প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক বিদেশগামী দালালের প্রতারণার শিকার হয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন হারিয়েছেন। তিনি লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রতারণার কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি।
প্রতারকদের বিচার এবং হারানো অর্থের কষ্ট থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন ওই ব্যক্তি। নিরাপদে বিদেশযাত্রার প্রার্থনাও করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া বিভিন্ন সামগ্রীর মধ্যে চিঠিটি বিশেষভাবে নজর কেড়েছে।
মসজিদটির ১৫টি লোহার দানবাক্স দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকালে খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি মানুষের আবেগ, আকুতি ও প্রার্থনাসংবলিত চিঠি পাওয়া যায়। বিদেশগামীর লেখা চিঠিটি এই সবের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।
চিঠিতে লেখক আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ইউরোপে যাওয়ার পথ সহজ ও নিরাপদ করার জন্য। তিনি বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসাসেবা নিশ্চিত করার আকুতি জানিয়েছেন। পাশাপাশি, তিনি প্রার্থনা করেছেন যেন কোনো বিদেশগামী দালালদের প্রতারণার শিকার না হন।
চিঠির লেখক প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া ব্যক্তিদের উপযুক্ত বিচার এবং তাদের হেদায়েত কামনা করেছেন। তিনি চান, তার মতো আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়।
নিজের ব্যক্তিগত কষ্টের কথাও চিঠিতে উল্লেখ করেছেন ওই বিদেশগামী। প্রতারণায় হারানো অর্থের শোক ও মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য ধৈর্য, মানসিক প্রশান্তি এবং হালাল রিজিকের জন্য দোয়া চেয়েছেন তিনি। চিঠির শেষে তিনি নিজেকে ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে পরিচয় দিয়েছেন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন অসংখ্য মানুষ নামাজ আদায়, দান ও মানত করতে আসেন। বিশেষ করে শুক্রবার মসজিদটিতে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে।
মসজিদের দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি অনেকেই নিজেদের মনের আশা, আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট ও ব্যক্তিগত অনুভূতির কথা লিখে চিঠি জমা দেন। এসব চিঠিতে মানুষের স্বপ্ন, হতাশা, অসহায়ত্ব ও জীবনের নানা না বলা গল্প উঠে আসে। দালালের প্রতারণার শিকার এই বিদেশগামীর চিঠিও তার ব্যতিক্রম নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন