প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। সমাজসেবা অধিদপ্তর নাগরিকদের কাছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য আহ্বান জানিয়েছে।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এবং সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনা।
তথ্য সংগ্রহকারীরা শিগগির সংশ্লিষ্ট বাড়িতে পৌঁছাতে পারেন, তাই বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার অনুরোধ করা হয়েছে।
তথ্য ও কাগজপত্রের মধ্যে রয়েছে—যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সিদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে।
এছাড়া, কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্য-সংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়, ফ্যামিলি কার্ড বিনা মূল্যে প্রদান করা হবে। যদি কেউ কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করে, তাহলে তা গ্রহণ করা যাবে না।
তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতাদের সহযোগিতাও কামনা করা হয়েছে।
সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন