর ডানপন্থী মতাদর্শের অনুসারী স্টিফেন মিলার। তিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত।
অধ্যাপক অ্যান্ডারসনের মতে, ওয়াইলস ছিলেন ট্রাম্পের জন্য ব্যতিক্রমী এক নিয়োগ। কারণ, তাকে তার পেশাগত দক্ষতার কারণে বেছে নেওয়া হয়েছিল। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর রিপাবলিকান প্রেসিডেন্টের মনে হতে পারে, ‘সুজি ওয়াইলসের চেয়ে স্টিফেন মিলারই ট্রাম্পকে আরও ভালোভাবে রক্ষা করতে পারবেন।’
তবে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ নারী মুখের বিকল্প খুঁজতে ট্রাম্পকে হিমশিম খেতে হচ্ছে বলে মনে হচ্ছে। তিনি হলেন ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি লেভিট গত আগস্টের শেষে দায়িত্ব ছেড়ে দেন।
তার জায়গায় দায়িত্ব নিতে ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে মজা করে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে সোমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এই ক্রীড়া নির্বাহী বলেন, ‘আমি রাজনীতিতে আসতে চাই না।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের পরিচয় তুলে ধরছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘যারা আজ অগ্নিসংযোগ করছে, এটা নতুন কিছু নয়। তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তারা গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’ তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, শুধু দলটির রাজনৈতিক কার্যক্রম নয়, এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, গেজেট অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। তিনি উল্লেখ করেন যে, তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। গণমাধ্যমের জন্য এটি মনে রাখা উচিত বলে তিনি জানান।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে দুই-চারজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনার মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠন ও এর সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যিনি পলাতক, তাকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।’
বিজেসির উত্থাপিত দাবিদাওয়া প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে টিকিয়ে রাখা যায় এবং সেগুলোকে আরও আধুনিক করা যায়, সে বিষয়েও বিভিন্ন ধারণা তুলে ধরেছেন তারা। ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিজেসি লিখিতভাবে তাদের দাবিদাওয়া সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই। মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সংগঠনটির সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ