ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৭৩ লাখ ছাত্রীসহ ১ কোটি শিক্ষার্থী পাবে উপবৃত্তি


৭৩ লাখ ছাত্রীসহ ১ কোটি শিক্ষার্থী পাবে উপবৃত্তি

॥ নাজিউর রহমান সোহেল ॥

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনতে যাচ্ছে সরকার। একইসঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ লাভ করবে। এ ছাড়া দেশের অনগ্রসর নতুন ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তির কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

নতুন সিদ্ধান্তের ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এই সুবিধা পাবে, যা দেশের সব ছাত্রীকে অন্তর্ভুক্ত করে। এর ফলে উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা ৯৯ লাখ ৩৪ হাজার (প্রায় এক কোটি) হয়ে যাবে। পাশাপাশি দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা গ্রহণ করতে পারবে। সরকারের সম্ভাব্য ব্যয় হিসেবে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) সম্প্রসারণের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

এ উদ্যোগের মূল লক্ষ্য হলো— দেশে নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বৃদ্ধি করা। নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বাসসকে জানান, ‘দেশের আর্থ-সামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার জাগরণের ইতিহাসে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি একটি যুগান্তকারী মাইলফলক।

এই ঐতিহাসিক কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র ছাত্রীদের যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো, তার ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের ধারাবাহিক অগ্রগতি আজও অব্যাহত রয়েছে। তাই নারী শিক্ষার প্রসারে তাঁর এই দূরদর্শী অবদান ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’

আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন

তিনি আরও বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের সেই সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।

শিক্ষা খাতের আধুনিকায়নে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু দূরদর্শী ও সফল উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে; বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করে গড়ে তোলার পদক্ষেপগুলো নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে।

গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টের অনুমোদন দেয় অর্থ বিভাগ এবং ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

আরও পড়ুন: ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

ব্যয় হবে সাড়ে ৪ হাজার কোটি টাকা।

সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, মূল মেয়াদ ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত অপরিবর্তিত রেখে স্কিমের মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে জুন ২০২৬ পর্যন্ত প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা, যা আর্থিক অগ্রগতি হিসেবে ৭৪ শতাংশ।

২০২৬-২৭ অর্থবছরে এই স্কিমের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা, এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কর্মসূচির আওতায় উপকারভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী; যার মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার জন। চতুর্থ সংশোধনীতে ২০২৬-২৭ অর্থবছরে ছাত্রী ৭৩ লাখ ২২ হাজার এবং ছাত্র ২৬ লাখ ১২ হাজার জনসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে।

আরও পড়ুন: আটঘরিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন গ্রেফতার

এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর সাদেক আহমেদ খান বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।’

উপবৃত্তি কর্মসূচি কাঠামোর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক স্তরে সকল ছাত্রীদের উপবৃত্তি চালু হয়।

পরবর্তীতে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি চালুর ধারাবাহিকতায় সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, ‘বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শতভাগ উপবৃত্তি চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর ওপর থেকে মেয়েদের পড়াশোনার ব্যয়জনিত আর্থিক চাপ লাঘব হবে। পাশাপাশি সমাজে বাল্যবিবাহ রোধ, নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং এসডিজি-৪ অর্জন আরও বেগবান ও ত্বরান্বিত হবে।’

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

অগ্রাধিকার পাবে যারা

নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি’র আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ে ছাত্রীরা বাদ পড়বেন না; তথ্যভান্ডার ও গবেষণার জন্য এ তথ্য নেওয়া হবে।

অসচ্ছল পরিবারের ছেলেদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কসে নির্বাচন বহাল থাকবে। বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবেন প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা।

শতভাগ উপবৃত্তি পাবে ২২ উপজেলায়

আরও পড়ুন: ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার মেগা প্রকল্পের প্রাক-পরিদর্শন করলেন চার মন্ত্রী

তথ্য অনুযায়ী, দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন আরও ১২টিসহ মোট ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন। উপজেলাগুলো হলো— নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা উপজেলা।

স্কিম অনুযায়ী, উপবৃত্তি ধরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক।

জিটুপি পদ্ধতিতে যাবে অর্থ

স্কিম জানিয়েছে, জন্ম নিবন্ধন, এনআইডি ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাই শেষে আইবাস++-এর মাধ্যমে জিটুপি (সরকার টু ব্যক্তি) পদ্ধতিতে সরাসরি উপকারভোগী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ যাবে। পুরনো ছাত্রীদের নতুন হিসাব লাগবে না; নতুনদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি ও নিবন্ধিত সিম দিয়ে কেওয়াইসি অথবা যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খুলে ১৮ বছর বয়সে হালনাগাদ করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বাসসকে বলেন, ‘জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি ও বই কেনার অর্থ পাঠানো হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে; সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’ তিনি জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্য জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আছে বেশকিছু চ্যালেঞ্জও

স্কিম সংশ্লিষ্টরা জানান, সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার পাশাপাশি বিনাবেতনে পড়ার সুযোগ দিতে টিউশন ফি সুবিধা চালু করছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই ক্রয়ের অর্থ প্রদানে ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। রাজধানী ঢাকাসহ সব বিভাগীয়, জেলা, উপজেলা ও মফস্বল পর্যায়ের শতভাগ ছাত্রী এবং দরিদ্র ও মেধার ভিত্তিতে বাছাইকৃত ছাত্ররা এসব সুবিধা পাবে।

তবে রাজধানী ঢাকার নামীদামী ও বিভাগীয় শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি নেওয়ার প্রবণতা থাকায় তালিকাভুক্তি ও তথ্য এন্ট্রিতে অনীহা রয়েছে, এতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এ বিষয়ে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক প্রফেসর সাইফুল আলম বাসসকে বলেন, ‘ছাত্রীদের শতভাগ উপবৃত্তি বাস্তবায়নে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে দ্রুতগতিতে তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো— যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নেয়, তারা অনেক সময় উপবৃত্তির আওতায় আসতে চায় না। এতে ওইসব প্রতিষ্ঠানে থাকা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।’ বিষয়টি কার্যকর করতে একটি বাধ্যতামূলক নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন তিনি।

অর্থ বিভাগ নির্ধারিত হার অনুযায়ী, এ কর্মসূচিতে শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা নির্ধারিত রয়েছে। এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষার ফি ও বই ক্রয় বাবদ ১ হাজার থেকে দেড় হাজার টাকা এবং শিক্ষার্থীপ্রতি বাৎসরিক ব্যয় ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা ধরা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেছেন যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে।

মন্ত্রী বলেন, পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে বদ্ধপরিকর।

আজ সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তিনি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী আহত সদস্যদের সাহস জোগান, তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন এবং ঘোষণা দেন যে, তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যেই অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদী ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু’একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।

হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন।

তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছয় জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর ও একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।

তারা হলেন— দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন বিমানবাহিনীর সিস্টেমে সাইবার হামলা, নিরাপত্তা উদ্বেগ নাকচ পেন্টাগনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


মার্কিন বিমানবাহিনীর সিস্টেমে সাইবার হামলা, নিরাপত্তা উদ্বেগ নাকচ পেন্টাগনের

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : মার্কিন বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলার খবর প্রকাশিত হওয়ার পর দেশটির সামরিক বাহিনী তাদের কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নাকচ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোয় একের পর এক সাইবার হামলার খবরের মধ্যে সর্বশেষ এ ঘটনা সামনে এলো।

মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্ম হ্যাক হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পেন্টাগন সরাসরি হ্যাকিংয়ের ঘটনা অস্বীকার করেনি।

তবে শুক্রবার রাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘প্রতিরক্ষা দপ্তরের ব্যবস্থাগুলো নিরাপদ ও সুরক্ষিত। বিশ্বের সেরা বিশেষজ্ঞ ও দলগুলো ২৪ ঘণ্টা এসব ব্যবস্থার তদারকি করছেন। আমরা আমাদের সব গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম ও অ্যাপ্লিকেশনের কার্যক্রম সচল রাখব।’

এর আগে শুক্রবার প্রতিরক্ষা দপ্তরের আরেক কর্মকর্তা বলেন, ‘নীতিগত ও কার্যক্রমের নিরাপত্তার স্বার্থে আমাদের নেটওয়ার্কের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করে না প্রতিরক্ষা দপ্তর।’

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা হয়েছে। এ হামলার ফলে সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সও এ হ্যাকিংয়ের খবর প্রকাশ করে।

মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশকারী ‘ফেডারেল নিউজ নেটওয়ার্ক’ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে হ্যাকিংয়ের খবর নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে সিস্টেমটির রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত করেন।

যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোয় সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ধরনের সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে।

গত কয়েক সপ্তাহে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও তদন্ত সংস্থা এফবিআইয়ের ব্যবস্থাও হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

এ ছাড়া জেপিমরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের মতো বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হয়েছে।

তবে অন্যান্য কিছু ঘটনায়—যেমন মাইক্রোসফট আউটলুকের বড় ধরনের সেবা-বিভ্রাট, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা এবং চলতি মাসের শুরুতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি গোপন নেটওয়ার্কে ত্রুটির খবর—কর্মকর্তারা এসব সমস্যার জন্য সাইবার হামলাকে দায়ী করেননি। বরং রক্ষণাবেক্ষণজনিত সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির কথা বলেছেন।

সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়।

গত সপ্তাহে ইউরোপীয় কমিশন জানায়, গত অক্টোবরে তাদের ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলা চালানো হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার এএফপিও সাইবার হামলার শিকার হয়। এর ফলে সংবাদ সংস্থাটির গ্রাহকসেবার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৩০ নভেম্বর কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবে।

শনিবার, বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

এছাড়া, ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়ার জন্যও ব্যবস্থা থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এলএফবির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এলএফবির

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : দেশের চামড়া শিল্পের সকল সমস্যা সমাধানে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপন করলেই যথেষ্ট হবে না। লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের (এলএফবি) সভাপতি সাদাত হোসেন সেলিম মন্তব্য করেছেন যে, এ শিল্পের টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণ, বাজার সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের প্রয়োজন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে সিইটিপি গুরুত্বপূর্ণ হলেও এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখা উচিত নয়। যদি সিইটিপি একমাত্র সমাধান হতো, তাহলে চামড়ার স্যুট ও জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নানা অনিশ্চয়তার মুখোমুখি হতে হতো না। যারা এই শিল্পকে টিকিয়ে রেখেছেন, তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির জন্য ১৩ দফা কৌশলগত প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে সাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে চামড়া শিল্পের গভীর সম্পর্ক রয়েছে। এ শিল্পের উন্নয়নে কোনো একটি নির্দিষ্ট সমস্যা বা প্রযুক্তিগত সমাধানের ওপর নির্ভর করা উচিত নয়। পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ, বাজার সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সকল খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ফাউন্ডেশনটি পরিকল্পিতভাবে কাজ করবে।

মূল প্রবন্ধে সংগঠনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ ফাত্তাহ আল মঞ্জুর আফিক বলেন, দেশে বিপুলসংখ্যক কর্মক্ষম ও পরিশ্রমী জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির কর্মীর অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) মান অর্জনে জটিলতার কারণে এ খাত আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারছে না।

তিনি জানান, এ সংকট মোকাবিলায় সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে এলএফবি ইনস্টিটিউট, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম। পাশাপাশি সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

ফাউন্ডেশনের প্রথম বছরে এক হাজার কর্মীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরিতে’ রূপান্তর এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ বাড়াতে বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।

চামড়া শিল্পের সংকট নিরসনে ফাউন্ডেশনের ১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা শক্তিশালী ‘লেদার বোর্ড’ গঠন, ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ, সাভারের সিইটিপি আধুনিকায়ন এবং নতুন দুটি সিইটিপি নির্মাণ। এছাড়া দেশে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ লেদার ও ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ কেন্দ্র ও হিমাগার নির্মাণ।

সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষ্ঠানিক পোশাকে দেশীয় চামড়া এবং চামড়াজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে।

সংগঠনের সভাপতি বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করা গেলে দেশের চামড়া শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%