ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিকৃবিতে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন


সিকৃবিতে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

জাতীয়তাবাদী পরিবার এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।

মানববন্ধনে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হকের সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার, ইউট্যাব সিকৃবির সভাপতি প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, প্রফেসর ড. সুলতান আহমেদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ, কর্মচারী পরিষদের প্রতিনিধি মো. আবু সাইদ এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রব্বানী প্রমুখ।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, "ফ্যাসিজম গত ১৭ বছর ছিল। তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এ দেশে ফ্যাসিজম কায়েম করেছিল।"

তিনি আরও বলেন, "সেই পলাতক ফ্যাসিস্টরা আবারও স্বপ্ন দেখছে দেশে অগ্নিসন্ত্রাস, হত্যা ও গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় এসে এই দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।"

এ সময় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

তিনি বলেন, "ফ্যাসিজম আর ফিরে আসবে না, যারা পালিয়ে গেছে, তারা আর ফিরতে পারবে না।" আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে এসব অপশক্তির মোকাবিলা করব।"

আরও পড়ুন: ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কাগজপত্র প্রস্তুতের আহ্বান

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। সমাজসেবা অধিদপ্তর নাগরিকদের কাছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য আহ্বান জানিয়েছে।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এবং সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনা।

তথ্য সংগ্রহকারীরা শিগগির সংশ্লিষ্ট বাড়িতে পৌঁছাতে পারেন, তাই বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার অনুরোধ করা হয়েছে।

তথ্য ও কাগজপত্রের মধ্যে রয়েছে—যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সিদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে।

এছাড়া, কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্য-সংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়, ফ্যামিলি কার্ড বিনা মূল্যে প্রদান করা হবে। যদি কেউ কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করে, তাহলে তা গ্রহণ করা যাবে না।

তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতাদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়ের গুণাবলীর যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


বিজয়ের গুণাবলীর যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে দর্শক এবং নেটিজেনদের কৌতূহল কখনোই শেষ হচ্ছে না। সম্প্রতি, অভিনেত্রী প্রেমার ইউটিউব চ্যানেলে এক আড্ডায় তিনি নিজের দাম্পত্য জীবনের বোঝাপড়া, পুরনো সমালোচনার প্রসঙ্গ এবং নতুন সিনেমা ‘মাইসা’র শুটিং অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

বিজয়ের কোন দিকটি তার সবচেয়ে প্রিয়—এমন প্রশ্নের জবাবে রাশমিকা জানিয়েছেন, সাধারণত তাকে বিজয়ের অপছন্দের দিক নিয়ে বেশি প্রশ্ন করা হয়, কিন্তু তার মধ্যে এমন অনেক গুণ রয়েছে যা তিনি গভীরভাবে ভালোবাসেন।

রাশমিকার ভাষায়, “এর মধ্যে একটি হলো সেই গভীর ভালোবাসার অনুভূতি। অনেক সময় তাকে এটা মুখে বলতে হয় না, আমি তা দেখতে পাই। এটা কোনো ভাসা ভাসা ব্যাপার নয়; ভালোবাসার এক অন্য মাত্রা, যা আমি সত্যিই ভালোবাসি।”

সম্পর্কের মূল ভিত্তি প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ ও পারস্পরিক বোঝাপড়ার ওপরই একটি সম্পর্ক দাঁড়িয়ে থাকে। একই স্বপ্ন, বাড়ি এবং জীবনের সবকিছু ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সম্পর্কের রীতিনীতিগুলো গড়ে ওঠে; বিয়ের সময় নাগাদ সেগুলো এমনভাবে বোঝা হয়ে যায় যে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গোপনে বাগদান সেরেছিলেন রাশমিকা ও বিজয়, যা উদয়পুরে তাদের বিয়ের মাত্র কয়েক দিন আগে প্রকাশ্যে আসে।

এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিজয়ের কিছু মন্তব্য এবং বাগদানের আংটি ও প্রাক-বিবাহ অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। সে সময় নেটিজেনদের কটাক্ষ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে ইনস্টাগ্রামে বিবৃতি দেওয়ার পাশাপাশি হায়দরাবাদ সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছিলেন এই তারকা জুটি।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি নতুন সিনেমা ‘মাইসা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা। নবাগত নির্মাতা রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে একজন গোন্ড আদিবাসী নারীর চরিত্রে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নীতিমালা প্রণয়ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


হাইকোর্টের নির্দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নীতিমালা প্রণয়ন

হাইকোর্ট ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহারের ওপর নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশও আদালত দিয়েছে।

বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (২২ নভেম্বর) এই আদেশ প্রদান করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা, সাইবার হয়রানি, ক্ষতিকর কনটেন্ট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অনেক শিশু অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, প্রতারণা ও হয়রানির ঝুঁকিতে পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বয়সভিত্তিক ব্যবহারের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

ইউনিসেফ বাংলাদেশের ২০২৫ সালের এক জরিপে প্রায় ২৯ হাজার শিশু ও তরুণ অংশগ্রহণ করে। ওই জরিপে দুই-তৃতীয়াংশ উত্তরদাতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও অপতথ্যকে মানসিক চাপের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করে। প্রায় সাতজনের একজন অনলাইন হয়রানি ও নেতিবাচক মন্তব্যকে উদ্বেগের বিষয় বলে জানায়।

বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও শিশুদের অনলাইন নিরাপত্তায় বয়সভিত্তিক নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও সুস্থ থাকার রহস্য জানালেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও সুস্থ থাকার রহস্য জানালেন বিশেষজ্ঞরা

প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত ঘুমের অভাব হলে স্মৃতিশক্তির সমস্যা, বিষণ্নতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতার ঝুঁকি বৃদ্ধি পায়। তবে কিছু মানুষ রয়েছেন, যারা প্রতি রাতে মাত্র চার থেকে ছয় ঘণ্টা ঘুমিয়েও স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হন। তাদের গবেষকদের কাছে ‘ন্যাচারাল শর্ট স্লিপার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞানীদের মতে, এই ধরনের মানুষের কম ঘুমের পেছনে বিশেষ ধরনের জিনগত বৈশিষ্ট্য রয়েছে। তাদের শরীর ও মস্তিষ্ক অল্প সময়ের ঘুমের মধ্যেই প্রয়োজনীয় বিশ্রাম ও পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করতে পারে। ফলে তাদের দীর্ঘ সময় ঘুমানোর প্রয়োজন হয় না।

যুক্তরাষ্ট্রের পিবিএস নিউজআওয়ারে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি মারলা ব্রডফুট লিখেছেন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর স্নায়ুরোগ বিশেষজ্ঞ লুইস পটাশেক এবং জিনবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী ইং-হুই ফু দীর্ঘদিন ধরে এ বিষয়ে গবেষণা করছেন। তাদের গবেষণায় দেখা গেছে, কিছু মানুষের বংশগত বৈশিষ্ট্যের কারণে ঘুমের প্রয়োজন তুলনামূলক কম হয়।

গবেষণার শুরুতে তারা এমন একটি পরিবারের সন্ধান পান, যাদের সদস্যরা খুব সকালে ঘুম থেকে উঠলেও রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতেন না। অথচ মাত্র ছয় ঘণ্টা ঘুমিয়েই তাঁরা সতেজ অনুভব করতেন। গবেষকেরা তাদের মধ্যে ডিইসি২ নামের একটি জিনের পরিবর্তন শনাক্ত করেন।

পরবর্তী সময়ে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েও এর প্রভাব পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। দেখা যায়, ডিইসি২ জিনের পরিবর্তন থাকা ইঁদুর অন্য ইঁদুরের তুলনায় কম ঘুমিয়েও স্বাভাবিকভাবে কাজ করতে পারে।

গবেষকেরা পরে এডিআরবি১, এনপিএসআর১ ও জিআরএম১ -সহ আরও কয়েকটি জিনের পরিবর্তনের সঙ্গে স্বল্প সময়ের ঘুমের সম্পর্ক খুঁজে পান। এসব জিন মস্তিষ্কের ঘুম ও জেগে থাকার প্রক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

কম ঘুমিয়েও যেসব সুবিধা পান তারা

গবেষণায় দেখা গেছে, স্বাভাবিকভাবে কম ঘুমানো ব্যক্তিদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে। তারা সাধারণত বেশি কর্মচঞ্চল, উচ্চাকাঙ্ক্ষী ও আশাবাদী হন। মানসিক চাপ সামলানোর ক্ষমতা এবং ব্যথা সহ্য করার সক্ষমতাও তাঁদের মধ্যে তুলনামূলক বেশি হতে পারে।

কিছু গবেষণায় তাঁদের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে এসব বৈশিষ্ট্য নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

বিজ্ঞানীদের ধারণা, তাদের মস্তিষ্ক অল্প সময়ের মধ্যেই ঘুমের প্রয়োজনীয় কাজগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। ফলে সাধারণ মানুষের তুলনায় কম সময় ঘুমিয়েও তাঁরা সতেজ থাকতে পারেন।

ঘুমের সময় কম হলেই কি ক্ষতি নেই?

গবেষকেরা সতর্ক করে বলেছেন, কম ঘুমানোর অভ্যাস থাকলেই কেউ স্বাভাবিকভাবে কম ঘুমের প্রয়োজন অনুভব করেন, এমন নয়। অনেকেই নিজেদের কম ঘুমের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে মনে করেন। কিন্তু বাস্তবে তাঁদের মস্তিষ্ক ও শরীরে ঘুমের ঘাটতির নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, বিপাকীয় কার্যক্রম, রোগ প্রতিরোধক্ষমতা এবং হৃদ্যন্ত্রের স্বাস্থ্যে সমস্যা দেখা দিতে পারে।

সুতরাং স্বাভাবিকভাবে কম ঘুমানো ব্যক্তি এবং ঘুমের অভাবে ভোগা ব্যক্তিদের মধ্যে পার্থক্য বোঝা জরুরি।

ঘুম নিয়ে নতুন গবেষণার সম্ভাবনা

গবেষকদের ধারণা, স্বল্প ঘুমের সঙ্গে সম্পর্কিত জিনগুলো কীভাবে কাজ করে, তা জানা গেলে ঘুমের প্রকৃতি সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে আলঝেইমারসহ বিভিন্ন স্নায়বিক রোগের ঝুঁকি কমানোর নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনেও এসব গবেষণা সহায়ক হতে পারে।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ঘুম ও জৈবিক ঘড়িবিষয়ক গবেষণাকেন্দ্রের পরিচালক ফিলিস জি মনে করেন, কম ঘুমানো ব্যক্তিদের মস্তিষ্কে গভীর ঘুমের প্রক্রিয়া আরও কার্যকর হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

বিশেষজ্ঞদের পরামর্শ, সবার জন্য একই পরিমাণ ঘুমের প্রয়োজন হয় না। বয়স, শারীরিক অবস্থা ও জিনগত বৈশিষ্ট্যের ওপর ঘুমের চাহিদা নির্ভর করতে পারে। তাই অন্যের ঘুমের সময়ের সঙ্গে নিজের ঘুমের তুলনা না করে শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%