সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:০৬ এম
দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার(২০ ডিসেম্বর) সকালে শহরের বটতলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র ঘোষিত শোক দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জলের সঞ্চালনায় সহ সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আরমান কবীর সৈকত, মোস্তফা কামাল নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, কোষাধ্যক্ষ মীর রুহুল আমীন রনি, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল পিন্টু এবং কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, নাহার চাকলাদার, আলমগীর হোসেনসহ সদস্য রুহুল আমীন ও সুলতান কবীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। এরপর তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্সকার্লবার্ট রোডে ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিশেষ এয়ার এম্বুলেন্সের মাধ্যমে সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯ টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। শনিবার(২০ ডিসেম্বর) শহীদ হাদির সম্মানে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘ বছর অপেক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেলস্টেশনটি উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন ট্রেনে চড়ে ফিতা কেটে এবং সবুজ পতাকা নাড়িয়ে রেলস্টেশনটির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, করটিয়ার জমিদার সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে সোনালিয়া ও করটিয়া সহ আশপাশের বিভিন্ন এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এক যুগেরও বেশি সময় আগে স্টেশনটি নির্মাণ করা হয়েছিল। তবে নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হয়নি। এখন এই রেলস্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ এর সুবিধা ভোগ করতে পারবে। এ ছাড়া টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষও এই সুবিধার আওতায় আসবে।
বাসিন্দাদের বক্তব্য, স্টেশনটি চালু না হওয়ার কারণে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছিল। এখন স্টেশনটি চালুর ফলে তিন উপজেলার কয়েক লাখ মানুষ রেল সুবিধা পাবে।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, স্টেশনটি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামে ২০১০ সালের দিকে নির্মিত হয়। এটি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার সীমান্তবর্তী। নাম জটিলতা ও অন্যান্য কারণে স্টেশনটি দীর্ঘদিন চালু হয়নি। অবশেষে আজ স্টেশনটি চালু হয়েছে। করটিয়া একটি বাণিজ্যিক এলাকা, যেখানে সকল আন্তঃনগর ট্রেন থামানোর পাশাপাশি আশেপাশের সড়ক উন্নয়নের দাবি জানানো হচ্ছে।
রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, প্রথমে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে, হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তারে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও প্রদান করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) জানাজার আগমুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই আল্টিমেটাম দেন।
জাবের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সকল সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। তিনি দাবি করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাতে হবে।
এরপর হাদির বড় ভাই বক্তব্য রাখেন এবং তিনিই হাদির জানাজার নামাজে ইমামতি করেন। এদিন সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার মরদেহ পৌঁছায়।
এদিকে, জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত হন।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সতর্ক করে বলেছেন, "যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান।" তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রতিষ্ঠিত গণতন্ত্র শহীদ জিয়ার হাতে এসেছে এবং বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রকে লালন করেছেন। এখন সেই গণতন্ত্র নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "দেশের যারা ভালো চায় না, দেশকে ভালোবাসেনা তারা দেখতে মানুষের মতো কিন্তু মানুষরূপী শয়তান।" তিনি উল্লেখ করেন, এরা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা দেশের শান্তি চায় না। কিছুদিন চুপ থাকার পর আবার তাদের নখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে। মির্জা আব্বাস বলেন, "গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না।" তিনি প্রশ্ন করেন, "প্রথম আলো-ডেইলি স্টারসহ কয়েকটি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো, এরা কারা? এরা জাতির শত্রু। এদেরকে থামাতে হবে।"
বিএনপির এই নীতিনির্ধারক আরও বলেন, "আমরা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে একাধিকবার বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।" তবে তিনি অভিযোগ করেন, "আমাদের সহযোগিতার চেষ্টা না করে বরং দেশ বিরোধীদের সঙ্গে চলছেন।" তিনি উল্লেখ করেন, "যখন অগ্নি সন্ত্রাস চলছে, মব চলছে তখন কোথায় আইনশৃঙ্খলা বাহিনী! উল্টো বিএনপিকে দোষারোপ করার অপচেষ্টা হচ্ছে।" তিনি বলেন, "বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার সুযোগে অনেকে গণতন্ত্রের নামে মব সৃষ্টি করে জনজীবন দূর্বিষহ করে তুলছে। সরকারকে অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
মির্জা আব্বাস বলেন, "বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। আমরা হত্যা, মব ও গুমের রাজনীতি করি না।" তবে তিনি সতর্ক করেন যে, "এটা মানে এই নয় যে, আমরা হাত গুটিয়ে বসে থাকব।" তিনি বলেন, "২০২৪-এর অধিকার মানুষ রক্ত দিয়ে আদায় করেছে।" তিনি জানান, "সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।" তিনি বলেন, "দেশের সর্বত্র আজ অসহায়ত্বের ধ্বনি শুনা যাচ্ছে।" শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র এনেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শহীদ শরিফ ওসমান হাদির জানাজা একটি শোকের পাশাপাশি অঙ্গীকারের মহাসমাবেশে পরিণত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে উল্লেখ করেন, হাদিকে বিদায় জানাতে মানুষ এখানে জড়ো হয়নি, বরং তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে সবাই একত্রিত হয়েছে। তিনি বলেন, "বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন হাদি সব বাংলাদেশির বুকের ভেতরেই থাকবে।"
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মানুষের ঢেউয়ে পরিণত হয়।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, হাদির বিদায় নয়, বরং তাঁর কাছে ওয়াদা করতেই এই সমবেত হওয়া। তিনি বলেন, "মানুষ আজ এখানে এসেছে এই অঙ্গীকার করতে যে, হাদি যে কথা বলে গেছেন, যে স্বপ্ন দেখিয়েছেন, তা যেন বাস্তবায়িত হয়।" এই দায়িত্ব বর্তমান প্রজন্মের একার নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের মানুষকে বহন করতে হবে।
জানাজায় উপস্থিত মানুষের ঢল তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, "পথে পথে ঢেউয়ের মতো মানুষ আসছে।" সারা বাংলাদেশজুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের দিকে তাকিয়ে আছে। দেশের বাইরেও থাকা বাংলাদেশিরা হাদির কথা জানতে চায়। এই দৃশ্য প্রমাণ করে, হাদি কোনো একটি গোষ্ঠীর নয়, বরং তিনি হয়ে উঠেছেন মানুষের কণ্ঠস্বর।
হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে সহজ সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, এসব গুণের কারণেই সবাই আজ তাঁকে স্মরণ করছে। তিনি বলেন, "এই গুণগুলো যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে এবং আমরা যেন সেগুলো অনুসরণ করতে পারি।"
বক্তব্যে বারবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রথম পংক্তি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, "হাদি এমন এক মন্ত্র কানে দিয়ে গেছেন, যা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না।" ‘বল বীর, উন্নত মম শির’ এই মন্ত্র চিরদিন জাতির সঙ্গে যুক্ত থাকবে। বাংলাদেশের সন্তানরা জন্মলগ্ন থেকে জীবনভর এই মন্ত্র নিজের মধ্যে ধারণ করবে, মাথা কখনো নত করবে না।
প্রধান উপদেষ্টা বলেন, "এই মন্ত্র শুধু কথায় নয়, কাজেও প্রমাণ করা হবে।" দুনিয়ার সামনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, কারও কাছে মাথানত করবে না। হাদি যে সাহসের ভাষা শিখিয়ে গেছেন, সেই পথেই এগোবে জাতি।
নির্বাচন ও রাজনীতির ক্ষেত্রেও হাদির রেখে যাওয়া শিক্ষার কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, "হাদি নির্বাচন করতে চেয়েছিলেন এবং সেই পথে কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে হয়, কীভাবে বিনীত আচরণ করতে হয়, সেই শিক্ষা দিয়ে গেছেন।" এই শিক্ষা রাজনৈতিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
জানাজায় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, "এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।" খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীসহ পুরো চক্রকে বিচারের আওতায় আনতে হবে। বিচার নিশ্চিত না হলে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জানাজায় প্রধান উপদেষ্টার পাশে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজার আগে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের আশপাশের মাঠ ও সড়কজুড়ে ছিল মানুষের ঢল।
শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হলে রবিবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ দেশে আনা হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে রাখা হয় মরদেহ। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে ওসমান হাদি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের ডাক দিয়েছিলেন। সেই ডাকই এখন তাঁর অনুপস্থিতিতে অঙ্গীকারে রূপ নিচ্ছে মানুষের কণ্ঠে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ