ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীরগতি


লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীরগতি

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : লাইটারেজ জাহাজের সংকটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দুই মাসের ব্যবধানে আবারও লাইটার জাহাজের তীব্র সংকটের কারণে পণ্য খালাসের কাজ চলছে ধীরগতিতে।

বর্তমানে বন্দরের বহির্নোঙরে ৮৫টি মাদার ভেসেল জাহাজ ভাসমান রয়েছে। প্রতিটি জাহাজে ন্যুনতম ৫টি করে ধরলেও ৪২৫টি লাইটার জাহাজের প্রয়োজন। কিন্তু চাহিদার বিপরীতে একটি মাদার ভেসেলের জন্য মাত্র একটি লাইটার জাহাজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৪৮টি জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে, আর বাকি ৩৭টি জাহাজ খালাসের জন্য অপেক্ষা করছে।

বন্দরের জেটিতে বিভিন্ন খাদ্যশস্য, সার এবং শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজ ভিড়তে পারছে না। ৫০ হাজার টনের একটি জাহাজ থেকে পণ্য খালাস করতে দৈনিক ৫ থেকে ৮টি লাইটার জাহাজ প্রয়োজন হয়। তবে সংকটের কারণে গত এক সপ্তাহ ধরে মাদার ভেসেলগুলো পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় জাহাজ পাচ্ছে না। এসব জাহাজে রয়েছে কনটেইনারভর্তি পণ্য, খাদ্যশস্য, স্ক্র্যাপ, সার, চিনি, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার এবং রমজান মাসের বিভিন্ন পণ্য।

আরও পড়ুন: কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বরাদ্দকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল জানায়, রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের জাহাজ বেশি আসছে, তবে বিভিন্ন নদীবন্দরে পণ্য নিয়ে অনেক লাইটার জাহাজ অপেক্ষমাণ রয়েছে। আবার ডব্লিউটিসিসির সিরিয়ালের বাইরে চলা এবং ঢাকার জাহাজ মালিকদের পৃথক কমিটি গঠনের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে তাদের দাবি।

বন্দর সূত্রে জানা যায়, গত আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তীব্র লাইটার জাহাজ সংকট দেখা দিয়েছিল। এতে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে জলপথে পণ্য পরিবহনে সমস্যা সৃষ্টি হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সংকট কাটলেও ঠিক দুই মাস পর বর্তমানে আবারও একই সংকট দেখা দিয়েছে।

লাইটার জাহাজ মালিকরা জানান, চট্টগ্রামে নৌপথে প্রায় ৯০০টি লাইটার জাহাজ রয়েছে। এগুলো বিভিন্ন শিল্প গ্রুপ বা কোম্পানির মালিকানাধীন এবং তাদের নিজস্ব পণ্য বা কাঁচামাল পরিবহনে ব্যবহৃত হয়। তবে ১,০৫৬টি লাইটার জাহাজ রয়েছে, যা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) তালিকাভুক্ত। এই জাহাজগুলোকে বিডব্লিউটিসিসির দেওয়া সিরিয়াল মেনে চলতে হয়। কিন্তু বর্তমানে এর অর্ধেক লাইটার জাহাজ সিরিয়াল না মেনে বেশি ট্রিপের (ভাড়া) আশায় চট্টগ্রামের বাইরে অন্যান্য রুটে চলাচল করছে এবং কয়লা ও সিমেন্টের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন পণ্য পরিবহন করছে।

এই কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সংকট বারবার দেখা দিচ্ছে।

আরও পড়ুন: অ্যানথ্রপিকের শেয়ারবাজারে উত্থানেও কাটেনি এআই-উদ্বেগ, প্রযুক্তি শেয়ারে বড় ধস

লাইটার জাহাজ কোম্পানি শেখ এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, সিরিয়াল প্রথা মেনে চললে একটি লাইটার জাহাজ মাসে এক থেকে দুটির বেশি ট্রিপ পায় না। তবে সিরিয়ালের বাইরে চললে কম ভাড়া নিয়ে পাঁচ থেকে ছয়টি ট্রিপ পাওয়া যায়। এতে লাভও বেশি। অর্ধেকের বেশি লাইটার জাহাজ মালিক এই কাজ করছেন। তাই সংকট দেখা দিচ্ছে। যেখানে বিডব্লিউটিসিসি প্রতিদিন সিরিয়াল দেওয়ার কথা, সেখানে এখন প্রতি তিন দিনে একবার সিরিয়াল দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছিল। এখন আবার সংকট তৈরি হয়েছে। আমদানিকারকদের ডেমারেজ গুনতে হচ্ছে। আর এই খরচের বোঝা সাধারণ মানুষকেও বহন করতে হচ্ছে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, এই সমস্যা সমাধানে নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিডব্লিউটিসিসি লাইটার জাহাজ পরিচালনা করে এবং তারা সিরিয়াল প্রথা অনুসরণ করে এসব জাহাজ পরিচালনা করে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভোয়া), কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (কোয়াব) এবং ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংয়ের (আইভোয়াক) সমন্বয়ে বিডব্লিউটিসিসি গঠিত।

আরও পড়ুন: মোংলা বন্দরে ৪০০ কোটি টাকার পণ্য রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে

বিসিভোয়ার সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু বলেন, রমজানকে কেন্দ্র করে পণ্যবাহী অনেক বড় জাহাজ একসঙ্গে চলে এসেছে, ফলে চাপ তৈরি হয়েছে। আবার লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা আমদানিকারকদের মধ্যে অনেক আগে থেকেই রয়েছে, যার কারণে লাইটার জাহাজের সংকট সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, কিছু জাহাজ এখন সিরিয়াল না মেনে কয়লা পরিবহনে ব্যবহৃত হচ্ছে। আমরা এখন বের করার চেষ্টা করছি, কারা কারা জাহাজগুলো বাইরে আটকে রেখেছে।

বেলায়েত হোসেন আরও বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমরা এই সমস্যার সমাধান করব। পাশাপাশি আমরা এক মাসের মধ্যে সিরিয়ালের বিষয়টিও ঠিক করব।’

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্য আমদানিকারক মো. মহিউদ্দিন বলেন, চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ও দাউদকান্দি এলাকায় ওজন স্কেল বসানোর কারণে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করা যায় না। তাই এখন জলপথই ভরসা।

আরও পড়ুন: গুচি দাম কমাচ্ছে, লুই ভুইতো একই পথে হাঁটছে না

তিনি বলেন, দিনে দিনে আমদানি বাড়ছে। তাই লাইটার জাহাজ সংকট দ্রুত সমাধান করতে হবে।

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, সমন্বয়হীনতার অভাবে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এই জায়গায় সমাধান আনতে হলে সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং লাইটার জাহাজ মালিকদের সমন্বয় সাধন করে কাজ করতে হবে। অন্যথায় জাহাজের অপেক্ষমাণ সময় বাড়বে এবং বহির্বিশ্বে দেশের তথা বন্দরের সুনাম নষ্ট হবে।

তিনি বলেন, আমদানিকারককে প্রতিদিন জাহাজের আকারভেদে ১৫ থেকে ২০ হাজার ডলার ডেমারেজ গুনতে হচ্ছে, যার প্রভাব ভোক্তাদের ওপর পড়বে।

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বছরে প্রায় ৬ কোটি টন পণ্য খালাস হয়। ১৮০০ লাইটার জাহাজ এসব পণ্য চট্টগ্রামের ১৬টি ঘাটসহ দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যায়।

আরও পড়ুন: রাষ্ট্রপতির আহ্বান, অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে দক্ষ জনশক্তি নিয়োগের সুযোগ

সমুদ্রপথে পণ্য পরিবহন নীতিমালার আওতায় ডব্লিউটিসিসির মাধ্যমে এসব জাহাজ পরিচালিত হলেও সম্প্রতি জাহাজ মালিকদের একটি অংশ নিজেদের আলাদা কমিটি গঠন করেছে।

অপরদিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে পৃথক তদারকি কমিটি হওয়ায় বিরোধ বেড়েছে।

ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত এই অচলাবস্থার নিরসন না হলে আমদানীকৃত নিত্যপণ্য ও শিল্পের কাঁচামালের সরবরাহ চেইন ভেঙে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে আসন্ন রমজানের পণ্যসহ দেশের বাজারে।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি, সবচেয়ে বেশি ঝুঁকিতে দরিদ্র ও উন্নয়নশীল দেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বিএনপি’র সংবর্ধনা পেলেন প্রবীণ রাজনীতিবিদ মোক্তল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


কুমিল্লায় বিএনপি’র সংবর্ধনা পেলেন প্রবীণ রাজনীতিবিদ মোক্তল হোসেন

কুমিল্লা, ২২ নভেম্বর ২০২৬ : কুমিল্লা জেলা বিএনপি প্রবীণ নেতা মোক্তল হোসেন সর্দারকে (৮০) সংবর্ধনা প্রদান করে তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, যিনি প্রবীণ এই নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

রাজনীতির দীর্ঘ যাত্রায় মোক্তল হোসেন সর্দার কখনো গ্রাম পঞ্চায়েতের প্রধান, কখনো গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে তিনি দলের দুঃসময়ে সংগঠনের পাশে থেকেছেন। তিনি উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বয়সের কারণে তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি এখন বাকরুদ্ধ। তবুও দলের নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত ও ত্যাগী অভিভাবক হিসেবে পরিচিত।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, ভিপি ওয়াসিমের নির্দেশনায় দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মোক্তল হোসেন সর্দারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোক্তল হোসেন সর্দার পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। তিনি স্থানীয়ভাবে ১২ সমাজের সর্দার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয়দের কাছে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও পরিচিত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে মোক্তল হোসেন সর্দার দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শ সদর উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়েও তাঁর রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভূমিকার কারণে স্থানীয় নেতা-কর্মীদের কাছে তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি।

জীবনের শেষ প্রান্তে এসে মোক্তল হোসেন সর্দার কঠিন সময় পার করছেন। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগের কারণে তাঁর বাকশক্তি অনেকটা কমে গেছে। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক। এ সময় সদর উপজেলা বিএনপির বৃক্ষ রোপণ বিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল নির্বাচিত

নেত্রকোণা, ২২ নভেম্বর ২০২৬ : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’-এর নতুন সভাপতি হিসেবে নেত্রকোণার প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সংগঠক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।

গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার আনুষ্ঠানিকভাবে শীর্ষ দুই পদের নাম প্রকাশ করেন। এ সময় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বর্তমানে জাতীয় দৈনিক আমার দেশ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ১৯৮৬ সালে সাংবাদিকতায় হাতেখড়ি হওয়া এই গুণী সংবাদকর্মী চার দশকের পেশাগত জীবনে দৈনিক ইনকিলাব (১৯৮৬-২০০৩), দ্য ডেইলি স্টার (১৯৯০-১৯৯৮), বাংলাদেশ বেতার (২০০১-২০০৮) এবং দৈনিক যুগান্তরে (২০১১-২০১৯) নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নিজের পেশাগত উৎকর্ষ সাধনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতার নানাবিধ বিষয়ে ২১টি এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের তত্ত্বাবধানে সমাজসেবামূলক আটটি প্রশিক্ষণ সম্পন্ন করেন। সৃজনশীল ও মননশীল লেখালেখিতেও তার পদচারণা উল্লেখযোগ্য। তার রচিত বই ও সমসাময়িক প্রবন্ধের মোট সংখ্যা ২১১টি।

নেত্রকোণা শহরের মোক্তারপাড় মসজিদ কোয়ার্টার এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালের ১ জানুয়ারি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের জন্ম। তার পিতা মরহুম সামছুল কিবরিয়া চৌধুরী ছিলেন একজন ভাষা সৈনিক। মাতার নাম মরহুমা হালিমুন্নেছা চৌধুরী। তাদের পৈতৃক নিবাস নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের সানকিউরা গ্রামের ‘মিয়াবাড়ি’।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, "বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে একটি ফেডারেল কাঠামোর অধীনে নিয়ে এসে সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।" তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন, "গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।"

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি সংগঠনটির প্রতিষ্ঠার শুরু থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা-ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের এক ছাতার নিচে এনে ফেডারেল কাঠামোয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ছয় জেলার ঐক্যের প্রতীক হিসেবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ এবং জেলাগুলোর নামের আদ্যক্ষর নিয়ে গঠিত ‘টানে কিশে মজা’ স্লোগানটিকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধের কক্ষপথে প্রবেশ করল জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


বুধের কক্ষপথে প্রবেশ করল জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দীর্ঘ আট বছরের মহাকাশ যাত্রার পর, অবশেষে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান ও ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) রোববার এই তথ্য প্রকাশ করেছে।

সংবাদ সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, ইএসএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় জানায়, মহাকাশযানটির থ্রাস্টার, যা দিক ও গতি নিয়ন্ত্রণ করে, টানা ৩০ মিনিটের বেশি সময় চালু থাকার পর এটি সফলভাবে বুধের কক্ষপথে প্রবেশ করেছে। বর্তমানে মহাকাশযানটি ইতোমধ্যে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজ শুরু করেছে বলেও জানায় সংস্থাটি।

২০১৮ সালে যাত্রা শুরু করা চার টন ওজনের এই মহাকাশযানটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে পৌঁছাতে ১০ বিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। এই দীর্ঘ যাত্রায় এটি সৌরজগতের আরও নয়টি গ্রহের কাছ দিয়েও অতিক্রম করেছে।

চলতি বছরের শুরুর দিকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশনটির প্রধান সান্তা মার্টিনেজ বলেছিলেন, "এই অভিযান বুধের এমন সব দৃশ্য ও তথ্য মানবজাতির সামনে তুলে ধরবে, যা আগে কখনো দেখা যায়নি।" একই সঙ্গে এটি সৌরজগৎ সম্পর্কে মানুষের জ্ঞান ও ধারণার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে।

মিশন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ডিসেম্বর মহাকাশযানটির ইউরোপীয় ও জাপানি অংশ দুটি আলাদা হয়ে নিজ নিজ কক্ষপথে অবস্থান নেবে।

ইউরোপীয় অংশটি বুধের পৃষ্ঠতল বা উপরিভাগ পর্যবেক্ষণ করবে। এ সময় এটি গ্রহটির পৃষ্ঠ থেকে মাত্র ৪৮০ কিলোমিটার ওপর দিয়ে প্রদক্ষিণ করবে।

অন্যদিকে, জাপানি অংশটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এই কক্ষপথে মহাকাশযানটি বুধ থেকে সর্বোচ্চ ১১ হাজার কিলোমিটার দূরে চলে যাবে। এর মূল লক্ষ্য বুধের চৌম্বকক্ষেত্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা।

বুধ সৌরজগতের এমন একটি গ্রহ, যেখানে তাপমাত্রার ব্যাপক তারতম্য দেখা যায়। গ্রহটির তাপমাত্রা কখনো মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, আবার কখনো বেড়ে ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এ ছাড়া সূর্য থেকে আসা তীব্র বিকিরণের আঘাতও নিয়মিত সহ্য করতে হয় গ্রহটিকে।

এর আগে ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ‘মেরিনার-১০’ মহাকাশযান প্রথমবারের মতো বুধ গ্রহের পাশ দিয়ে উড়ে যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াউত্রা নদী হতে রাতের আধারে বালি উত্তোলনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


ঘোড়াউত্রা নদী হতে রাতের আধারে বালি উত্তোলনের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলী উপজেলা একটি হাওর অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এই উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে, যার মধ্যে ৩টি ইউনিয়নে সারা বছর পানি থাকে।

স্থানীয় কিছু প্রভাবশালী মহল অভিযোগ উঠেছে যে, ছাতিচরের ঘোড়াউত্রা নদী এবং শিংপুর ইউনিয়নের শিংপুর নদী থেকে একই কায়দায় রাতের বেলায় ড্রেজার মেশিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করা হচ্ছে। এই চক্রটি উত্তোলিত বালু ব্যবহার করে দীর্ঘদিন ধরে পাইব লাইনের মাধ্যমে ছাতিরচরের পূর্ব পাড়া ও উত্তর পাড়া এলাকায় ৩ ফসলি জমি ভড়াট করছে বলে স্থানীয়দের অভিযোগ।

এতে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং কৃষি জমি ও স্থানীয় কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় গ্রাম আদালত খন্ডিতভাবে জরিমানা করলেও পরবর্তীতে এই চক্রটি প্রশাসনকে কোনো তোয়াক্কা করছে না। বিশেষ করে স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ না নেওয়ার কারণে তারা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসীরা।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, "আইনগতভাবে ব্যবস্থা নিবেন" বলে তিনি উল্লেখ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%