প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাম ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে একটি দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণা সোমবার (৫ অক্টোবর) গভর্নর ক্যাথি হোকুলের পক্ষ থেকে দেওয়া হয়। ২০২৫ সালে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে এটি প্রথমবারের মতো এমন জরুরি অবস্থার ঘোষণা।
জরুরি অবস্থার পাশাপাশি হাম, মাম্পস এবং রুবেলা প্রতিরোধী টিকা দেওয়ার জন্য অনুমোদিত স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে। নিউইয়র্কে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর ৯২ জন আক্রান্ত হয়েছেন। রাজ্যের ১৮টি গ্রামীণ কাউন্টিতে টিকাদানের হার কম থাকার কারণে এসব এলাকায় আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
গভর্নরের কার্যালয় জানায়, আক্রান্তদের মধ্যে ৭ জন নিউইয়র্ক শহরের এবং ১০১ জন রাজ্যের অন্যান্য এলাকা থেকে। ১৫ জুলাইয়ের পর গ্রামীণ এলাকায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ এক হাজারের বেশি হাম প্রতিরোধী টিকা প্রদান করেছে।
জরুরি অবস্থার আদেশে নিবন্ধিত নার্সদের সন্দেহভাজন হাম রোগীর পরীক্ষা নির্ধারণের অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া, ওষুধ বিক্রেতাদের দুই বছর বয়সী শিশুদের হাম, মাম্পস এবং রুবেলার টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া, টিকা নেওয়ার সব তথ্য ৭২ ঘণ্টার মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্য বা নিউইয়র্ক শহরের টিকাদান নিবন্ধন ব্যবস্থায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সম্মতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে টিকা নেওয়ার জন্য রোগী বা তার আইনগত অভিভাবকের সম্মতি এখনও প্রয়োজন।
নিউইয়র্কের পার্শ্ববর্তী অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। ২ অক্টোবর পর্যন্ত সেখানে ৯৭৭ জন আক্রান্ত এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগই নিউইয়র্ক সীমান্তবর্তী গ্রামীণ এলাকার বাসিন্দা। সোমবার পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ফলে, এটি অঙ্গরাজ্যটির তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রে চলতি বছর হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ১৯৯১ সালের পর এবারই দেশটিতে সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে। দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০ আক্রান্তের খবর পাওয়া গেছে।
নিউইয়র্কে ঘোষিত জরুরি অবস্থা সোমবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন