ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজয়


সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজয়

ভারতের কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কংগ্রেসের সূত্র অনুযায়ী ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণের মাধ্যমে বিজয় এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁকে আমন্ত্রণ জানাতে ফোনে কথা বলেছেন বলে দলের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

কংগ্রেসের নেতাদের তথ্য অনুযায়ী, দলশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পাশাপাশি জোটের শরিক দলের জ্যেষ্ঠ নেতাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত হয়েছে। বইটিতে তিনি তাঁর ব্যক্তিগত জীবন, রাজীব গান্ধীর সঙ্গে সম্পর্ক এবং ভারতের রাজনীতিতে দীর্ঘ পথচলার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেছেন। বইটি প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজয়ের দিল্লি সফর ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে আলোচনা চলছে। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত জুনে নয়াদিল্লি সফরে গিয়ে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন বিজয়। সে সময় তিনি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গারো পাহাড়ে শীতের আগমনী বার্তা, লেপ-তোষকের দোকানে বাড়ছে ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


গারো পাহাড়ে শীতের আগমনী বার্তা, লেপ-তোষকের দোকানে বাড়ছে ভিড়

শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলায় শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। গত সপ্তাহ থেকে শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। ভোরে কুয়াশা, সন্ধ্যার পর ঠান্ডা বাতাস এবং রাতে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ লেপ-তোষক ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে জেলার বিভিন্ন হাট-বাজারে লেপ-তোষকের দোকানে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে।

তবে গত বছরের তুলনায় তুলা, লেপের কাপড়, ফোম এবং কারিগরদের মজুরি বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক তৈরির খরচও বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব এই ব্যবসাতেও পড়েছে।

ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের লেপ-তোষক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, তিনি প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবারের ভরণপোষণ এবং সংসারের দায়িত্ব পালন করতে তিনি এই ব্যবসার আয় ব্যবহার করেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে ছয়জন কারিগর কাজ করছেন। প্রতিদিন ৭ থেকে ১০টি লেপ তৈরি হচ্ছে। চার থেকে পাঁচ হাত মাপের প্রতিটি লেপ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।

কারিগরদের মধ্যে অনেকেই ১০ বছর ধরে এই পেশায় রয়েছেন। তাঁরা বাবার হাত ধরে এই কাজে যুক্ত হয়েছেন। অন্য পেশায় যাওয়ার ইচ্ছা নেই, তাঁরা এই পেশাতেই থাকতে চান।

লেপ-তোষক কিনতে আসা পাহাড়ি এলাকার গান্ধীগাঁও গ্রামের মিজানুর রহমান মিজান এবং গোমড়া গ্রামের আনোয়ার হোসেন জানান, শীত বাড়ার আগেই পরিবারের সদস্যদের জন্য নতুন লেপ-তোষক তৈরি করতে এসেছেন। তবে তুলা, কাপড় এবং কারিগরের মজুরি বেড়ে যাওয়ায় আগের তুলনায় খরচ বেশি হচ্ছে। দাম বাড়লেও পরিবারের প্রয়োজনেই লেপ তৈরি করাতে হচ্ছে।

প্রতাপ নগর গ্রামের আশরাফ আলী জানান, আর্থিক সংকটের কারণে এবারের জন্য দুটি লেপ তৈরির পরিকল্পনা থাকলেও তিনি একটি তৈরি করছেন। শীতের তীব্রতা বাড়ার আগে পরিবারের সদস্যদের কষ্ট লাঘব করতেই বাড়তি খরচের মধ্যে লেপ তৈরি করাচ্ছেন।

কারিগরদের মতে, শীতের আগাম প্রস্তুতি হিসেবে মানুষ লেপ-তোষক তৈরি করতে শুরু করায় কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে উপকরণের দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা চাহিদা অনুযায়ী লেপ-তোষক তৈরি করতে পারছেন না। পুঁজির স্বল্পতায় ব্যবসায়ীরাও পর্যাপ্ত উপকরণ মজুত রাখতে পারছেন না। তাঁদের আশা, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কাজের পরিমাণ এবং আয় দুটোই বৃদ্ধি পাবে।

তাঁরা আরও জানান, একসময় শীত মৌসুমে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত লেপ-তোষক তৈরির কাজ করতে হতো। বর্তমানে সেই ব্যস্ততা কিছুটা কমলেও শীত বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সেই রেকর্ড গড়লেন রবিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


ইতিহাসে কখনো যা দেখেনি বাংলাদেশ, অভিষেকে সেই রেকর্ড গড়লেন রবিন

জাতীয় দলে ডাক পাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া মাহফিজুল ইসলাম রবিন, অভিষেকেই রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন। এর ফলে তিনি একটি বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন।

ইনিংসের শুরুতে স্ট্রাইকে গিয়েছিলেন রবিন। অনভিজ্ঞতার কারণে হয়তো, কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলটি ব্যাট এগিয়ে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল। ব্যাটের কানায় লেগে বলটি স্লিপে চলে যায়। সেখানে মার্কো ইয়ানসেন ক্যাচ নিতে ভুল করেননি। প্রথম বলেই বিদায় নেন তিনি।

এতে বিরল এক রেকর্ড গড়ে ফেলেন রবিন। টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া চতুর্থ ওপেনার হিসেবে তার নাম উঠে আসে। তবে বাংলাদেশের কোনো ওপেনার এই তালিকায় আগে কখনো নাম লেখাননি। রবিনই প্রথম বাংলাদেশি হিসেবে এই তালিকায় স্থান পান।

এই তালিকার আবিষ্কারও দক্ষিণ আফ্রিকার মাটিতেই হয়েছে। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষিক্ত প্রোটিয়া ওপেনার জিমি কুক ম্যাচের প্রথম বলে বিদায় নিয়েছিলেন। দ্বিতীয় নজিরে দক্ষিণ আফ্রিকার নাম রয়েছে, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষিক্ত ওপেনার লিওন গ্যারিকও একইভাবে বিদায় নেন ম্যাচের শুরুর বলে। তৃতীয় নজিরটি আফগানিস্তানের, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আব্দুল মালিকও একইভাবে আউট হয়ে ইতিহাস গড়েন। এবার রবিনের নামও এই তালিকায় যুক্ত হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহুবলে ছাড়পত্র ছাড়াই ৩৪টি ইটভাটায় আগুন জ্বলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বাহুবলে ছাড়পত্র ছাড়াই ৩৪টি ইটভাটায় আগুন জ্বলছে

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ৩৪টি ইটভাটা পরিচালিত হচ্ছে। আইন ও বিধিনিষেধের প্রতি অগ্রাহ্য করে এসব ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে, ইট তৈরির জন্য কৃষিজমির মাটি কাটার প্রস্তুতি নিচ্ছেন ভাটামালিকরা। স্থানীয় সড়কে মাটি ও ইট পরিবহনে ট্রাক্টরের চলাচল বাড়ছে, যা জনদুর্ভোগের আশঙ্কা তৈরি করছে। এতে শিক্ষার্থী, রোগী এবং সাধারণ পথচারীদের চলাচল ঝুঁকির সম্মুখীন হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩৪টি ইটভাটা রয়েছে। এসব ভাটার মধ্যে একটিরও পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা। অনুমোদন ছাড়া কীভাবে এসব ভাটায় ইট উৎপাদন ও পোড়ানোর কার্যক্রম চলছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই উপজেলাজুড়ে ইটভাটাগুলোতে কর্মব্যস্ততা শুরু হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বিভিন্ন ভাটায় আগুন জ্বালানো হয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ছাড়াই চলছে এসব কার্যক্রম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, নির্ধারিত অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার সুযোগ নেই। অথচ বাহুবলে অধিকাংশ ভাটায় নিয়মনীতি উপেক্ষা করে ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে, যা বায়ুদূষণের পাশাপাশি বনজ সম্পদ ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

এদিকে, ইট তৈরির কাঁচামাল সংগ্রহের জন্য কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার প্রস্তুতি চলছে। কৃষিজমির উর্বর মাটি সরিয়ে নেওয়ার ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তায় পড়তে পারে।

এছাড়া, মাটি ও ইট পরিবহনে ট্রাক্টরের চলাচল স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ধুলাবালি, শব্দদূষণ ও সড়কের ক্ষয়ক্ষতির কারণে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পরিবেশ সংশ্লিষ্টদের মতে, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ক্ষতিকর বায়ুকণা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন দূষিত পরিবেশে বসবাস করলে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখের জ্বালাপোড়া সহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি ফসল, গাছপালা ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, সংশ্লিষ্টদের ম্যানেজ করেই ভাটামালিকরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে অবৈধ কার্যক্রম চালু রাখার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের প্রশ্ন, যদি উপজেলায় ৩৪টি ইটভাটার একটিরও পরিবেশগত ছাড়পত্র না থাকে, তবে সেগুলো কীভাবে বছরের পর বছর কার্যক্রম পরিচালনা করছে? পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নজরদারি থাকলেও অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কতটুকু নেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অবশ্যই। এ বিষয়ে নির্দেশনা থাকলে এবং আইনগতভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ না থাকলে আমরা অবশ্যই সেগুলো বন্ধ করে দেব। ইতোমধ্যে আমরা কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।’

হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. ইউসুফ আলীর সঙ্গে বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে শুধু নামমাত্র অভিযান বা জরিমানা নয়, আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবেশগত ছাড়পত্রবিহীন ভাটাগুলোর কার্যক্রম বন্ধের পাশাপাশি কাঠ পোড়ানো ও ফসলি জমির মাটি কাটার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

তাদের মতে, ইটভাটার ব্যবসার স্বার্থে জনস্বাস্থ্য, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। তাই উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তনের সমন্বিত অভিযান পরিচালনা করে প্রকৃত পরিস্থিতি যাচাই করা জরুরি। একই সঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এখন দেখার বিষয়, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে। জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা বাহুবলবাসীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকির ঘটনায় আবুল কালামকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকির ঘটনায় আবুল কালামকে শোকজ

ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানার উদ্দেশ্যে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা এবং ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান রোববার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নায়েব আবুল কালামের অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। এ কারণে তাকে শোকজ করা হয়েছে এবং তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত অবস্থায় দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ করে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ শুধু তাই নয়, তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আটকে রাখার হুমকিও তিনি দেন বলে অভিযোগ রয়েছে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার মুখে এমন হুমকির ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় সেখানে নাগরিক টিভির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত উপস্থিত ছিলেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এমন আচরণ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে এবং সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।

সাংবাদিকদের দাবি, শোকজের মধ্যেই যেন এ ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে ময়মনসিংহের সাংবাদিকরা তাকিয়ে রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%