০৭:৪০ পি.এম
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলেকে নজরদারির অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া এক নারীকে সোমবার (৫ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি চীনা সরকারের নিবন্ধনহীন এজেন্ট হিসেবে কাজ করছিলেন।
গ্রেপ্তার হওয়া নারীর নাম ওয়ানইং হিদার ঝাং। তার বয়স ৩৪ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একজন আবাসন ব্যবসায়ী। রোববার (৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সাংহাই যাওয়ার উদ্দেশ্যে একটি বিমানে ওঠার আগে তাকে আটক করা হয়।
সোমবার (৫ অক্টোবর) আদালতে ঝাং ছিলেন শান্ত। সাদা পোশাক, পায়জামা ও সাদা জুতা পরিহিত অবস্থায় তাকে আদালতে হাজির করা হয়। তার হাত ও পায়ে হাতকড়া ছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আদালতে তিনি কেবল নিজের নাম নিশ্চিত করেন এবং চীনা সরকারের নিবন্ধনহীন এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগটি তিনি বুঝতে পেরেছেন বলে জানান। শুনানিতে তার পক্ষে সরকারি আইনজীবী ছিলেন চ্যাড পেনিংটন।
বিচারক স্টিভ কিম ঝাংয়ের জামিন ও হেফাজত সংক্রান্ত শুনানি বুধবার (৭ অক্টোবর) পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ব্যক্তিগত আইনজীবী নিয়োগের জন্য তাকে আরও সময় দেওয়া হয়েছে। বুধবারের (৭ অক্টোবর) শুনানি পর্যন্ত ঝাংকে যুক্তরাষ্ট্রের মার্শালদের হেফাজতে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) আদালতে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঝাং ও তার এক সহযোগী ২০২৫ সালের সেপ্টেম্বরে সিয়াটলে যান। সেখানে তারা তাইওয়ানের এক শীর্ষ কর্মকর্তার পরিবারের বাড়ির ছবি তোলার অভিযোগে অভিযুক্ত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, নজরদারির লক্ষ্য ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তে’র ছেলে লাই থিং-ইউ।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
থিং-ইউ ৩০-এর কোঠার একজন প্রকৌশলী। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। তার স্ত্রী সিয়াও চেনের সঙ্গে একটি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তান রয়েছে। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের বহুজাতিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ফিলিপসে কাজ করছেন বলে তাইওয়ানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এফবিআইয়ের এক কর্মকর্তার দেওয়া হলফনামায় বলা হয়েছে, তদন্তকারীরা ঝাং ও চীনা সরকারি কর্মকর্তাদের মধ্যে আদান-প্রদান হওয়া খুদে বার্তা পেয়েছেন। এসব বার্তা থেকে নজরদারির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে সিয়াটলে যাওয়ার দিন ঝাং কথিত চীনা কর্মকর্তাকে বার্তা পাঠান। সেখানে তিনি লক্ষ্য ব্যক্তিকে দেখার কথা জানান এবং তাকে ভিডিও করার কথাও লেখেন।
পাশের একটি বাড়ির নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে ঝাংকে তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে, তার স্ত্রী ও সন্তানকে বাড়িতে ফেরার সময় ভিডিও করতে দেখা গেছে বলে হলফনামায় দাবি করা হয়েছে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ঝাংকে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পাশাপাশি রোববার ক্যালিফোর্নিয়ার আরভাইনের একটি অভিজাত এলাকায় তার বাড়িতেও তল্লাশি চালায় এফবিআই।
এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, প্রায় ১০ জন এফবিআই কর্মকর্তা বাড়িটিতে তল্লাশি চালিয়েছেন। তাদের কয়েকজন গ্যারেজের ভেতরে বসেছিলেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও হাতে দস্তানা ছিল বলে তিনি জানান।
সম্পত্তির নথি অনুযায়ী, ঝাং ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে কাছাকাছি এলাকায় তার প্রায় ৬ হাজার ৩০ বর্গফুটের ছয় শয়নকক্ষের একটি বাড়ি ছিল। গত জুনে সেটি ৬০ লাখ ডলারে বিক্রি করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দাবি করেছে, ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঝাং চীনা সরকারের নিবন্ধনহীন এজেন্ট হিসেবে কাজ করছিলেন। ওই বছরের জুনে চীন সফরের সময় তিনি বেইজিংয়ের কর্মকর্তাদের সঙ্গে কথিত নজরদারি পরিকল্পনা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
এফবিআইয়ের পাল্টা গোয়েন্দা ও গুপ্তচরবিরোধী বিভাগের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি বলেন, অভিযোগপত্রে যুক্তরাষ্ট্রের মাটিতে তাইওয়ানের এক কর্মকর্তার ঘনিষ্ঠ স্বজনদের লক্ষ্য করে চীনা সরকারের নির্দেশে গোপন নজরদারি চালানোর পরিকল্পনার কথা উঠে এসেছে।
তবে ঝাংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। চীনা ও তাইওয়ান সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: সিবিএস নিউজ
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন