প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের ওপারে দুটি বাঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সীমান্তের নিকটবর্তী অঞ্চলে বাঘ দুটির অবাধ বিচরণ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে, বাঘগুলো যেকোনো সময় নদী পার করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৫ নম্বর পিলার সংলগ্ন নাগর নদীর ওপারে বাঘ দুটিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা বাঘগুলোর ছবি ধারণ করতে সক্ষম হন।
স্থানীয়দের মতে, বাঘ দুটি প্রথমে নাগর নদীর ওপারে অবস্থান করছিল। পরে সেগুলো পাশের একটি চা-বাগানে প্রবেশ করে। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকায় বাঘের অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে, নদী পার হয়ে লোকালয়ে চলে আসার আশঙ্কায় সীমান্ত এলাকার বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্থানীয়রা আরও জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের বন্য প্রাণীর উপস্থিতি তাদের জন্য উদ্বেগের বিষয়। যদি বাঘ দুটি নদী পেরিয়ে লোকালয়ে প্রবেশ করে, তাহলে মানুষের পাশাপাশি গবাদিপশুর জন্যও ঝুঁকি সৃষ্টি হতে পারে। এ কারণে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিজিবি সদস্যরা বাঘ দুটি যাতে লোকালয়ে প্রবেশ করে মানুষের ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন