মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২১ পি.এম
বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, যা মার্কিন বিনিয়োগের বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। এই তথ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রকাশ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরকালে সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছেন।
মাহদী আমিন আরও বলেন, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগের পরিমাণ বাড়বে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলে বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ হলে সকল বাধা অতিক্রম করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য প্রকাশিত হয়।
বিজিবির বিবৃতিতে জানানো হয়েছে, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে সর্বোচ্চ ২০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এই এলাকাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত।
গাজীপুর জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থানে ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাত প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ এবং শিমরাইল এলাকায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
মাঠ পর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস থেকে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বজায় রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা।
শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা করে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলার সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন বিটিও ট্যাংকার ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহায়তায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহতরা জানিয়েছেন, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে থাকা দুই লোকোমাস্টারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। হামলাকারীরা তাদের কাছে থাকা দামি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে। এ ঘটনার পর আইনগত বিষয়টি দেখছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া সোমবার (১৬ নভেম্বর) রাতে স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
গাজীপুর জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি তপন খান, সহ-সভাপতি নাজিম সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।
একই দিনে গাজীপুর মহানগর যুবদলের ১০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান রাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, সহ-সভাপতি নাজমুল খন্দকার সুমন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।
মহানগর যুবদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মহানগর যুবদলের সকল সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি উভয় কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উভয় কমিটির নেতৃবৃন্দকে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে আশ্রয়প্রার্থীদের বিনিময়ে চালু হওয়া ‘একজনের বদলে একজন’ (ওয়ান ইন, ওয়ান আউট) কর্মসূচির শেষ দফার বহিষ্কার কার্যক্রম নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবারের শেষ ফ্লাইটে যাদের ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে, তাদের মধ্যে অনেকেই পূর্বে একবার বহিষ্কৃত হয়ে আবার যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। তারা জানিয়েছেন, ফ্রান্সে মানবপাচারকারীদের হুমকি ও নির্যাতনের শিকার হওয়ার পর তারা দ্বিতীয়বার যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা কয়েক শ আশ্রয়প্রার্থীকে ইতোমধ্যে জোরপূর্বক ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। বিনিময়ে উত্তর ফ্রান্স থেকে প্রায় সমসংখ্যক আশ্রয়প্রার্থীকে যুক্তরাজ্যে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
তবে ফ্রান্সে ফেরত পাঠানো অনেকেই আবার যুক্তরাজ্যে ফিরে এসেছেন। তাদের অভিযোগ, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য দেওয়া অর্থ এখনও বাকি রয়েছে বলে মানবপাচারকারীরা তাদের ও তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। আশ্রয়প্রার্থীদের কয়েকজন জানিয়েছেন, পাচারকারীদের হাতে তারা মারধর, শারীরিক নির্যাতন এমনকি ধর্ষণের শিকার হয়েছেন। কেউ কেউ বলেছেন, রাস্তায় ঘুমানোর সময় পাচারকারীরা তাদের ধরে নিয়ে জোরপূর্বক কাজ করিয়েছে। ফ্রান্সের কালে শহরের একটি অভিবাসী শিবিরে তাদের দিয়ে পাচারকারীদের তাঁবু পরিষ্কার, পানি ও জ্বালানি কাঠ বহনের মতো কাজ করানো হতো। এসব পরিস্থিতিকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করেছেন তারা।
এই কর্মসূচির আওতায় আটক ব্যক্তিদের সহায়তা দেওয়া দাতব্য সংস্থা মেডিকেল জাস্টিস এটিকে ‘বিপর্যয়’ বলে অভিহিত করেছে। মঙ্গলবারের ফ্লাইটে ফ্রান্সে ফেরত পাঠানোর তালিকায় থাকা ইরানের এক আশ্রয়প্রার্থী জানান, চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তাকে ফ্রান্সে ফেরত পাঠিয়েছিল। সেখানে মানবপাচারকারীদের হাতে আটক হওয়ার পর তিনি আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। ইরানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী হওয়ায় দেশে ফেরত পাঠানো হলে মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।
ওই ব্যক্তি বলেন, ‘পাচারকারীরা ফ্রান্সে আমাকে ধরে ফেলেছিল। এ কারণে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ফিরে আসি। ফ্রান্সে আমার আশ্রয়ের আবেদন গ্রহণ করা হয়নি। তাই প্যারিসের রাস্তায় ঘুমাতে বাধ্য হয়েছিলাম।’ তিনি আরও জানান, মঙ্গলবার যাদের ফ্রান্সে পাঠানোর টিকিট দেওয়া হয়েছে, তাদের অনেকেই তার মতো দ্বিতীয়বার যুক্তরাজ্যে এসেছেন। তার অভিযোগ, দ্বিতীয়বার যুক্তরাজ্যে ফিরে আসা ব্যক্তিদের আবার ফ্রান্সে পাঠিয়ে শাস্তি দেওয়া হচ্ছে।
আশ্রয়প্রার্থীদের জন্য পর্যাপ্ত আইনজীবী নিয়োগের কথা স্বরাষ্ট্র দপ্তর জানালেও বাস্তবে আইনি সহায়তা পেতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে তার বন্ধুরা একজন আইনজীবী নিয়োগ করলেও নির্ধারিত সময়ের মধ্যে বহিষ্কারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন ওই আশ্রয়প্রার্থী।
তিনি বলেন, ‘আমার মানসিক অবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার ফ্রান্সে ফেরত গেলে পাচারকারীরা আমাকে ধরে মেরে ফেলতে পারে বলে ভয় হচ্ছে।’ এর আগে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানোর সময় নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়েও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, কয়েকজন নিরাপত্তাকর্মী তাকে ঘিরে ধরেছিলেন, যেন তিনি কোনো অপরাধী। অথচ আশ্রয় চাওয়ার জন্য যুক্তরাজ্যে আসা ছাড়া তিনি কোনো অপরাধ করেননি।
এবার ফ্রান্সে ফিরে গেলে কোথায় থাকবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওই ব্যক্তি। তার কথায়, আগেরবার ফ্রান্সে রাস্তায় ঘুমানোর সময় আবহাওয়া তুলনামূলক উষ্ণ ছিল। কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডায় বাইরে রাত কাটানো কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে করা ‘একজনের বদলে একজন’ চুক্তির আওতায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে ফেরত পাঠানোর বিনিময়ে ফ্রান্স থেকে সমসংখ্যক ব্যক্তিকে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া হতো। মঙ্গলবার এই কর্মসূচির শেষ দফার ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ