শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২৮ পি.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উবার চালক গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর হাইওয়েতে প্রাণ হারানো ২৩ বছর বয়সী এমিলি। আদালত এমিলির বাবা-মাকে ৪ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে এই ঘটনার মামলায়।
২০২৩ সালের ওই মৃত্যুর ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারক রিচার্ড এ স্টোনের নেতৃত্বে সালিশি প্রক্রিয়ায় উবার ও চালক ভু ট্রানকে যৌথভাবে দায়ী করা হয়। এমিলির বাবা কেন পার্কার ও মা ক্যারল নরম্যান্ডিনকে ২ কোটি ডলার করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই ঘটনায় এমিলির বন্ধু লুনা মুরকে আলাদাভাবে ৩ লাখ ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আবারও রাইড শেয়ারিং সেবায় যাত্রী নিরাপত্তা এবং চালকের আচরণের জন্য কোম্পানির দায় কতটা, সেই প্রশ্ন সামনে এনেছে।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের ১২ আগস্ট রাতে অরেঞ্জ কাউন্টির স্টেট রুট ৭৩ হাইওয়েতে। এমিলি ও তার বন্ধু লুনা রাতে বাইরে সময় কাটানোর পর উবারে করে বাড়ি ফিরছিলেন। পথে লুনা গাড়ির ভেতর অসুস্থ হয়ে বমি করলে চালক ভু ট্রান গাড়ি থামানোর সিদ্ধান্ত নেন। সালিশি সিদ্ধান্ত অনুযায়ী, ট্রান হাইওয়ের একটি গোর পয়েন্টে গাড়ি থামান। গোর পয়েন্ট হলো হাইওয়ে ও এক্সিট র্যাম্পের মাঝের ত্রিভুজাকৃতির অংশ। সালিশকারী রিচার্ড স্টোন ওই জায়গাটিকে অনিরাপদ ও বেআইনি স্থান হিসেবে উল্লেখ করেছেন।
সালিশি নথিতে বলা হয়েছে, গাড়ি পরিষ্কার করার খরচ নিয়ে ট্রানের সঙ্গে লুনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই নারীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর এমিলি হাইওয়ের দিকে চলে যান এবং চলন্ত একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়। সালিশি প্রক্রিয়ায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, এমিলি ও তার বন্ধু দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন এবং ট্রান তাদের এই অবস্থার কথা জানতেন। স্টোনের সিদ্ধান্তে বলা হয়েছে, ট্রান চাইলে কাছের ম্যাকআর্থার বুলেভার্ড এক্সিট দিয়ে নিরাপদ জায়গায় গাড়ি থামাতে পারতেন।
ঘটনার পর এমিলির বাবা-মা ও লুনা উবার এবং ট্রানের বিরুদ্ধে মামলা করেন। পরে পক্ষগুলো আদালতের পরিবর্তে সালিশি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তিতে সম্মত হয়। পাঁচ দিন ধরে চলা সেই সালিশিতে উবারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, তারা মূলত যাত্রী ও স্বাধীনভাবে কাজ করা চালকদের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম। কিন্তু অবসরপ্রাপ্ত বিচারক স্টোন সেই যুক্তি গ্রহণ করেননি। তার সিদ্ধান্তে উবারকে চালকের অবহেলার জন্য ভিকারিয়াসলি দায়ী করা হয়। তিনি আরও বলেন, ক্যালিফোর্নিয়ার প্রপোজিশন ২২ উবারকে এই দায় থেকে সুরক্ষা দেয় না।
সালিশি নথিতে ট্রানের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও কঠোর মন্তব্য করা হয়েছে। পাশাপাশি জিপিএস তথ্যের উল্লেখ করে বলা হয়েছে, এমিলি দুর্ঘটনার শিকার হওয়ার পর ট্রানের গাড়ি তার কাছাকাছি এলাকা দিয়ে যায় এবং পরে চালক পরবর্তী এক্সিট ব্যবহার করেন। এরপর তিনি উবারের সঙ্গে যোগাযোগ করে গাড়ি পরিষ্কারের ফি নিয়ে কথা বলেন। পরিবারের আইনজীবীদের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ট্রানের গাড়ি চালানো নিয়ে এর আগেও উবারের কাছে কয়েকটি অভিযোগ এসেছিল। তবে এসব অভিযোগের বিস্তারিত সালিশি প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে কীভাবে মূল্যায়ন করা হয়েছে, তা সিদ্ধান্তের পৃথক অংশে বিবেচনা করা হয়েছে।
রায় ঘোষণার পর উবার জানিয়েছে, তারা সালিশকারীর সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। কোম্পানির বক্তব্য, তারা সালিশি প্রক্রিয়াকে সম্মান করলেও ওই রাতের ঘটনার জন্য উবারকে আইনগতভাবে দায়ী করার সিদ্ধান্তকে তারা ভুল মনে করে। অন্যদিকে এমিলির বাবা-মা বলেছেন, তারা এই অর্থকে শুধু ক্ষতিপূরণ হিসেবে দেখছেন না। তাদের মতে, মেয়ের মৃত্যুর ঘটনা সামনে এনে রাইড শেয়ারিং সেবায় যাত্রী নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগে অর্থ ব্যবহার করা যেতে পারে। বিষয়টি আদালতের রায় নয়, বরং একটি বেসরকারি সালিশি সিদ্ধান্ত হওয়ায় এটি উবারের চালকদের দায়বদ্ধতা নিয়ে চলমান আইনি বিতর্কে সরাসরি কোনো নতুন নজির তৈরি করবে কি না, সেটিও আলাদা প্রশ্ন হিসেবে থাকছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের ছেলে অপ্রতীম হত্যার ক্লু শনাক্ত করার পাশাপাশি প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত এ ঘটনার তদন্তে ননস্টপ কাজ করে যাবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, কিছু তথ্যপ্রযুক্তিগত বিষয়সহ তদন্তের জন্য প্রয়োজন কিছুটা সময়। তিনি বলেন, "ঘটনাটি সবাইকে কাঁদিয়েছে। ছোট্ট নিষ্পাপ একটি শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি, ঘটনার মোটিভসহ সবকিছু খুব শিগগিরই তদন্ত করে জানানো হবে।"
তিনি আরও বলেন, এ ঘটনায় আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তির মোবাইল, প্রযুক্তিগত তথ্য, লোকেশন এবং অপ্রতীমের অবস্থান—সবকিছু মিলিয়ে দেখা হচ্ছে। যাকে আটক করা হয়েছে, তিনি নির্দোষও হতে পারেন, আবার জড়িতও হতে পারেন। তাই তদন্তের এ পর্যায়ে মূল হত্যাকারীরা যেন কোনো তথ্য পেয়ে আত্মগোপনে যেতে না পারে, সে বিষয়টি বিবেচনায় রেখেই কাজ করা হচ্ছে।
এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এদিন বিকেল ৩টার দিকে তদন্তের স্বার্থে তুহিন নামের এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয় অপ্রতীম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় নির্ধারিত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলের ভিত্তিতে, প্রথম ও দ্বিতীয় ধাপের সম্মিলিতভাবে মোট ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থীর কলেজে ভর্তি-নির্বাচন নিশ্চিত হয়েছে। দ্বিতীয় ধাপে নতুন আসন বরাদ্দের পাশাপাশি, পূর্ববর্তী ধাপে নির্বাচিত ৫৬ হাজার ৮০৪ জন শিক্ষার্থী মাইগ্রেশনের মাধ্যমে তাদের পছন্দের কলেজে যাওয়ার সুযোগ পেয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে মোট ৮ লাখ ৮৬ হাজার ২১৫টি আবেদন জমা পড়েছে। তবে, আবেদন করার পরও ১৪ হাজার ১৪ জন শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হয়নি। তাদের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থীও রয়েছে।
ভর্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কলেজ নির্বাচন প্রক্রিয়ায় পছন্দক্রম, নির্দিষ্ট প্রতিষ্ঠানে আবেদনের চাপ এবং আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে সুযোগ পাননি। বিশেষ করে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের একটি অংশ পছন্দের প্রতিষ্ঠানে আসন না পাওয়ার কারণে পরবর্তী ধাপের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
এদিকে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন ৮ লাখ ৩৪ হাজার ৭১৮ জন। অর্থাৎ, পাস করা শিক্ষার্থীদের একটি বড় অংশ একাদশে ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও তারা অনলাইনে আবেদন করেননি।
দেশের ৮ হাজার ১৮১টি কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। প্রথম ও দ্বিতীয় ধাপের সম্মিলিত ফলাফলের ভিত্তিতে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থীর নির্বাচন নিশ্চিত হয়েছে। হিসাব অনুযায়ী, মোট আসনের প্রায় এক-তৃতীয়াংশের মতো আসনে শিক্ষার্থী নিশ্চিত হলেও বিপুলসংখ্যক আসন এখনো খালি রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুরে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা, যা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগ নেতাদের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জেলা শহরের চালাপাড়া পাইলিং রোডে ঝটিকা মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারী ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মশাল হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বানিয়া বাজার ব্রিজপাড় এলাকার দিক থেকে চালাপাড়া এলাকা হয়ে ফৌজদারি মোড়ের দিকে আসতে থাকে।
মিছিলের সামনে একটি ব্যানার দেখা যায়, যেখানে লেখা ছিল, অবৈধ ক্যাঙ্গারু কোর্টের ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আয়োজনে জামালপুর জেলা যুবলীগ।
মিছিলে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। রাত দেড়টার দিকে মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে মিছিলে অংশগ্রহণকারী কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মিছিলের পর পুলিশ অভিযানে নেমেছে বলে জানা গেছে। এর আগেও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কয়েকবার বিক্ষোভ মিছিল বের করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিয়ের আগে বর-কনের জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। সাজসজ্জা এবং পোশাকের জন্য খরচ করা হয় বিপুল পরিমাণ অর্থ। যদিও এসব বিষয়ে অধিক মনোযোগ দেওয়া হয়, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অনেকেই উদাসীন থাকেন। সেটি হলো বিয়ের পূর্বে বর-কনের স্বাস্থ্য পরীক্ষা।
চিকিৎসকরা উল্লেখ করেছেন, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, সিক্ল সেল অ্যানিমিয়া, এবং এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিসের মতো রোগগুলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হতে পারে। এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে বিয়ের আগে বর-কনের রক্তপরীক্ষা করানো অত্যন্ত জরুরি।
১. হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস
রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় বর বা কনে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কি না, অথবা তারা এই রোগের বাহক কি না। যদি বর ও কনে উভয়েই এই রোগের বাহক হন, তবে তাদের সন্তানের থ্যালাসেমিয়ার মতো গুরুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই অনাগত সন্তানের স্বার্থে থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করা হয়।
২. ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিং
হবু বর-কনের রক্তের গ্রুপ যদি একই হয়, তবে সন্তান ধারণে কোনো সমস্যা হয় না। কিন্তু রক্তের গ্রুপের রেসাস বা আরএইচ ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ, রক্তের গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ তা জানা প্রয়োজন। কারণ, যদি মা আরএইচ নেগেটিভ হন এবং বাবা আরএইচ পজিটিভ হন, তবে অনাগত সন্তান গর্ভাবস্থায় ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। তবে, যদি মা আরএইচ নেগেটিভ এবং বাবা আরএইচ পজিটিভ হন, তাহলে প্রথমবার গর্ভধারণের সময় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করলে সুস্থ সন্তানের জন্ম দেওয়া সম্ভব।
৩. যৌনবাহিত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা
এইডস, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইত্যাদি মারাত্মক রোগগুলো স্বামী-স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। বিয়ের আগে এসব রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা হবু বর-কনেকে নিরাপদ ও আত্মবিশ্বাসী রাখতে সাহায্য করে এবং পরবর্তীতে সন্তানের মধ্যে এসব রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়।
৪. প্রজনন ক্ষমতা সংক্রান্ত পরীক্ষা
এই পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে স্ট্রেস এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ইনফার্টিলিটির সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। এই শারীরিক সমস্যা বিবাহিত জীবনে মানসিক ও সামাজিক সমস্যা সৃষ্টি করে। শূন্যতা অনুভূত হয়। তাই আগে থেকেই দুজনের ফার্টিলিটি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।
৫. হাড়ের ঘনত্ব পরীক্ষা
বিয়ের পূর্বে রক্তে ভিটামিন ডি-এর মান এবং হাড়ের ঘনত্ব পরীক্ষা করানো প্রয়োজন। যদি কারও রিকেট, হাড়ের গঠনগত সমস্যা বা অস্টিওপোরোসিস থাকে, তাহলে তা অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে।
৬. মানসিক রোগ
অনেকে মনে করেন, বিয়ে করলেই মানসিক রোগ সেরে যাবে, যা একেবারেই সঠিক নয়। সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, বাইপোলার মুড ডিজঅর্ডার ইত্যাদি মানসিক রোগ বিয়ের আগেই শনাক্ত করে চিকিৎসা করানো উচিত এবং মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে তাঁদের বিয়ে দেওয়া উচিত।
৭. ক্রনিক রোগ স্ক্রিনিং
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড হরমোনজনিত সমস্যা ইত্যাদি রোগের পরীক্ষা করানোর মাধ্যমে পাত্র-পাত্রী দুজনেরই জানা উচিত, কেউ এসব রোগে ভুগছেন কি না এবং অপরকে জানানো উচিত।
৮. ক্রনিক রোগ স্ক্রিনিং
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড হরমোনজনিত সমস্যা ইত্যাদি রোগের পরীক্ষা করানোর মাধ্যমে পাত্র-পাত্রী দুজনেরই জানা উচিত, কেউ এসব রোগে ভুগছেন কি না এবং অপরকে জানানো উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ