ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ


আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : গাজীপুরের শালনায় পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় আহত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা এবং ছয় জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের পরিকল্পিত ও আকস্মিক হামলায় আহত হন।

আজ আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

বাহিনীর মহাপরিচালক আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, গাজীপুর জেলায় শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে।

গত ২৫ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের ওপর আকস্মিক হামলার ঘটনার পরপরই আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে নেওয়া হয়।

মহাপরিচালকের তাৎক্ষণিক নির্দেশনার ভিত্তিতে অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়টি তদারকি করেন।

আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন

হামলায় আহত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত সদস্যদের মধ্যে আছেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের আকাশসীমা থেকে গুলির মুখে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ইরানের আকাশসীমা থেকে গুলির মুখে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি ছুড়ে সতর্ক করে পিছু হটতে বাধ্য করা হয়েছে, এমন তথ্য দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছে চলে আসে যখন তারা সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা দেয়ার এবং আকাশ থেকে নিরাপত্তা দেওয়ার মিশনে ছিল। এ ঘটনা ঘটে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হেনগাম দ্বীপের কাছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত কৌশলগত চাল চালিয়ে এফ-১৬ বিমানটি গতিপথ পরিবর্তন করে এবং ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।

আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। যদি এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকে, তবে অপরাধী এবং তাদের সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বিবৃতিতে মার্কিন সামরিক কমান্ডারদেরও সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’।

আইআরজিসি আরও জানায়, যদি মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় আবারও অনুপ্রবেশ বা লঙ্ঘন করে, তবে তার জবাবে সিদ্ধান্তমূলক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হবে। এতে বিমানগুলোর পরিণতি যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে, যেগুলোকে আগে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল স্বাভাবিক, কমেছে বন্ধ কারখানার সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল স্বাভাবিক, কমেছে বন্ধ কারখানার সংখ্যা

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রেক্ষিতে চলমান আন্দোলন, বিক্ষোভ এবং শ্রমিক অসন্তোষের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (২৮ নভেম্বর) সকালে সপ্তাহের প্রথম কর্মদিবসে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। পাশাপাশি, বিভিন্ন কারণে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমে এসেছে।

শিল্পাঞ্চল-১ পুলিশের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারাসহ অন্যান্য কারণে মোট ৪৫টি কারখানা বন্ধ ছিল। আজ শনিবার সেই সংখ্যা কমে ১৫টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি, সাধারণ ছুটিতে দুটি এবং অন্যান্য কারণে একটি কারখানা বন্ধ রয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি এবং আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইলসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কর্মস্থলে যেতে দেখা গেছে। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অধিকাংশ কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। কর্মস্থলে ফেরা শ্রমিকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

শ্রমিকদের বক্তব্য, আগের কয়েক দিনের তুলনায় শিল্পাঞ্চলের পরিবেশ অনেকটাই শান্ত। নির্বিঘ্নে কাজ করতে পারায় তারা স্বস্তি প্রকাশ করছেন। তবে তারা কর্মপরিবেশ স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও বিভিন্ন শিল্প এলাকায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আশা প্রকাশ করেন, শিল্পাঞ্চলের এই শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কর্মপরিবেশ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার পরিস্থিতি কাটিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে শিল্পের স্থিতিশীলতা ধরে রাখতে শ্রমিকদের ন্যায্য দাবি, বেতন-ভাতা পরিশোধ এবং মালিক-শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং দুজন ময়মনসিংহ বিভাগের। চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫৩০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অনুযায়ী ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এখানে নতুন করে ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে দুজন ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর ঢাকা মহানগরে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মহানগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৬৮ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশারি ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অপরিহার্য। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানোর ওপর গুরুত্ব দেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ওসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, শুক্রবার (২৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে পৃথকভাবে হুমকি দেওয়া হয়েছে।

হুমকিদাতাদের মধ্যে রয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা বলেছেন, "আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনও সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।"

একই দিন অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরে কল করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেছেন, "বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা-কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতা-কর্মীদের নামে কি কোনো মামলা আছে?"

তবে কখন এবং কোন স্থান থেকে লাইভ ভিডিও ও ফোনালাপের রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেছেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ ও ছাত্রলীগ নেতার মুঠোফোন কল রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেছেন, পলাতক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাঁপ করছেন। স্থানীয় কিছু নেতার ছত্রচ্ছায়ায় থেকে তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%