ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্কে হাম ছড়ানোর পর জরুরি অবস্থা ঘোষণা


নিউইয়র্কে হাম ছড়ানোর পর জরুরি অবস্থা ঘোষণা

হাম ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে একটি দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণা সোমবার (৫ অক্টোবর) গভর্নর ক্যাথি হোকুলের পক্ষ থেকে দেওয়া হয়। ২০২৫ সালে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে এটি প্রথমবারের মতো এমন জরুরি অবস্থার ঘোষণা।

জরুরি অবস্থার পাশাপাশি হাম, মাম্পস এবং রুবেলা প্রতিরোধী টিকা দেওয়ার জন্য অনুমোদিত স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে। নিউইয়র্কে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর ৯২ জন আক্রান্ত হয়েছেন। রাজ্যের ১৮টি গ্রামীণ কাউন্টিতে টিকাদানের হার কম থাকার কারণে এসব এলাকায় আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

গভর্নরের কার্যালয় জানায়, আক্রান্তদের মধ্যে ৭ জন নিউইয়র্ক শহরের এবং ১০১ জন রাজ্যের অন্যান্য এলাকা থেকে। ১৫ জুলাইয়ের পর গ্রামীণ এলাকায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ এক হাজারের বেশি হাম প্রতিরোধী টিকা প্রদান করেছে।

জরুরি অবস্থার আদেশে নিবন্ধিত নার্সদের সন্দেহভাজন হাম রোগীর পরীক্ষা নির্ধারণের অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া, ওষুধ বিক্রেতাদের দুই বছর বয়সী শিশুদের হাম, মাম্পস এবং রুবেলার টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া, টিকা নেওয়ার সব তথ্য ৭২ ঘণ্টার মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্য বা নিউইয়র্ক শহরের টিকাদান নিবন্ধন ব্যবস্থায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সম্মতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে টিকা নেওয়ার জন্য রোগী বা তার আইনগত অভিভাবকের সম্মতি এখনও প্রয়োজন।

নিউইয়র্কের পার্শ্ববর্তী অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। ২ অক্টোবর পর্যন্ত সেখানে ৯৭৭ জন আক্রান্ত এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগই নিউইয়র্ক সীমান্তবর্তী গ্রামীণ এলাকার বাসিন্দা। সোমবার পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ফলে, এটি অঙ্গরাজ্যটির তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব হয়ে উঠেছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে চলতি বছর হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ১৯৯১ সালের পর এবারই দেশটিতে সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে। দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০ আক্রান্তের খবর পাওয়া গেছে।

নিউইয়র্কে ঘোষিত জরুরি অবস্থা সোমবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ হলেন মামুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ হলেন মামুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী মামুন বিশ্বাস ৩৮ বছর বয়সে ১৫৬ জন অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

নিজের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে তিনি জেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অভিভাবকহীন মেয়েদের বিয়ে দিয়ে ১৫৬ মেয়ের ‘বাবা’ হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন মামুন বিশ্বাস। অর্থের অভাবে যেসব পরিবার মেয়ের বিয়ে দিতে পারছিল না, তাদের জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সহযোগিতা সংগ্রহ করে বিয়ের আয়োজন করেন তিনি। প্রতিটি বিয়ের আয়োজন সাধ্যমতো করে মেয়েদের নতুন জীবন শুরুর সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন।

সম্প্রতি মাত্র ছয় দিনের ব্যবধানে কামারখন্দ উপজেলার দুই অসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে তিনি আবারও আলোচনায় আসেন।

কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামের আবু তালেব ও সামিদা দম্পতির মেয়ে আতিয়া খাতুনের বিয়ের জন্য ফেসবুকের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকা সহযোগিতা সংগ্রহ করা হয়। গত ২৫ সেপ্টেম্বর সেই অর্থে আতিয়ার বিয়ের আয়োজন করা হয়।

এর মাত্র ছয় দিন পর, ১ অক্টোবর কামারখন্দের জামতৈল গ্রামের সুচিত্রা রানি দাসের বিয়ের দায়িত্ব নেন মামুন বিশ্বাস। সুচিত্রার বিয়েতে প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা ব্যয় করা হয়। আর্থিক সংকটের কারণে একাধিকবার বিয়ে ভেঙে যাওয়া সুচিত্রার জন্যও জমকালো বিয়ের আয়োজন করা হয়।

এভাবে একের পর এক অসহায় মেয়ের পাশে দাঁড়িয়ে মামুন বিশ্বাস এখন ১৫৬ মেয়ের অভিভাবক হিসেবে পরিচিত। মাত্র ৩৮ বছর বয়সে ১৫৬টি মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়ার এই উদ্যোগ স্থানীয় মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

মামুন বিশ্বাসের উদ্যোগে বিয়ে হওয়া মেয়েরা এখন নতুন সংসার শুরু করে স্বাভাবিক জীবনে ফিরছেন। বিয়ের পরও তিনি তাদের নিজের মেয়ের মতোই মনে করেন। তাই ১৫৬ জন মেয়ের বিয়ের দায়িত্ব পালন করতে গিয়ে মামুন বিশ্বাস এখন শুধু একজন স্বেচ্ছাসেবী নন, বরং ১৫৬ মেয়ের ‘বাবা’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর, যিনি ‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের সাথে অভিনয় করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন, সম্প্রতি একটি আপত্তিকর ভিডিওর কারণে আলোচনায় এসেছেন। সিনেমাটির ‘চুট্টামাল্লে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তবে, সেই গানের দৃশ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে ওই ভিডিওর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এই পরিস্থিতিতে জাহ্নবী তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় তিনি বলেন, "প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মতি ছাড়া বিকৃত বা আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই আরেকটি রূপ।"

জাহ্নবী আরও বলেন, "প্রযুক্তির অপরাধমূলক অপব্যবহার করে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা, সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া এসব যৌন নিপীড়নেরই আরেক রূপ। আমাদের ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি নারীই এরকম কোনো না কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আর সবখানেই নারীরা এমন আচরণের শিকার হচ্ছেন।"

নারীর শরীর, ব্যক্তিগত সিদ্ধান্ত ও সম্মতির গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, "একজন নারী কোনো বিষয়ে সম্মতি দিলেও পরবর্তী সময়ে তার সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রয়েছে। তার ‘না’কে যেকোনো পরিস্থিতিতে সম্মান করতে হবে।"

জাহ্নবী বলেন, "একজন নারী ছোট পোশাক পরেছেন বলেই তার শরীরের ব্যক্তিগত পরিসরে প্রবেশ বা আপত্তিকরভাবে ছবি ধারণের অনুমতি কেউ পেয়ে যান না। একজন নারী কী পরবেন, কোন বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন এসব একান্তই তার ব্যক্তিগত অধিকার।"

সাম্প্রতিক এআই-নির্মিত ভিডিওর ঘটনাকে বৃহত্তর একটি সমস্যার অংশ হিসেবে উল্লেখ করে জাহ্নবী বলেন, "ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের প্রতি হুমকি ও হয়রানি বাড়লেও বাস্তব জীবনেও নারীদের নিরাপত্তা এখনো বড় উদ্বেগের বিষয়।"

তিনি পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। জাহ্নবী বলেন, "শুধু নারীদের বা মেয়েদের নিরাপদ থাকার পরামর্শ দিলেই হবে না; একই সঙ্গে যে মানসিকতা অন্যের সীমারেখা লঙ্ঘনকে বৈধ মনে করে, সেটিও বদলাতে হবে।"

এ সময় এআই-নির্মিত ওই আপত্তিকর ভিডিওর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীকে ধন্যবাদ জানান জাহ্নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো তারকাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তার শেষদিকে নারীর প্রতি সম্মান ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন তুলে জাহ্নবী বলেন, "একজন নারী শুধু একজন মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার রাখেন। তার শরীর যখন তার নিজের, তখন তার ছবি, সীমারেখা ও সিদ্ধান্তও তার নিজের।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লটারিতে ১৮ সাব-রেজিস্ট্রারের বদলি তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


লটারিতে ১৮ সাব-রেজিস্ট্রারের বদলি তালিকা প্রকাশ

ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে, যারা দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত হয়েছেন। সারাদেশের ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে লটারির মাধ্যমে তাদের বাছাই করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাব-রেজিস্ট্রার বদলির কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, নির্বাচিতদের দক্ষতা ও কাজের চাপের ভিত্তিতে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাদের পদায়ন করা হবে।

লটারিতে নির্বাচিত ১৮ জনের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের ফটিকছড়ির সাব-রেজিস্ট্রার রিপন চাকমা, যশোর সদরের সাব-রেজিস্ট্রার আমিনা বেগম, মানিকগঞ্জের ঘিওরের সাব-রেজিস্ট্রার শর্মিলা আহমেদ সম্পা, মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার আলী আজগর, টাঙ্গাইলের গোপালপুরের সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদার, চট্টগ্রামের বাঁশবাড়িয়ার সাব-রেজিস্ট্রার শিংমং থোয়াই এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাব-রেজিস্ট্রার মনিষা রায়।

এছাড়া, কুমিল্লার দাউদকান্দির সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফ, সাতক্ষীরার শ্যামনগরের সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাব-রেজিস্ট্রার এস এম আবু মুসা, পিরোজপুরের নাজিরপুরের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মাসুম, নরসিংদীর মনোহরদীর সাব-রেজিস্ট্রার গোবিন্দ সাহা, কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার রাশেদ মল্লিক, চট্টগ্রামের সাতকানিয়ার সাব-রেজিস্ট্রার অমিত মঙ্গল চাকমা এবং চুয়াডাঙ্গা সদরের সাব-রেজিস্ট্রার অজয় কুমার সাহা লটারির মাধ্যমে ঢাকায় বদলির জন্য নির্বাচিত হয়েছেন।

অন্য দুজন হলেন, চাঁদপুরের চিতলমারীর সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, সাতক্ষীরা সদরের সাব-রেজিস্ট্রার অমাইক বাবু এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা।

আইনমন্ত্রী আরও জানান, ঢাকার জন্য নির্বাচিত ১৮ জনের মধ্যে দক্ষতা ও কাজের চাপের ভিত্তিতে বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাদের পদায়ন করা হবে। ঢাকার সব কার্যালয়ে কাজের চাপের পরিমাণ এক নয়। তাই যে কর্মকর্তা যে পরিমাণ কাজের চাপ নিতে সক্ষম, তাকে সেই অনুযায়ী দায়িত্ব দেওয়া হবে।

সাব-রেজিস্ট্রারদের প্রাইজ পোস্টিংয়ে বদলির উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে এ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

আইনমন্ত্রী উল্লেখ করেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। এই উদ্যোগ একটি শুরুর প্রক্রিয়া এবং এটি চলমান থাকবে। লটারিতে নির্বাচিতদের সাধারণভাবে সার্ভিস রুল অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্ব নিয়ে দুর্নীতিতে জড়ালে তাদের রাখা হবে না।

বর্তমানে সারাদেশে ২৩২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন এবং ১৩৯টি পদ খালি রয়েছে। আইনমন্ত্রী জানান, খালি পদগুলোতে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গত ছয় মাসে এ ধরনের অভিযোগে প্রায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিশ উৎপাদন কমায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


ইলিশ উৎপাদন কমায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উদ্যোগ

দেশে ইলিশের উৎপাদন গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে কমে আসছে। এই পরিস্থিতিতে মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জেলে, গবেষক, বিশ্ববিদ্যালয়, এনজিও এবং স্থানীয় জনগণের সমন্বয়ে একটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে একটি সমন্বয় সেল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময় মাছঘাটে সচেতনতা কার্যক্রম পরিচালনা, স্থানীয় তথ্যদাতা নেটওয়ার্ক তৈরি এবং সরকারি সহায়তা পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্রের নজরদারি জোরদার করার কাজ করবে সংশ্লিষ্টরা।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মেঘনা ভবনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ‘ব্রুড ইলিশ কনজারভেশন ইনিশিয়েটিভ’ নিয়ে অংশীজনদের পরামর্শ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি।

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

সভায় জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টন। পরবর্তী অর্থবছরে তা কমে ৫ দশমিক ২৯ লাখ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ মেট্রিক টনে নেমে এসেছে।

বিশেষজ্ঞরা জানান, অতিরিক্ত আহরণ, নিষিদ্ধ ও সূক্ষ্ম ফাঁসের জাল, মা ইলিশ ও জাটকা নিধন, তলদেশীয় ট্রলিং, নদীদূষণ, পলি জমা এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র হুমকির সম্মুখীন হচ্ছে।

তবে শুধুমাত্র নিষেধাজ্ঞা ঘোষণা করলেই ইলিশ রক্ষা সম্ভব নয় বলে মত দেন সভায় অংশগ্রহণকারী গবেষক ও মৎস্যজীবী প্রতিনিধিরা। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময় দুর্গম নদী ও অভয়াশ্রম এলাকায় অবৈধ মাছ শিকার বন্ধে নজরদারি আরও বাড়াতে হবে।

জাতীয় মৎস্যজীবী সমিতি ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের প্রতিনিধিরা জানান, পদ্মার জাজিরা, সুরেশ্বর ও চরভৈরবীসহ বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সংঘাতের ঘটনা ঘটে। কখনও কখনও অবৈধ শিকারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।

সভায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করে নিষেধাজ্ঞার সময়ে গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্রে আরও সক্রিয় নজরদারির ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি বলেন, ইলিশ রক্ষায় সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষক, জেলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্রে মা ইলিশ নির্বিঘ্নে পৌঁছাতে কোস্ট গার্ডের নজরদারি আরও শক্তিশালী করার জন্য বিশ্ববিদ্যালয় সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে।

সম্প্রতি ভারতের গুজরাট থেকে বাংলাদেশে ইলিশ প্রবেশের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের চাহিদা পূরণে নিজেদের ইলিশের মজুত রক্ষা করতে হবে।

নিষেধাজ্ঞা শুরুর আগে ৮ ও ৯ অক্টোবর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধিদের সঙ্গে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার ২২ দিনে মাছঘাটে সচেতনতামূলক প্রচারণা, স্থানীয় তথ্যদাতা নেটওয়ার্ক পরিচালনা এবং বরিশালের একটি ইলিশ ঘাটে গণজমায়েত করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, সেটিও পর্যবেক্ষণ করা হবে।

সভায় জাতীয় পর্যায়ে সেমিনার আয়োজন, মন্ত্রী পর্যায়ে ‘হিলসা থিংক ট্যাংক’ গঠন এবং ইলিশের সংখ্যা, প্রজননক্ষেত্র ও নদীদূষণ নিয়ে যৌথ গবেষণার প্রস্তাব দেওয়া হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশন সম্ভাব্য গবেষণা অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।

সভায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, সার্ক কৃষি কেন্দ্র, কৃষি গবেষণা ফাউন্ডেশন, সিএনআরএস, কোস্ট ফাউন্ডেশন, শুশীলন এবং জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%