সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২৫ পি.এম
ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৪ জনে পৌঁছেছে। এই ঘটনায় প্রায় ৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার সন্ধ্যায় রাজধানী জাকার্তার নিকটবর্তী বানতেন প্রদেশের চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া নামের কারখানাটির একটি ভবনে আগুন লেগেছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।
প্রেসিডেন্টের শ্রমবিষয়ক উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের জানান, এই ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানাটিতে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাকেও তলব করা হবে।
কারখানাটির মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড। প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন। দেশটির ভোগ্যপণ্যের বাজারে প্রতিষ্ঠানটি অন্যতম বড় সরবরাহকারী। তাদের মধ্যে মিলকিটা মিষ্টান্ন ও লেমনিলো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস অন্যতম জনপ্রিয় পণ্য।
কারখানাটির প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়া জানান, শনিবারের পালায় কারখানা কমপ্লেক্সে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।
বানতেনের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলতে থাকায় এবং অবকাঠামো দুর্বল হয়ে পড়ায় উদ্ধারকর্মীদের জন্য কাজ করতে ঝুঁকি রয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকর্মীরা ২৪টি মরদেহের ব্যাগ উদ্ধার করেছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত কর্তৃপক্ষ এখনও চূড়ান্তভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতায় নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরাইলে ঐক্য সরকার গঠনের বিষয়টি নিয়ে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা অর্জিত হয়নি। রবিবার (২২ নভেম্বর) হার্জলিয়ার একটি হোটেলে চার ঘণ্টার একটি ম্যারাথন বৈঠক শেষে উভয় দল জানায়, তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে এবং ভবিষ্যতে আবার বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে পরবর্তী বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি। সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে আলোচনায় লিকুদের প্রতিনিধিত্ব করেন নেসেটে দলের নেতা অফির কাটজ এবং নেতানিয়াহুর দীর্ঘদিনের আইনজীবী মাইকেল রাবেলো।
অন্যদিকে, ইয়াশারের পক্ষে আলোচনায় অংশ নেন দলটির আইনপ্রণেতা চিলি ট্রপার, তার সাবেক চিফ অব স্টাফ গাই গুটম্যান এবং নেতানিয়াহুর সাবেক চিফ অব স্টাফ ইয়োভ হোরোভিৎস।
এদিকে, লিকুদকে অন্তর্ভুক্ত করে আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নেয়া নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টির কোনো প্রতিনিধি রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন না। যদিও গত সপ্তাহের ইয়াশার-লিকুদ বৈঠকে দলটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন।
হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবারের আলোচনায় ঐক্য সরকার গঠিত হলে কে প্রধানমন্ত্রী হবেন কিংবা নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কোনো ব্যবস্থা থাকবে কি না, সে বিষয়ে আলোচনা হয়নি।
তবে লিকুদের নেতৃত্বাধীন বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা, অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনা তদন্তে একটি কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
১৮৬ ক্যারেটের একটি হীরার হার, যার আনুমানিক মূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। একটি এত মূল্যবান গয়না গলায় ধারণ করে অনুষ্ঠানে উপস্থিত হলে নিরাপত্তার প্রয়োজনীয়তা স্বাভাবিক। তাই মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের এই গয়না রক্ষায় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা। তবে শুধু দামি গয়নাই নয়, এবারের উপস্থিতিতে লোপেজ নিজের জীবন, সন্তানদের দূরে চলে যাওয়া এবং নতুন করে পথচলার বিষয়গুলোও তুলে ধরেছেন।
গত বৃহস্পতিবার রাতে কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জেনিফার লোপেজ। সেদিন তিনি ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার বিশেষ নকশার পোশাকে নজর কাড়েন। শ্যান্টিলি লেসের গাউনের সঙ্গে সাটিনের শাল-কোট ছিল তাঁর সাজে। তবে পুরো সাজের কেন্দ্রবিন্দু ছিল ১৮৬ ক্যারেটের চোখধাঁধানো হীরার হার।
‘সিসিলিয়া’ নামের এই হারটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাঝখানে বসানো ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির হীরা। গয়নাটির আনুমানিক মূল্য ১৪৫ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এত মূল্যবান অলংকারের নিরাপত্তায় আয়োজকেরা কোনো ছাড় দিতে চাননি। প্রিমিয়ারের লালগালিচায় মার্ক ম্যালকিনের সঙ্গে আলাপকালে লোপেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হারটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং উপস্থিত নিরাপত্তাকর্মীদের নজর মূলত গয়নাটির দিকেই।
যেভাবে পছন্দের তালিকায় হার
এই বিশেষ গয়না ও পোশাকের সঙ্গে লোপেজের পরিচয় প্রিমিয়ারের দিনেই হয়নি। গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার ‘আলতা মোদা’ ফ্যাশন শোতে পারফর্ম করতে গিয়ে প্রথম তিনি গাউন, কোট ও হীরার হারটি দেখেন। দেখেই তাঁর ভালো লেগে যায়।
এ প্রসঙ্গে লোপেজ বলেন, ‘সেখানে গিয়ে হারটি দেখলাম, কোটটিও দেখলাম। দুটিই আমার ভীষণ ভালো লেগেছিল। আমি তাদের বলেছিলাম, এগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। পরে তারা জানায়, প্রিমিয়ারের জন্য এগুলো আমার কাছে পাঠাবে। কোটটি আমাকে উপহার দিয়েছে, আর হারটি শুধু এই রাতের জন্য পাঠিয়েছে।’
এত দামি গয়না নিজের কাছে রেখে দেওয়ার ইচ্ছা তাঁর নেই। বরং হারটির সৌন্দর্য ও মূল্য নিয়ে কথা বলতে গিয়ে রসিকতাও করেছেন এই তারকা। লোপেজের ভাষায়, এটি অসাধারণ সুন্দর একটি গয়না। শেষ পর্যন্ত যাঁর সংগ্রহে যাবে, তিনি ভাগ্যবান। এমন অলংকার প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়ার মতো।
নতুন গল্পের অপেক্ষা লোপেজ
জেনিফার লোপেজের নতুন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’ কেবল তাঁর জনপ্রিয় গানের পরিবেশনা নয়। লাস ভেগাসের মঞ্চে ধারণ করা এই আয়োজনে সংগীতের পাশাপাশি উঠে এসেছে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অধ্যায়। ব্রঙ্কসে শৈশব থেকে শুরু করে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার দীর্ঘ পথচলার গল্পও রয়েছে এতে।
লোপেজের কাছে এই আয়োজন নিছক একটি কনসার্ট নয়, বরং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক। বর্তমানে তিনি নতুন অ্যালবামের কাজ করছেন। একই সঙ্গে উপভোগ করছেন জীবনের নতুন সময়। এই শোকে তিনি নিজের এত দিনের পথচলার একটি পর্বের সমাপ্তি হিসেবে দেখছেন।
লোপেজ বলেন, ‘আমার মনে হয়, এই শো আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি জীবনের একটি বিশেষ সময়কে চিহ্নিত করছে। এত দিন যা করেছি, তার সবকিছুর শেষে যেন একটি দাঁড়ি, এমনকি বিস্ময়চিহ্ন বসিয়ে দিচ্ছে। এবার আমরা নতুন গল্প বলতে পারব।’
তবে নতুন অধ্যায়ের শুরুটা শুধু পেশাগত জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও। চারবার বিয়ের পর প্রতিটি সম্পর্কেরই পরিসমাপ্তি ঘটেছে বিচ্ছেদে। দীর্ঘদিনের প্রেম ও সম্পর্কের অভিজ্ঞতা পেরিয়ে এখন একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লোপেজ স্পষ্ট জানিয়েছেন, নতুন কোনো সম্পর্কে জড়ানোর জন্য তাড়াহুড়ো নেই তাঁর। নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট এই তারকা। তিনি বলেছেন, ‘আমার এখন প্রেম করার প্রয়োজন নেই। আমি ভালো আছি, সুখে আছি। এই ভালো থাকাটা নষ্ট করতে চাই না।’
ভালোবাসা সম্পর্কে নিজের পুরোনো ধারণা নিয়েও এখন নতুন করে ভাবছেন লোপেজ। তাঁর মতে, জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করেছে। গত দুই দশকে নিজেকে জানার পাশাপাশি সম্পর্কের নানা দিকও উপলব্ধি করেছেন তিনি। ছোটবেলায় ভালোবাসা সম্পর্কে যে ধারণা ছিল, সময়ের সঙ্গে তা বদলে গেছে। এখন তিনি বুঝতে পারছেন, একসময় যেগুলোকে ভালোবাসা ভেবেছিলেন, সেগুলোর সবই আসলে ভালোবাসা ছিল না।
সন্তানদের শূন্যতায় মন খারাপ অভিনেত্রীর। ক্যারিয়ার ও সম্পর্কের বাইরে মা হিসেবেও জীবনের নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন লোপেজ। সাবেক স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে তাঁর যমজ সন্তান এমে ও ম্যাক্স। দুজনই এখন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে যাওয়ায় সন্তানদের অনুপস্থিতি বেশ ভালোভাবেই অনুভব করছেন এই গায়িকা।
সন্তানদের ঘর এখনো আগের মতোই সাজিয়ে রেখেছেন তিনি। বাড়িতে ফিরে সেই ঘরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় সন্তানদের কথা মনে পড়ে। কখনো ঘরে ঢুকে বসেও থাকেন। লোপেজের কথায়, ‘বাড়িতে ঢুকলেই ওদের অনুপস্থিতি টের পাই। ঘরগুলো আগের মতোই রেখেছি। দরজা বন্ধ করি না। পাশ দিয়ে যাওয়ার সময় ওদের জিনিসপত্র দেখি। কখনো কখনো ঘরে ঢুকেও বসি।’
সন্তানদের কথা মনে করে প্রায়ই আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানিয়েছেন তিনি। লোপেজ বলেন, ‘ওরা আমার সত্তারই অংশ। আমার যমজ সন্তান দুজনই আমার সবকিছু। সবচেয়ে কঠিন বিষয় হলো, দুজন একই সময়ে বাড়ি ছেড়ে গেছে।’
তবে সন্তানদের সঙ্গে দূরত্ব বাড়লেও যোগাযোগে ভাটা পড়েনি। নিয়মিত ফোন ও ভিডিও কলে কথা হয় তাঁদের। লোপেজের মতে, বাড়ির বাইরে গিয়ে সন্তানরাও জীবনের নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এই দূরত্ব তাদের মা-সন্তানের সম্পর্কের গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করছে।
নতুন অ্যালবামের প্রস্তুতি, কনসার্ট চলচ্চিত্র এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তন- সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন জেনিফার লোপেজ। ‘দ্য জে-লো শো’ যেন তাঁর কাছে পেছনে ফিরে তাকানোর পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ারও উপলক্ষ।
‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর বর্ধিত সংস্করণ দেখা যাবে শুধু প্যারামাউন্ট প্লাসে।
ভ্যারাইটি অবলম্বনে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের উত্তর কৈলাগ গ্রামের ৫৫ বছর বয়সী করিমা বেগমকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও পাওয়া গেছে। গত রবিবার, ২২ নভেম্বর সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে উত্তর কৈলাগ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত করিমা বেগম ওই গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী ছিলেন।
নিহতের স্বামীর ছোট ভাই বাছির উদ্দিন জানান, সকালে নামাজের জন্য অজু করতে ঘরের বাইরে যান করিমা বেগম। এই সুযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে। অজু শেষে ঘরে ফিরে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকার একদল চোর তার গলা টিপে হত্যা করে। পরে ঘর থেকে নগদ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার আগে নিহতের স্বামী নিজাম উদ্দিন ভোরে হাওরে চলে যান। সম্প্রতি তিনি প্রতিবেশীদের কাছে ধানের খড় বিক্রি করেছিলেন। ঘটনার সময় কয়েকজন প্রতিবেশী খড় নিতে আসছিলেন।
এদিকে প্রতিবেশী কামাল মিয়া একজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। তবে পেছন দিক থেকে দেখায় তিনি ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। নিহত করিমা বেগমের দুই ছেলে কাউছার মিয়া ও শরিফ মিয়া সৌদি আরবপ্রবাসী। তাঁর এক মেয়ে শোহেনা আক্তার। খবর পেয়ে ১১ নম্বর কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পুলিশকে বিষয়টি জানান। পরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহসহ পুলিশের একটি দল এবং বাজিতপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। গত রবিবার থেকে আজ সোমবার পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার যোগদান:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. চন্দ্র শেখর দত্ত। গত রবিবার কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে তিনি যোগদান করেন। যোগদানের পর ডা. চন্দ্র শেখরকে ফুল দিয়ে বরণ করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান। এসময় অন্যান্য উপজেলা স্বাস্থ্য ও প: প : কর্মকর্তারও উপস্থিত ছিলেন।
তিনি ৩৩ তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা চন্দ্র শেখর দত্ত মেডিকেল অফিসার হিসেবে ৬ষ্ঠ গ্রেড প্রশাসনিক পদে পদোন্নতি লাভ করেন। বাজিতপুরে যোগদান করার আগে তিনি বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ভৈরব রেলওয়ে কলোনীর কৃতি সন্তান হিসেবে পরিচিত ডা. চন্দ্র শেখর দত্ত তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের একটি পরিচিত নাম ছিল শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত। তিনি কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় আধিপত্য বিস্তার, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় ছিলেন। তার ছদ্মবেশে চলাফেরা, বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার এবং কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ ঘিরে নানা রহস্য তৈরি হয়েছিল।
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর, দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর প্রায় দুই বছর বাইরে থাকার পর আবারও গ্রেফতার হন এই আলোচিত ব্যক্তি। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। তবে গোয়েন্দাদের ধারণা, তার পরিকল্পনা ছিল ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাওয়ার। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।
ডিবি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পুলিশ পেয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।
যেভাবে উত্থান অপরাধজগতে
সুইডেন আসলামের পরিবারের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় অবস্থিত। তার বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তিন ছেলে ও চার মেয়ের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়। তিনি তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়, থেকে এসএসসি পাস করেন।
১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার, ইন্দিরা রোড ও ফার্মগেট এলাকায় তার প্রভাব বিস্তার ঘটে। সে সময় এসব এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত একাধিক সন্ত্রাসী গ্রুপ।
১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন আসলাম। ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অপরাধজগতে তার নাম ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা-পাল্টা হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত।
একপর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম ক্যাডার পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই হত্যাকাণ্ডে পিচ্চি হান্নান জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
এরপর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব বিস্তৃত হয়। এসব এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় পিচ্চি হান্নান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তবে তার পেছনে আসলামের প্রভাব ও নির্দেশনা কাজ করত বলে অভিযোগ রয়েছে।
যেভাবে নামের আগে ‘সুইডেন’
আসলামের নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর বসবাস করেন। সেখান থেকে দেশে ফেরার পর অপরাধজগতে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
পরবর্তী সময়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে কীভাবে এবং কোন সময়ে তার নামের আগে এই পরিচিতি স্থায়ী হয়, তা নিয়ে জানা যায়নি।
গালিব হত্যা ও গ্রেফতার
যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেফতার হন সুইডেন আসলাম। ওই বছরের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজের বাসার সামনে খুন হন গালিব। এ ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেন।
দীর্ঘদিন নজরদারি ও অভিযান চালানোর পর আসলামকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেফতারের সময় তার বয়স ছিল প্রায় ৩৫ বছর।
বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত অভিযোগেও মামলা ছিল। অস্ত্র আইনের মামলায় তার ১৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল বলে জানা যায়।
গ্রেফতারের পর দীর্ঘ সময় কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে কারাগারে বসেই বিভিন্ন এলাকায় প্রভাব ধরে রাখতেন তিনি— এমন তথ্য বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়তমালিক, গার্মেন্টস ব্যবসায়ী এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে তার নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। আদায় করা অর্থের একটি অংশ কারাগারে তার কাছে পৌঁছাত বলে বিভিন্ন সূত্রের দাবি।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছিল। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয় বলে জানা যায়।
২৭ বছর পর মুক্তি, ফের গ্রেফতার
দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। ওই দিন রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তখন তার বয়স ছিল ৬২ বছর।
কারামুক্তির পরও তাকে ঘিরে অপরাধজগতের নানা আলোচনা চলতে থাকে। কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধের ঘটনায় তার নাম উঠে আসার কথাও গণমাধ্যমে প্রকাশিত হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের পর অপরাধজগতের বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় আসে। তবে এসব ঘটনায় তার সম্পৃক্ততা অভিযোগের পর্যায়ে রয়েছে।
এবার দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হলো। ডিবি কর্মকর্তাদের দাবি, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রায় এক মাস ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্টও ব্লক করে রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ