প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : লাইটারেজ জাহাজের সংকটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দুই মাসের ব্যবধানে আবারও লাইটার জাহাজের তীব্র সংকটের কারণে পণ্য খালাসের কাজ চলছে ধীরগতিতে।
বর্তমানে বন্দরের বহির্নোঙরে ৮৫টি মাদার ভেসেল জাহাজ ভাসমান রয়েছে। প্রতিটি জাহাজে ন্যুনতম ৫টি করে ধরলেও ৪২৫টি লাইটার জাহাজের প্রয়োজন। কিন্তু চাহিদার বিপরীতে একটি মাদার ভেসেলের জন্য মাত্র একটি লাইটার জাহাজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৪৮টি জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে, আর বাকি ৩৭টি জাহাজ খালাসের জন্য অপেক্ষা করছে।
বন্দরের জেটিতে বিভিন্ন খাদ্যশস্য, সার এবং শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজ ভিড়তে পারছে না। ৫০ হাজার টনের একটি জাহাজ থেকে পণ্য খালাস করতে দৈনিক ৫ থেকে ৮টি লাইটার জাহাজ প্রয়োজন হয়। তবে সংকটের কারণে গত এক সপ্তাহ ধরে মাদার ভেসেলগুলো পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় জাহাজ পাচ্ছে না। এসব জাহাজে রয়েছে কনটেইনারভর্তি পণ্য, খাদ্যশস্য, স্ক্র্যাপ, সার, চিনি, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার এবং রমজান মাসের বিভিন্ন পণ্য।
বরাদ্দকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল জানায়, রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের জাহাজ বেশি আসছে, তবে বিভিন্ন নদীবন্দরে পণ্য নিয়ে অনেক লাইটার জাহাজ অপেক্ষমাণ রয়েছে। আবার ডব্লিউটিসিসির সিরিয়ালের বাইরে চলা এবং ঢাকার জাহাজ মালিকদের পৃথক কমিটি গঠনের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে তাদের দাবি।
বন্দর সূত্রে জানা যায়, গত আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তীব্র লাইটার জাহাজ সংকট দেখা দিয়েছিল। এতে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে জলপথে পণ্য পরিবহনে সমস্যা সৃষ্টি হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সংকট কাটলেও ঠিক দুই মাস পর বর্তমানে আবারও একই সংকট দেখা দিয়েছে।
লাইটার জাহাজ মালিকরা জানান, চট্টগ্রামে নৌপথে প্রায় ৯০০টি লাইটার জাহাজ রয়েছে। এগুলো বিভিন্ন শিল্প গ্রুপ বা কোম্পানির মালিকানাধীন এবং তাদের নিজস্ব পণ্য বা কাঁচামাল পরিবহনে ব্যবহৃত হয়। তবে ১,০৫৬টি লাইটার জাহাজ রয়েছে, যা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) তালিকাভুক্ত। এই জাহাজগুলোকে বিডব্লিউটিসিসির দেওয়া সিরিয়াল মেনে চলতে হয়। কিন্তু বর্তমানে এর অর্ধেক লাইটার জাহাজ সিরিয়াল না মেনে বেশি ট্রিপের (ভাড়া) আশায় চট্টগ্রামের বাইরে অন্যান্য রুটে চলাচল করছে এবং কয়লা ও সিমেন্টের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন পণ্য পরিবহন করছে।
এই কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সংকট বারবার দেখা দিচ্ছে।
লাইটার জাহাজ কোম্পানি শেখ এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, সিরিয়াল প্রথা মেনে চললে একটি লাইটার জাহাজ মাসে এক থেকে দুটির বেশি ট্রিপ পায় না। তবে সিরিয়ালের বাইরে চললে কম ভাড়া নিয়ে পাঁচ থেকে ছয়টি ট্রিপ পাওয়া যায়। এতে লাভও বেশি। অর্ধেকের বেশি লাইটার জাহাজ মালিক এই কাজ করছেন। তাই সংকট দেখা দিচ্ছে। যেখানে বিডব্লিউটিসিসি প্রতিদিন সিরিয়াল দেওয়ার কথা, সেখানে এখন প্রতি তিন দিনে একবার সিরিয়াল দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কয়েক মাস আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছিল। এখন আবার সংকট তৈরি হয়েছে। আমদানিকারকদের ডেমারেজ গুনতে হচ্ছে। আর এই খরচের বোঝা সাধারণ মানুষকেও বহন করতে হচ্ছে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, এই সমস্যা সমাধানে নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বিডব্লিউটিসিসি লাইটার জাহাজ পরিচালনা করে এবং তারা সিরিয়াল প্রথা অনুসরণ করে এসব জাহাজ পরিচালনা করে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভোয়া), কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (কোয়াব) এবং ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংয়ের (আইভোয়াক) সমন্বয়ে বিডব্লিউটিসিসি গঠিত।
বিসিভোয়ার সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু বলেন, রমজানকে কেন্দ্র করে পণ্যবাহী অনেক বড় জাহাজ একসঙ্গে চলে এসেছে, ফলে চাপ তৈরি হয়েছে। আবার লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা আমদানিকারকদের মধ্যে অনেক আগে থেকেই রয়েছে, যার কারণে লাইটার জাহাজের সংকট সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, কিছু জাহাজ এখন সিরিয়াল না মেনে কয়লা পরিবহনে ব্যবহৃত হচ্ছে। আমরা এখন বের করার চেষ্টা করছি, কারা কারা জাহাজগুলো বাইরে আটকে রেখেছে।
বেলায়েত হোসেন আরও বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমরা এই সমস্যার সমাধান করব। পাশাপাশি আমরা এক মাসের মধ্যে সিরিয়ালের বিষয়টিও ঠিক করব।’
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্য আমদানিকারক মো. মহিউদ্দিন বলেন, চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ও দাউদকান্দি এলাকায় ওজন স্কেল বসানোর কারণে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করা যায় না। তাই এখন জলপথই ভরসা।
তিনি বলেন, দিনে দিনে আমদানি বাড়ছে। তাই লাইটার জাহাজ সংকট দ্রুত সমাধান করতে হবে।
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, সমন্বয়হীনতার অভাবে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এই জায়গায় সমাধান আনতে হলে সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং লাইটার জাহাজ মালিকদের সমন্বয় সাধন করে কাজ করতে হবে। অন্যথায় জাহাজের অপেক্ষমাণ সময় বাড়বে এবং বহির্বিশ্বে দেশের তথা বন্দরের সুনাম নষ্ট হবে।
তিনি বলেন, আমদানিকারককে প্রতিদিন জাহাজের আকারভেদে ১৫ থেকে ২০ হাজার ডলার ডেমারেজ গুনতে হচ্ছে, যার প্রভাব ভোক্তাদের ওপর পড়বে।
চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বছরে প্রায় ৬ কোটি টন পণ্য খালাস হয়। ১৮০০ লাইটার জাহাজ এসব পণ্য চট্টগ্রামের ১৬টি ঘাটসহ দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যায়।
সমুদ্রপথে পণ্য পরিবহন নীতিমালার আওতায় ডব্লিউটিসিসির মাধ্যমে এসব জাহাজ পরিচালিত হলেও সম্প্রতি জাহাজ মালিকদের একটি অংশ নিজেদের আলাদা কমিটি গঠন করেছে।
অপরদিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে পৃথক তদারকি কমিটি হওয়ায় বিরোধ বেড়েছে।
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত এই অচলাবস্থার নিরসন না হলে আমদানীকৃত নিত্যপণ্য ও শিল্পের কাঁচামালের সরবরাহ চেইন ভেঙে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে আসন্ন রমজানের পণ্যসহ দেশের বাজারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন