মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২১ পি.এম
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাত্রা আরও বেড়ে গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রাশিয়ার হামলার পরদিন, ইউক্রেন আবারও হামলা চালিয়েছে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযুক্ত কের্চ সেতুতে। এই হামলার ফলে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কিয়েভের বিভিন্ন স্থানে রুশ হামলায় বিদ্যুৎ অবকাঠামো, পানি ও তাপ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ মঙ্গলবার জানান, ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে হামলা করেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে, সোমবার, ইউক্রেনের একটি ড্রোন সেতুটির একটি খিলানে আঘাত হানে। সেতুটি ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়া ক্রিমিয়া উপদ্বীপের স্থল যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সামরিক দিক থেকে সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। কিয়েভ এর আগেও অন্তত দুবার সেতুটির ধ্বংসের চেষ্টা করেছে।
সোমবার রাতে রুশ বাহিনী কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা চালায়। ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পানি ও গরম পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।
সোমবার মধ্যরাতের কিছু আগে, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এসব তথ্য জানান। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। হামলার পর শহরে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, যা মার্কিন বিনিয়োগের বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। এই তথ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রকাশ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরকালে সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছেন।
মাহদী আমিন আরও বলেন, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগের পরিমাণ বাড়বে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলে বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ হলে সকল বাধা অতিক্রম করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য প্রকাশিত হয়।
বিজিবির বিবৃতিতে জানানো হয়েছে, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে সর্বোচ্চ ২০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এই এলাকাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত।
গাজীপুর জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থানে ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাত প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ এবং শিমরাইল এলাকায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
মাঠ পর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস থেকে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বজায় রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা।
শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা করে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলার সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন বিটিও ট্যাংকার ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহায়তায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহতরা জানিয়েছেন, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে থাকা দুই লোকোমাস্টারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। হামলাকারীরা তাদের কাছে থাকা দামি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে। এ ঘটনার পর আইনগত বিষয়টি দেখছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া সোমবার (১৬ নভেম্বর) রাতে স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
গাজীপুর জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি তপন খান, সহ-সভাপতি নাজিম সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।
একই দিনে গাজীপুর মহানগর যুবদলের ১০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান রাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, সহ-সভাপতি নাজমুল খন্দকার সুমন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।
মহানগর যুবদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মহানগর যুবদলের সকল সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি উভয় কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উভয় কমিটির নেতৃবৃন্দকে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ