সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:০৫ এম
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের সহযোগীতায় ৩ হাজার দুঃস্থ রোগী ফ্রী মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করেছেন।
সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম কাওন্নারা গ্রামের সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের ক্যাম্পাসে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিন ব্যাপি চলবে এই মেডিকেল ক্যাম্প।
মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের পরিচালক ব্রিঃ জেনাঃ ডাঃ জুলফিকার আহমেদ আমিন (অবঃ) জানান, মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডক্স, গাইনি এন্ড অবস্, চক্ষু, ডেন্টাল, নাক, কান ও গলা, শিশু ও নবজাতক, চর্ম ও যৌনরোগের প্রায় অর্ধ শতাধিক ডাক্তার উপস্থিত রয়েছেন। ডাক্তাররা দিনব্যাপী প্রায় ৩ হাজার দুঃস্থ রোগীদের ফ্রি চিকিৎসা পত্র প্রদান করেছেন। পরে বিনামূল্যে ঔষধ ও ৪-৫ টি পরীক্ষা সেবাও প্রদান করা হচ্ছে। এখানে যেসব জটিল রোগী পাওয়া যাবে, তাদের মুন্নু মেডিকেল কলেজ হাসপতালেও চিকিৎসা সেবা দেওয়া হবে।
ডাঃ জুলফিকার আহমেদ আমিন আরও বলেন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাবেক মন্ত্রী এবং সাটুরিয়া-মানিকগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুণর রশিদ খান মুন্নুর নামে পরিচালিত হচ্ছে। এই ফাউন্ডেশন মানিকগঞ্জে বিভিন্ন খাতে সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে এই শীতে তৃণমূলে দুঃস্থ নারী ও পুরুষ, শিশুরা রয়েছেন, যারা মানিকগঞ্জ শহরে এসে সেবা নিতে পারেন না। তাদেরকে কেন্দ্র করে গ্রাম পর্যায়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে সাটুরিয়া, দরগ্রাম ও মানিকগঞ্জ সদরের একাধিক স্থানে এই সেবা সম্পন্ন হয়েছে। এ সেবা আমাদের অব্যাহত থাকবে।
মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের পরিচালক ব্রিঃ জেনাঃ ডাঃ জুলফিকার আহমেদ আমিন (অবঃ) আরও জানান, মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালটি গিলন্ড নামক স্থানে অবস্থিত। এখানে বিভিন্ন রোগীদের উন্নত মানের সেবা প্রদান করা হচ্ছে। দুঃস্থ ও দরিদ্র রোগীদের অনেক সময় বিনামূল্যে সেবা দেওয়া হয়ে থাকে। তাছাড়া রয়েছে বিশেষ ছাড়। জুলাই ২০২৪ আন্দোলনের সময় যখন সরকারী হাসপাতালে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল না, তখন মুন্নু গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান আফরোজা খানম রিতা নির্দেশে বিনামূল্যে জুলাই আহতদের সেবা প্রদান করা হয়। শহীদ পরিবারের পাশেও আর্থিক সহযোগিতা করেছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার(২০ ডিসেম্বর) সকালে শহরের বটতলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র ঘোষিত শোক দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জলের সঞ্চালনায় সহ সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আরমান কবীর সৈকত, মোস্তফা কামাল নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, কোষাধ্যক্ষ মীর রুহুল আমীন রনি, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল পিন্টু এবং কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, নাহার চাকলাদার, আলমগীর হোসেনসহ সদস্য রুহুল আমীন ও সুলতান কবীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। এরপর তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্সকার্লবার্ট রোডে ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিশেষ এয়ার এম্বুলেন্সের মাধ্যমে সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯ টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। শনিবার(২০ ডিসেম্বর) শহীদ হাদির সম্মানে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘ বছর অপেক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেলস্টেশনটি উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন ট্রেনে চড়ে ফিতা কেটে এবং সবুজ পতাকা নাড়িয়ে রেলস্টেশনটির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে সোনালিয়া ও করটিয়া সহ আশপাশের বিভিন্ন এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এক যুগেরও বেশি সময় আগে স্টেশনটি নির্মাণ করা হয়েছিল। তবে নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হয়নি। এখন এই রেলস্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ এর সুবিধা ভোগ করতে পারবে। এ ছাড়া টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষও এই সুবিধার আওতায় আসবে।
বাসিন্দাদের বক্তব্য, স্টেশনটি চালু না হওয়ার কারণে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছিল। এখন স্টেশনটি চালুর ফলে তিন উপজেলার কয়েক লাখ মানুষ রেল সুবিধা পাবে।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, স্টেশনটি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামে ২০১০ সালের দিকে নির্মিত হয়। এটি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার সীমান্তবর্তী। নাম জটিলতা ও অন্যান্য কারণে স্টেশনটি দীর্ঘদিন চালু হয়নি। অবশেষে আজ স্টেশনটি চালু হয়েছে। করটিয়া একটি বাণিজ্যিক এলাকা, যেখানে সকল আন্তঃনগর ট্রেন থামানোর পাশাপাশি আশেপাশের সড়ক উন্নয়নের দাবি জানানো হচ্ছে।
রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, প্রথমে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে, হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তারে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও প্রদান করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) জানাজার আগমুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই আল্টিমেটাম দেন।
জাবের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সকল সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। তিনি দাবি করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাতে হবে।
এরপর হাদির বড় ভাই বক্তব্য রাখেন এবং তিনিই হাদির জানাজার নামাজে ইমামতি করেন। এদিন সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার মরদেহ পৌঁছায়।
এদিকে, জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত হন।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সতর্ক করে বলেছেন, "যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান।" তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রতিষ্ঠিত গণতন্ত্র শহীদ জিয়ার হাতে এসেছে এবং বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রকে লালন করেছেন। এখন সেই গণতন্ত্র নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "দেশের যারা ভালো চায় না, দেশকে ভালোবাসেনা তারা দেখতে মানুষের মতো কিন্তু মানুষরূপী শয়তান।" তিনি উল্লেখ করেন, এরা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা দেশের শান্তি চায় না। কিছুদিন চুপ থাকার পর আবার তাদের নখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে। মির্জা আব্বাস বলেন, "গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না।" তিনি প্রশ্ন করেন, "প্রথম আলো-ডেইলি স্টারসহ কয়েকটি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো, এরা কারা? এরা জাতির শত্রু। এদেরকে থামাতে হবে।"
বিএনপির এই নীতিনির্ধারক আরও বলেন, "আমরা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে একাধিকবার বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।" তবে তিনি অভিযোগ করেন, "আমাদের সহযোগিতার চেষ্টা না করে বরং দেশ বিরোধীদের সঙ্গে চলছেন।" তিনি উল্লেখ করেন, "যখন অগ্নি সন্ত্রাস চলছে, মব চলছে তখন কোথায় আইনশৃঙ্খলা বাহিনী! উল্টো বিএনপিকে দোষারোপ করার অপচেষ্টা হচ্ছে।" তিনি বলেন, "বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার সুযোগে অনেকে গণতন্ত্রের নামে মব সৃষ্টি করে জনজীবন দূর্বিষহ করে তুলছে। সরকারকে অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
মির্জা আব্বাস বলেন, "বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। আমরা হত্যা, মব ও গুমের রাজনীতি করি না।" তবে তিনি সতর্ক করেন যে, "এটা মানে এই নয় যে, আমরা হাত গুটিয়ে বসে থাকব।" তিনি বলেন, "২০২৪-এর অধিকার মানুষ রক্ত দিয়ে আদায় করেছে।" তিনি জানান, "সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।" তিনি বলেন, "দেশের সর্বত্র আজ অসহায়ত্বের ধ্বনি শুনা যাচ্ছে।" শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র এনেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ