প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা, ২২ নভেম্বর ২০২৬ : কুমিল্লা জেলা বিএনপি প্রবীণ নেতা মোক্তল হোসেন সর্দারকে (৮০) সংবর্ধনা প্রদান করে তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, যিনি প্রবীণ এই নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
রাজনীতির দীর্ঘ যাত্রায় মোক্তল হোসেন সর্দার কখনো গ্রাম পঞ্চায়েতের প্রধান, কখনো গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে তিনি দলের দুঃসময়ে সংগঠনের পাশে থেকেছেন। তিনি উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বয়সের কারণে তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি এখন বাকরুদ্ধ। তবুও দলের নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত ও ত্যাগী অভিভাবক হিসেবে পরিচিত।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, ভিপি ওয়াসিমের নির্দেশনায় দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মোক্তল হোসেন সর্দারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোক্তল হোসেন সর্দার পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। তিনি স্থানীয়ভাবে ১২ সমাজের সর্দার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয়দের কাছে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও পরিচিত।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে মোক্তল হোসেন সর্দার দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শ সদর উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়েও তাঁর রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভূমিকার কারণে স্থানীয় নেতা-কর্মীদের কাছে তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি।
জীবনের শেষ প্রান্তে এসে মোক্তল হোসেন সর্দার কঠিন সময় পার করছেন। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগের কারণে তাঁর বাকশক্তি অনেকটা কমে গেছে। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক। এ সময় সদর উপজেলা বিএনপির বৃক্ষ রোপণ বিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন